চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। এ সময় এক অতিথিসহ মোট আটজনকে পাওয়া যায়। পরে হলের অন্য একটি কক্ষে তল্লাশি চালাতে গেলে দুই হাউজ টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব তথ্যের ভিত্তিতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম জানায়, ওই কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটজনকে পাওয়া যায়। তাদের মধ্যে সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন অতিথি। শিক্ষার্থীদের মধ্যে একজন অতীশ দীপঙ্কর হলের, একজন অনাবাসিক এবং বাকি পাঁচজন ফরহাদ হলের আবাসিক শিক্ষার্থী। কক্ষটি তল্লাশি করে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক শিক্ষার্থীরা হলেন—ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন এবং সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা থেকে আসা কামরুল ইসলাম নামে একজন অতিথি সেখানে ছিলেন।
পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি চালাতে গেলে বাধার মুখে পড়েন শিক্ষকরা। এ সময় দুই হাউজ টিউটরকে ধাক্কা দেওয়া ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে।
ভুক্তভোগী হাউজ টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, অভিযানের সময় ওই কক্ষের দুই শিক্ষার্থী তাকে ও আরেক হাউজ টিউটরকে ধাক্কা দেন। তারা উগ্র আচরণ করছিলেন এবং শিক্ষকদের কক্ষে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন।
শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, অভিযানে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের সরাসরি মাদক সেবন করতে দেখা গেছে। ইতোমধ্যে কক্ষটি সিলগালা করা হয়েছে। হলে অবস্থানরত অভিযুক্ত শিক্ষার্থীদের আসন বাতিলের প্রক্রিয়া চলছে। অভিযানে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার কথা বলে ওই কক্ষে মাদক সেবন করা হচ্ছিল। সেখানে কাঁচা গাঁজা, বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে এবং ডিসিপ্লিনারি কমিটিতে প্রতিবেদন দেওয়া হবে। অন্য কক্ষে অভিযানের সময় হাউজ টিউটরদের ধাক্কা দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা পরে ক্ষমা চেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, অভিযুক্ত আবাসিক শিক্ষার্থীদের হলের আসন বাতিলের বিষয়ে হল প্রভোস্ট সিদ্ধান্ত নেবেন। অন্য অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
