কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০

প্রতিবেদন:

·

, , , , ,

শনিবার সকাল ৮টার দিকে কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেলা ১টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।

এ ঘটনায় আহত ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহাব উদ্দিন (৩১), তাঁর স্ত্রী ডা. নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে রিসোর্টটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে শুরু হয় উদ্ধার অভিযান।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ চালিয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, রিসোর্টটির কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। গত জুন মাসেও অগ্নিনিরাপত্তাব্যবস্থা উন্নত করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ