বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়নের পর পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয় । পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। বিমানটি কক্সবাজার থেকে ঢাকাগামী ছিলো।
এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধাঘণ্টা বন্ধ রাখা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬। এর রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই।
জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির পেছনের একটি চাকায় ত্রুটি দেখা যায়। বিষয়টি জানতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘোষণা দেওয়া হয়।
পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল।
পরে উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করে। এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।
রানওয়ে বন্ধ থাকায় ওই সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামায় সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল পুনরায় শুরু হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
