ঘরে তোলার আগেই ফসলের মাঠে বৃষ্টির আঘাত, দিশেহারা কৃষক

প্রতিবেদন:

·

, , , ,

চৌগাছা (যশোর) প্রতিনিধি
হালকা শীতের আমেজের মধ্যে হঠাৎ অকাল বৃষ্টি। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে। আকাশের এই বৃষ্টিতে একদিকে যেমন শীতের আগমনী বার্তা, অন্যদিকে তেমনি কৃষকের কপালে চিন্তার ভাঁজ। মাঠে পাকা ধান। কোথাও কাটা ধান পড়ে আছে জমিতে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সেই ধান। পানিতে ভাসছে কৃষকের সারা বছরের পরিশ্রম আর স্বপ্ন। ঘরে তোলার আগেই ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
যশোরের চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক আলামিন হোসেনের চার বিঘা জমিতে আমন ধান ছিল। বৃষ্টির পানিতে পুরো জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, তার চার বিঘা জমির ধানই পানিতে ভাসছে। এখন কীভাবে সেই ক্ষতি পুষিয়ে নেবেন, তা বুঝতে পারছেন না।
একই গ্রামের কৃষক শুকুর আলীরও একই অবস্থা। সাড়ে পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি। এর মধ্যে তিন বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলেন। অকাল বৃষ্টিতে সেই কাটা ধান পানিতে ভিজে গেছে। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।
কৃষকেরা জানান, এক বিঘা জমিতে ধান চাষ করতে এ বছর প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হয়েছে। সার, কীটনাশক ও অন্যান্য উপকরণ কিনতে অনেকেই ধারদেনা করেছেন। এখন ফসলের ক্ষতি হলে সেই টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।


স্থানীয় কৃষকদের ভাষ্য, তাদের এলাকায় প্রায় চার ভাগের এক ভাগ জমির ধান কেটে মাঠে রাখা হয়েছিল। অকাল বৃষ্টিতে এসব কাটা ধান পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চৌগাছায় প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। এর বেশির ভাগ ধান এখনো পরিপক্ব হয়নি। ফলে বৃষ্টির কারণে ধান কাটতে বিলম্ব হওয়ার পাশাপাশি মাঠে পানি জমে থাকলে অন্যান্য ফসলেরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কৃষক আবু সিদ্দিক বলেন, তাদের এলাকায় দেরিতে আমন ধান রোপণ করা হয়েছিল। এ কারণে এখনো ধান কাটা শুরু হয়নি। বৃষ্টির কারণে ধান কাটতে আরও দেরি হবে। পরিপক্ব হতেও কিছুটা সময় লাগবে। তবে ঝড় না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন তিনি।
শুধু আমন ধান নয়, অকাল বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় সবজি, ফল ও রবিশস্যের ক্ষতি হয়েছে। পৌরসভা এলাকা ছাড়াও পাতিবিলা, হাকিমপুর, নারায়ণপুর ও সুখপুকুরিয়া ইউনিয়নে সবজির ক্ষতি বেশি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে নারায়ণপুর ইউনিয়নে আমন ধানের ক্ষতির পরিমাণ বেশি। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা, মাসকলাই, মরিচ, পটল, মুলাসহ বিভিন্ন রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষ করে সরিষাচাষিদের মধ্যে উদ্বেগ বেশি। কয়েকজন কৃষক জানান, ১৫ থেকে ২০ দিন আগে যেসব জমিতে সরিষা বপন করা হয়েছে, সেসব জমিতে ইতিমধ্যে চারা গজিয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে এসব চারা পচে নষ্ট হয়ে যেতে পারে। এতে শুরুতেই লোকসানের মুখে পড়তে পারেন তারা।


এদিকে অকাল বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিনির্ভর শ্রমজীবী মানুষের জীবনেও। ধান কাটা, মাড়াই ও পরিবহনের কাজ ব্যাহত হচ্ছে। এতে দিনমজুরদের কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাঠে কাজ না থাকলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের সংসার চালানোও কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে বৃষ্টির পানি শুধু ফসলের মাঠেই নয়, কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনেও অনিশ্চয়তা তৈরি করেছে।


চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, উপজেলায় রোপা আমন ধান এখনো ব্যাপকভাবে কাটা শুরু হয়নি। বিচ্ছিন্নভাবে কিছু কৃষক ধান কেটেছেন। তারাই মূলত কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এতে উপজেলার সামগ্রিক ধান উৎপাদনে প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। অন্যান্য ফসলের ক্ষতি এড়াতে জমি থেকে পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ