বিডি গ্লোবাল ডেস্ক,
ঝালকাঠির রাজাপুরে ইমাদ পরিবহনের বাসচাপায় মো. মতিয়ার রহমান মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে পিরোজপুর-রাজাপুর মহাসড়কের শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান শুক্তাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত সিরাজুল ইসলাম মল্লিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে মোল্লারহাট বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন মতিয়ার রহমান। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক এবং চালক শামসুল হক (৪২)কে গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ,আর
