বিজিবি যশোর রিজিয়নের ৮৪ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

প্রতিবেদন:

·

, , , , ,

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে গত আড়াই মাসে ৮৪ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়ন। এসব অভিযানে ১৫২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে নয় কেজির বেশি স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, বিদেশী মদ ও বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

শুক্রবার (১৩ নভেম্বর) ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট রাশেদ কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এককভাবে কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এসব ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। যশোর রিজিয়নের অধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানের পরিসংখ্যান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় পরিচালিত এসব অভিযানে ১৫২ জনকে আটক করা হয়। এ সময় সর্বমোট ৮৪ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ২৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া তিন হাজার ২৬ বোতল বিদেশী মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৫৯ কেজি গাঁজা, ৬৬ হাজার ৮০০ পিস ইয়াবা, এক হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ৯৭ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ৫০৩ বোতল নেশাজাতীয় সিরাপ এবং তিন লাখ ১১ হাজার ৬০১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় একই সময়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে চার কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে ব্যাটালিয়নটি। এসব অভিযানে ১৬ জনকে আটক করা হয়। ৪৭ বিজিবির অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, নয় হাজার ২৫০ কেজি সার এবং ছয়জন চোরাকারবারি আটক হওয়ার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৬৭২ বোতল বিদেশী মদ, ১২ কেজি হেরোইন, ৯০ পিস ইয়াবা, ৯১২ বোতল ফেনসিডিল, ৯৩ দশমিক ৬০৮ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের এক লাখ ২৪ হাজার ১০৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শুধু মাদক ও চোরাচালান দমন নয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সতর্ক ও প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমেও সীমান্তসংক্রান্ত বিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে পদক্ষেপ নেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সঙ্কট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। বাহিনীর মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

বিজিবি মনে করে, সীমান্তের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সীমান্তরক্ষী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে অপরাধ দমনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

Read this report in English · ইংরেজি সংস্করণ