মাগুরায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

মাগুরার শ্রীপুরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন শ্রীপুর উপজেলার মকোরদম খোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪০) ও পাশের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।

নিহতের স্বজনরা জানায়, দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সাথে মদ পান করেন তারা।

নিহত আলমগীরের বাবা আজম লস্কর জানান, অসুস্থ হয়ে পড়লে আলমগীরকে তার বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, অসুস্থ বিধানকে রাত ৩টার দিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, ‘দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শ্রীপুর থানার ওসি ওলী মিয়া জানান, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ