বিডি গ্লোবাল ডেস্ক,
কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে ঠোটারপাড়া বিওপির শুকুনতলা মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় দুই বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও দুই হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
রাত পৌনে ২টার দিকে বিলগাথুয়া বিওপির পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে নয় বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য আট লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রিচর এলাকায় অভিযান চালিয়ে আরো ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
