ইরানের পরমানু কেন্দ্র পরিদর্শনের অনুমতি পেলনা আইএএই এ

প্রতিবেদন:

·

, ,

ইরানের ইসফাহানে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ)। তেহরান এখনো সংস্থাটিকে ওই স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এ কারণে কেন্দ্রটির অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না আইএইএ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সদস্য দেশগুলোর কাছে পাঠানো সংস্থাটির একটি গোপনীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এসব উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের (আইএফইপি) সুনির্দিষ্ট অবস্থান, নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় এর বর্তমান অবস্থা কিংবা সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, সে বিষয়ে আইএইএর কাছে কোনো তথ্য নেই।

২০২৫ সালের জুনে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার না পাওয়াকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

আইএইএর মতে, এ পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। তথ্য ও পরিদর্শনের সুযোগ না থাকায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম থেকে কোনো পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তেও পৌঁছাতে পারছে না সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইএইএর মহাপরিচালক ইরানকে এমন কিছু কারিগরি ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ বিবেচনার আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে সংস্থাটির পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের পরিবেশ তৈরি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পর্যায়ক্রমিক পদক্ষেপ ইরানে স্বাভাবিক নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা পুনরায় চালুর পথ তৈরি করতে পারে।

Read this report in English · ইংরেজি সংস্করণ