সোনাগাজীতে মাদককারবারির সঙ্গ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় বাবার মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

ফেনীর সোনাগাজীতে মাদককারবারির সঙ্গ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় মোহাম্মদ হানিফ (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার।

নিহত মোহাম্মদ হানিফ চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে। এ ঘটনায় পুলিশ রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, হানিফ মেয়ের বিয়ের খরচের জন্য ২০ হাজার টাকা ঘরের আলমারির মধ্যে রেখেছিলেন। তার ছেলে বখাটে মেহেরাজ স্থানীয় মাদককারবারিদের সাথে মিলে ওই টাকা চুরি করে নিয়ে খরচ করে ফেলে। বিষয়টি নিয়ে নিজের ছেলেকে শাসনের পাশাপাশি স্থানীয় মাদককারবারিদের সঙ্গ না দেয়ার জন্য নিষেধ করেন।

এতে মাদককারবারিরা ক্ষুব্ধ হয়ে, গত ৯ অক্টোবর বাদ জুমা দুপুর ২টার দিকে জুমার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে পূর্বে থেকে ওত পেতে থাকা মাদককারবারি বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী মো: শুভ ও রিয়াদসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হানিফকে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ