২৭ দিন পর উৎপাদনে ফিরল চিটাগাং ইউরিয়া সার কারখানা

প্রতিবেদন:

·

,

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী।

কারখানা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। কিন্তু চালুর ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর প্রায় ১২ দিন পর ত্রুটি মেরামত করে সেপ্টেম্বরের শেষ দিকে কারখানাটি পুনরায় চালু করা হয়।

তবে কিছুদিন যেতে না যেতেই আবারও যান্ত্রিক সমস্যায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২৭ দিন বন্ধ থাকার পর শুক্রবার রাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছে।

সিইউএফএল সূত্র জানায়, কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। স্বাভাবিক অবস্থায় কারখানাটিতে দৈনিক প্রায় ৫০০ টন অ্যামোনিয়া এবং ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছর আগে স্থাপিত কারখানাটিতে প্রায়ই বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। এ ছাড়া আগের তুলনায় বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতাও কমেছে।

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন, কারিগরি ত্রুটি কাটিয়ে কারখানাটি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু রাখা সম্ভব হবে।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘কারখানাটি প্রায় ৪০ বছরের পুরোনো। কবে কখন বন্ধ হয়ে যাবে, তার নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। ’

Read this report in English · ইংরেজি সংস্করণ