মতলবে নববধূ নিপা হত্যা, শরীয়তপুর থেকে স্বামী-শাশুড়ি গ্রেফতার

প্রতিবেদন:

·

, , , , ,

চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে। সংসার জীবনের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় নববধূ নিপা আক্তারের। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিহতের স্বামী সিফাত জাহান বিপু (৩২) ও শাশুড়ি হোসনেয়ারাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূরের তত্ত্বাবধানে ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে শরীয়তপুর জেলার সখিপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি নিহতের স্বামী সিফাত জাহান বিপু ও শাশুড়ি হোসনেয়ারাকে গ্রেফতার করা হয়। পরে তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।

এদিকে নিপা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মতলব উত্তর থানার সামনে জড়ো হন নিহতের স্বজনরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হতেন নিপা। পারিবারিক কলহ ও আর্থিক লেনদেন নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ হতো। একাধিকবার সালিশ-বৈঠক করেও নির্যাতন বন্ধ করা সম্ভব হয়নি। ঘটনার দিনও তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ স্বজনদের।

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার কবিরাজ বাড়ি থেকে নিপা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি কক্ষে ওড়না ঝুলন্ত অবস্থায় ও অন্য একটি কক্ষে তার লাশ পাওয়া যায়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিপা আক্তারের লাশ মতলব উত্তরের মোহাম্মদপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্বামী ও শাশুড়ির গ্রেফতারের মধ্য দিয়ে তদন্তে নতুন অগ্রগতি এসেছে। তবে নিপার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও স্থানীয়রা।

নিহত নিপার বাবা হানিপ বেপারী বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নির্যাতন করা হতো। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েকে আর বাঁচাতে পারলাম না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটন চাই। যারা আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, নিপা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে শরীয়তপুরের সখিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ