চন্দনাইশে গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ফলসহ তেঁতুলগাছ

প্রতিবেদন:

·

, , , , ,

চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির উঠানে তেঁতুলগাছে উঠে ফল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আবদুল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বাবার সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।

নিহত শেখ আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় একটি হিফজখানার শিক্ষার্থী ছিল।

মোহাম্মদ সোহেল জানান, বৃহস্পতিবার সকালে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় মাদ্রাসা থেকে ফিরে বাড়ির পাশের একটি তেঁতুলগাছে উঠে ফল পাড়তে শুরু করে আবদুল্লাহ। পরে মেয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে ছেলেকে গাছ থেকে নামতে বলেন।

কাছে গিয়ে দেখেন, ছেলে গাছের ডালে বসে আছে। এর কিছুক্ষণ পরই গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবদুল্লাহ।

ছেলেকে বাঁচাতে দ্রুত সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে বাঁশ দিয়ে তাকে গাছ থেকে নামান সোহেল। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ সোহেল বলেন, তাঁর পাঁচ মেয়ে ও একমাত্র ছেলে ছিল। মেয়েদের কাছেও ভাই ছিল অত্যন্ত আদরের। ছেলেকে আলেম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। চোখের সামনে ছেলের এমন মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।

স্থানীয় বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম বলেন, তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোহেলের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ