‘শিমের গ্রাম’ লাখ টাকা আয়

প্রতিবেদন:

·

, , , ,

মাঠের যেদিকেই চোখ যায় সবুজের সমারোহ। মাচাজুড়ে ঝুলছে থোকায় থোকায় তরতাজা শিম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রাম এখন পরিচিতি পেয়েছে ‘শিমের গ্রাম’ হিসেবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই গ্রামেরই ২৮-৩০ বিঘা জমিতে আগাম জাতের শীতকালীন শিম চাষ করে বাজিমাত করেছেন কৃষকরা।

কৃষকরা জানান, শসা ও করলার চাষ শেষে জমিতে থাকা বাঁশের মাচা ব্যবহার করে তারা শিম চাষ করছেন। ফলে নতুন করে মাচা তৈরির খরচ লাগছে না। তাদের ভাষ্য, প্রতি বিঘায় মাত্র ১৫-২০ হাজার টাকা খরচে এক থেকে দেড় লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন দেখছেন তারা।

সরেজমিনে দেখা যায়, গ্রামীণ সড়কঘেঁষে ফসলের মাঠ। বিস্তৃর্ণ মাঠজুড়ে মাচার ওপর বাতাসে দোলখাচ্ছে সবুজ গাছ। গাছে থোকায় থোকায় ধরেছে শিম। কেউ গাছ থেকে শিম তুলছেন। কেউবা পরিচর্চায় ব্যস্ত।

এসময় কৃষক মো. মুরাদ বলেন, ‌‘বিঘাখানেক জমিতে শসার চাষ ছিল। শসা শেষ হওয়ার পর ওই মাচাতেই শিম লাগিয়েছিলাম। গেল একমাসে প্রায় ১০ মণ শিম বিক্রি করা হয়েছে। আগামী কয়েক মাসে আরও ৪০-৫০ মণ শিম বিক্রির আশা করছি। এ চাষে খরচ কম, লাভ বেশি।’

কৃষক সরল মাহমুদ বলেন, প্রথম দিকে ৮০-১০০ টাকা কেজি শিম বিক্রি করেছি। বর্তমান দাম কমে বিক্রি হচ্ছে ৫৫-৫৫ টাকায়, তবুও লাভ থাকছে। শিমের পর জমিতে পেঁয়াজের চাষ করবেন তিনি।

৭-৮ বছর ধরে কুশলীবাসা মাঠে শিমের চাষ চলছে বলে জানালেন কৃষক মকুল হোসেন। তিনি বলেন, ‘শসা ও করলার পর একই মাচায় আগাম জাতের শিম চাষ করা হয়। বিঘাপ্রতি ১৫-২০ হাজার টাকা খরচে ৬০-৭০ মণ শিম উৎপাদন হয়, যার বাজারমূল্য প্রায় এক থেকে দেড়লাখ টাকা।’

প্রায় ১৫ বিঘা জমিতে ধান, পাট, পেঁয়াজ, বেগুনসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন কৃষক বনি ইকবাল। তিনি বলেন, কুশলীবাসাকে এখন ‘শিমের গ্রাম’ বলেই মানুষ চেনে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় সামনের বছরে বিঘাখানেক জমিতে শিমের চাষ করার ইচ্ছে রয়েছে।

কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর কম খরচে অধিক লাভ হওয়ায় অন্যান্য সবজির পাশাপাশি কুশলীবাসা এলাকায় বাড়ছে আগাম জাতের শিম চাষ। এতে কৃষকদের ভাগ্য বদলের পাশাপাশি বদলে যাচ্ছে গ্রামীণ জীবন ও অর্থনীতি। এমনটাই জানালেন মো. ডলার ও সাইফুজ্জামানের মতো কৃষকরা।

পান্টি তহবাজারের আড়তদার মো. মিলন শেখ জানান, মৌসুমের শুরুতে প্রতিকেজি শিম ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে এখন দাম কমে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্টু হোসেন বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে শুধু কুশলীবাসা গ্রাম থেকেই চলতি মৌসুমে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ১০০ মণ শিম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার বাজারমূল্য ৭০-৮০ লাখ টাকা হবে বলে আশা করা হচ্ছে।’

শুধু কুশলীবাসা নয়, চলতি বছর কুমারখালীতে ৩৫ হেক্টর জমিতে আগাম শিমের চাষ হয়েছে। জুলাই-আগস্টে বীজ বপনের ৬০-৭০ দিন পর থেকেই শিম তোলা শুরু হয়। চলবে আরও কয়েক মাস।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন বলেন, ৩৫ হেক্টর জমি থেকে প্রায় ১৮ হাজার মণ শিম উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। যার বাজারমূল্য ৫-৬ কোটি টাকা।

তিনি আরও বলেন, কম খরচে বেশি লাভের এই মডেল এখন অনুকরণীয় হয়ে উঠছে আশপাশের গ্রামেও। বাজারদর নিশ্চিত করা গেলে আগাম সবজি চাষেই বদলে যাবে কৃষকের ভাগ্য। দেশের সবজির চাহিদাও মিটবে।