চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় সড়কের পাশ থেকে মো: হাশেম (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বরুমতি ব্রিজের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশে হাশেমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার এসআই (তদন্ত) মো: আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মেরে কেউ এখানে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
