খুলনায় গুলিবর্ষণের ২ ঘটনা, ভাগ্যক্রমে রক্ষা পেলেন মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা

প্রতিবেদন:

·

, , , , ,

খুলনা মহানগরীতে পৃথক দুইটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ৎ সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে গুলি করা হয়। গুলি ছোড়ার আগে তার সাথে অস্ত্রধারীদের ধস্তাধস্তি হয়। অন্যদিকে মহানগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে জেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন সাঈদ শিকদারের সাথে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সাঈদ। এ সময় দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি করে। সেটি ওই দরজায় আঘাত করে। পরে হামলাকরীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা হন।

এদিকে, নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করেও গুলি করে দুর্বৃত্তরা।

লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা টুটুলের বাড়িতে গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুলও বাড়িতে ছিলেন না।