দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে তফসিলি ও অতফসিলি ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সবসময় সজাগ রয়েছে। গণমাধ্যমের খবর থেকে তারা জানতে পেরেছেন, গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা হামলার শিকার হয়েছে।
এসব ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক উদ্বিগ্ন।
তিনি বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আক্রান্ত হলে শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয় না, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের মধ্যেও। কারণ, ব্যাংকে মানুষ তাদের কষ্টার্জিত অর্থ ও মূল্যবান সম্পদ জমা রাখেন। ফলে কোনো শাখায় হামলা বা ভাঙচুরের ঘটনা আমানতকারীদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি করে।
আরিফ হোসেন খান আরও বলেন, ভবিষ্যতে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যাতে এ ধরনের হামলার শিকার না হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ ব্যাংক আশা করে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
