খুলনায় সড়ক দুর্ঘটনায় কেসিসির ট্রাকচালকের মৃত্যু

খুলনার জিরো পয়েন্ট মোড়ের সড়ক

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় আহত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রাকচালক কামরুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর জয় বাংলা মোড়ে দু’টি ট্রাকের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

নিহত কামরুল ইসলাম নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন জানান, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির ময়লার কনটেইনারবাহী একটি ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলামের আহত হওয়া এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী মো: সেলিমুল আজাদ।

উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে বর্জ্য কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ