হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

প্রতিবেদন:

·

, ,

ফ্যাসিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের জন্য আবেদন করার খবর প্রকাশের পরের দিন তিনি এ কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল আইনে বলা আছে, রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে আইনে। রায়ে বলা আছে, ৩০ দিন পর আপিল গ্রহণযোগ্য হবে না।

এই মামলায় শুরু থেকে পলাতক আছেন ২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। সর্বশেষ তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদনের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা চলছে।

আজকের ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশে আসলে আইনি লড়াইয়ের সুযোগ পাবেন কি না? এর জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘উনি আইনগত সুযোগ পাবেন কি পাবেন না; কী প্রক্রিয়ায় তিনি আইনগত সুযোগ নেবেন কি নেবেন না;… যদি বাংলাদেশে তাঁকে পাওয়া যায় তখন সেটি ফয়সালা হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শুনানি ছাড়া ফাঁসি কার্যকর হবে কি না, সে প্রশ্ন অনেকে তোলেন উল্লেখ করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন আমিনুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন তিনজন। এই তিনজন বিচারকের যোগ্যতা হচ্ছে—তাঁরা হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতাসম্পন্ন অথবা হাইকোর্টের বিচারপতি অথবা হাইকোর্টের বিচারপতি ছিলেন। দেশে যদি কোনো হত্যা মামলার বিচার হয়, সেখানে কিন্তু দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ সে মামলার বিচার করে মৃত্যুদণ্ডের রায় দিতে পারেন। সেখানে আইনের বিধান হচ্ছে, সেই রায় হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়। এটার অর্থ হচ্ছে যে হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করা হয়। তাঁদের কনফরমেশন সাপেক্ষে সেই রায় কার্যকর হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই দণ্ড কার্যকরের ক্ষেত্রে কিন্তু ওই শর্ত নেই।

শেখ হাসিনাফাইল ছবি

চিফ প্রসিকিউটর বলেন, এই শর্ত না থাকার কারণ হলো ট্রাইব্যুনাল হাইকোর্টের সমমর্যাদা সম্পন্ন। শুধু সমমর্যাদা সম্পন্ন নয়, হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করা হয়, ট্রাইব্যুনালে তিনজন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ। হাইকোর্টের চেয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ বড়। সেই ট্রাইব্যুনালে যখন বিচার হয়, তখন কিন্তু হাইকোর্টে আপিল হয় না। সেই আপিল সরাসরি দায়ের হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। শুধু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একমাত্র ট্রাইব্যুনালের কোনো রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করতে হয়।

এ প্রসঙ্গে আমিনুল ইসলাম আরও বলেন, যাঁরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেন যে মৃত্যুদণ্ড হলেই কার্যকর করা যাবে না, সেটির ওপর শুনানি লাগবে, এটা-সেটা; ট্রাইব্যুনাল আইনটা হচ্ছে বিশেষ আইন। বিশেষ আইনের বেলায় ‘দ্য লিমিটেশন অ্যাক্ট’ প্রযোজ্য নয়। তা যদি না হয়, ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, ৩০ দিন পরে আর আপিল হবে না। মানে শেখ হাসিনার আপিলই অ্যাডমিট (গ্রহণ) হবে না। অতএব, ট্রাইব্যুনাল আইন বিশ্লেষণ করে বলতে চান, বর্তমানে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।

তাহলে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আযাদ কীভাবে আপিল করলেন, সে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আবুল কালাম আযাদ আউট অব টাইম (নির্ধারিত সময়ের পর) আপিল করেছেন। সেটি যেহেতু আদালতে বিচারধীন, এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছেন না আপাতত।

Read this report in English · ইংরেজি সংস্করণ