বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি চীন শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) লিউ ইউয়িন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বেইজিং অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এর এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সিল্ক রোডের সঙ্গে স্বপ্ন দেখা, উভয়ের জন্য লাভজনক ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে চীনা দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সার্বভৌমত্ব ও কৌশলগত সহযোগিতায় চীনের অবস্থান
অনুষ্ঠানে লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়। একই সঙ্গে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার রাখে এবং বেইজিং সেই অধিকারকে সম্মান করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ‘এক চীন নীতি’র প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং তাইওয়ানের যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতা করে। দুই দেশের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এই পারস্পরিক সমর্থন প্রকল্পের অর্থায়ন, নিরাপত্তা ও নীতিগত সমন্বয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে আস্থা তৈরি করে।
লিউ ইউয়িনের মতে, নেতৃত্ব পর্যায়ে কৌশলগত সমন্বয় থাকলে রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও চলমান প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।
বিআরআইয়ের বিনিয়োগে ছয়টি খাতকে অগ্রাধিকার
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘ব্লু পেপার’-এর প্রধান গবেষক ও সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বিআরআইয়ের আওতায় ভবিষ্যৎ বিনিয়োগে প্রকল্পের গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। এ জন্য তিনি ছয়টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব করেন—
- অবকাঠামো ও বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা
- স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প
- শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
- উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
- নবায়নযোগ্য জ্বালানি
- তৈরি পোশাকশিল্প ও শিল্পায়ন
অধ্যাপক ইমতিয়াজ উচ্চগতির রেল নেটওয়ার্ক, বাংলাদেশ-চীন-মিয়ানমার যোগাযোগব্যবস্থা এবং যৌথভাবে বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও ভয়েস মডেল তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি অটোমেশন ও এআই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে তৈরি পোশাকশিল্পের নারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।
স্থানীয় উৎপাদন বাড়াতে চীনা বিনিয়োগের আহ্বান
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তার চীনা বিনিয়োগকারীদের শুধু কাঁচামাল সরবরাহে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশে বস্ত্র, সুতা, কাপড় ও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় উৎপাদনে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বাণিজ্যঘাটতি কমাতে সহায়তা করবে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিনিয়োগের আহ্বান জানান। তিনি ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা, সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট মিটার এবং বৈদ্যুতিক গাড়ির (ইভি) চার্জিং অবকাঠামো যৌথভাবে উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরেন।
অবকাঠামোর বাইরে বিস্তৃত অংশীদারত্বের প্রত্যাশা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের (সিইএবি) সভাপতি হান কুন। তিনি বলেন, বিআরআই শুধু অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নয়; জ্বালানি, ডিজিটাল নেটওয়ার্ক, স্বাস্থ্য, শিক্ষা ও শিল্পায়নেও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করে।
অন্যদিকে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। এ ক্ষেত্রে পুঁজিবাজার ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
