‘আল্লাহর কাছে বিচার চাই, আমার ছেলে কোনো অন্যায় করেনি’
একটি মৃত্যু যেন মুহূর্তেই এলোমেলো করে দিয়েছে একটি পরিবারের সব স্বপ্ন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী, দুই অবুঝ মেয়ে ও বৃদ্ধ বাবা-মা।
ঘরের কোণে বসে সন্তানের জন্য মায়ের আহাজারি, বাবার চোখে অশ্রু আর দুই শিশুর অসহায় মুখ— সব মিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে এখন শোকের মাতম। আজ বৃহস্পতিবার নিহত রাজুর বাড়িতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেল।
নিহত কৃষকদল নেতা রাজু মোল্লার বাবা আক্তার মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার চাই। আমার বাজান কোনো অন্যায় করেনি। আমি খুব কষ্ট করে সংসার চালাই, কিন্তু কোনো অন্যায় করি না। আমার ছেলেও কোনো অন্যায় করেনি। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’
রাজুর রাজনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার ছেলে বিএনপিকে অনেক ভালোবাসতো, এমপি বাবুলকে অনেক ভালোবাসতো। বিএনপির কোনো কর্মসূচি হলেই তাকে আর ঘরে রাখা যেত না। সে কখনো টাকার পেছনে ছোটেনি, শুধু দলের পেছনে ছুটেছে। ঢাকায় ঠিকানা এক্সপ্রেসের ম্যানেজার হিসেবে চাকরি করত। নির্বাচনের পর আর ঢাকায় যায়নি। বাড়িতে থেকেই বিএনপির রাজনীতি করেছে।’
নিহত রাজুর স্ত্রী রিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে দেখবে কে, আমার ভরণপোষণ দেবে কে? আমার এতিম দু’টি বাচ্চাকে লেখাপড়া করাবে কে? তার (রাজুর) বৃদ্ধ বাবা-মাকে দেখবে কে? এখন আমি কী করে বাঁচব, কী নিয়ে বাঁচব? আমাদের আয়ের উৎস কী?’
রাজুর দুই মেয়ে রেহানা ও রাজিয়া বাবাকে হারিয়ে এখনো বুঝে উঠতে পারেনি তাদের জীবনে কত বড় শূন্যতা নেমে এসেছে। স্ত্রী, দুই মেয়ে ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ছিল রাজুর সংসার। তার মৃত্যুতে পরিবারটি হারিয়েছে একমাত্র ভরসার মানুষটিকে।
এদিকে রাজু মোল্লা হত্যার ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল ও সড়ক অবরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় রাজু মোল্লার ওপর হামলা ও পরে লেগুনার চাপায় তার মৃত্যুর অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ ঘটনার পরদিন বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি রাজু মোল্লা হত্যার বিচার দাবি করেন।
রাজুর পরিবারের আহাজারি আর দুই মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ যেন বারবার একটি প্রশ্নই সামনে নিয়ে আসছে— বাবাকে হারানো এই দুই শিশুর দায়িত্ব নেবে কে? যে মানুষটি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করতেন, তার অনুপস্থিতিতে এখন পুরো পরিবার তাকিয়ে আছে ন্যায়বিচার ও মানবিক সহায়তার আশায়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
