সিলেটে মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক নাসির মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ-পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাসির সিলেটের বিমানবন্দর থানাধীন পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে।

এসআরবি-৯ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার বাসিন্দা সুমাইয়া সিদ্দিকা তার বড় মেয়ে তানিয়া বেগমকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। এ সময় সুমাইয়ার আরেক মেয়ে ইনিয়া তাদের সাথে ছিল। টমটম করে বাড়ি ফেরার পথে বিমানবন্দর থানার কেওয়াছড়া এলাকার বুড়িবস্তি সেতুর ওপর বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনসহ আরো কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টা ৫০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া ও ইনিয়ার মৃত্যু হয়। আহত তানিয়া এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোমবার সুমাইয়ার স্বামী বিমানবন্দর থানায় মামলা করেন। এরপর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে এসআরবি। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বাস চালক নাসিরকে গ্রেফতার করা হয়। তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ,আর