বিডি গ্লোবাল ডেস্ক,
সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নগরীর মদীনামার্কেটস্থ একটি আদর্শ মিলনায়তনে শিক্ষাশিবিরটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘জনআকাঙ্ক্ষা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে। এজন্য চূড়ান্ত শপথ গ্রহণের মাধ্যমে দ্বীন কায়েমের লক্ষ্যে ত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দুনিয়ামুখী চিন্তার পাশাপাশি পরকালমুখী জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। হালাল রুজির মাধ্যমে নিজেদের মুমিন হিসেবে গড়ে তোলার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও কর্মে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।’
তিনি আরো বলেন, ‘জামায়াত কর্মীদের যোগ্যতা, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষাশিবির থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, মহানগর নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মাওলানা আব্দুল মুকিত, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, মাওলানা এ টি এম শামসুদ্দিন প্রমুখ।
শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বাছাইকৃত কর্মীগণ অংশ নেন।এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
