বাবা মার জন্য যে ৩ দোয়া করবেন

মোনাজাতে দুই হাত তুলে দোয়া করছেন এক মুসল্লি, সামনে খোলা কোরআন

প্রতিবেদন:

·

মা-বাবা সন্তানের জীবনে সবচেয়ে আপনজন। তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম সুন্দর উপায় হলো তাদের জন্য দোয়া করা। পবিত্র কোরআনে মা-বাবার প্রতি সদয় হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের জন্য বিশেষভাবে দোয়া করতে শিখিয়েছেন মহান আল্লাহ।

জীবিত কিংবা মৃত, উভয় অবস্থায় মা-বাবার কল্যাণ, ক্ষমা ও রহমত কামনায় দোয়া করা সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পবিত্র কোরআন ও হাদিসে মা-বাবার জন্য বেশ কিছু দোয়ার কথা এসেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি দোয়া তুলে ধরা হলো।

১. পিতা-মাতার ক্ষমার জন্য দোয়া: আমাদের উচিত নিয়মিত আল্লাহতালার কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া। কোরআনে বর্ণিত একটি দোয়া হলো: رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَاب

উচ্চারণ: রাব্বানাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব। (সুরা ইব্রাহিম: ৪১)

হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করো, যেদিন হিসাব কায়েম হবে।

২. সকল মুমিনসহ পিতা-মাতার জন্য ক্ষমা: পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনার আরেকটি চমৎকার দোয়া কোরআনে বর্ণিত হয়েছে : رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارَۢا

উচ্চারণ: রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়ালা তাযিদিজ জ্বলিমিনা ইল্লা তাবারা। (সুরা নূহ : ২৮)

অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করেছে তাদের এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো।

৩. তাদের প্রতি আল্লাহর রহমতের দোয়া: শৈশবে পিতা-মাতা আমাদের যেভাবে মমতা দিয়ে বড় করেছেন, সেই মমতা ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে এই দোয়াটি করা জরুরি: رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা। (সুরা বনী ইসরাঈল : ২৪)

অর্থ: হে আমার প্রতিপালক! তাঁদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

পিতা-মাতা আমাদের শৈশবের সেই আশ্রয়, যখন আমরা সবচেয়ে অসহায় ছিলাম। তাদের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই নিয়মিত এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তাদের কল্যাণ কামনা করতে পারি এবং একইসাথে আমাদের প্রতি আল্লাহর রহমতও নিশ্চিত করতে পারি।

Read this report in English · ইংরেজি সংস্করণ