বিডি গ্লোবাল ডেস্ক,
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এবার ২৫২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করেন।
জেলা পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থানগুলোতে পুলিশের একাধিক ইউনিট একযোগে অভিযান চালায়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, ‘অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ দিনে ছয় দফায় অভিযানে মোট দুই হাজার ২৯১ জনকে আটক করেছে কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনী। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
