ইরানের নেতৃত্ব অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে এবং শেষ পর্যন্ত তা টিকবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭ই অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু এমন দাবি করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসী রাষ্ট্র তেহরানকে আমরা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হতে দিবো না।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে স্বৈরাচার রাষ্ট্রটি এখন সবচেয়ে দুর্বল। ইরান এখন টিকে থাকার জন্য লড়ছে, এবং এর শেষ পরিণতি হলো বিলীন হয়ে যাওয়া। এটিকে বলা যায়, এই পৃথিবী থেকে বিদায় নেয়া।
এদিন ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরান ত্রিমুখী কৌশলের মাধ্যমে ইসরাইলকে ধ্বংস করতে চেয়েছিল। এসব কৌশলের মধ্যে রয়েছে তেলআবিবকে ঘিরে সশস্ত্র গোষ্ঠী রাখা, ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র তৈরি।
তবে আমাদের যৌথ প্রচেষ্টায় ধাপে ধাপে ইরানের এসব পরিকল্পনা গুঁড়িয়ে দিয়েছি। আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে হামলা চালিয়েছি, দেশটির পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছি, বলেন নেতানিয়াহু।
ইসরাইল পুরোপুরি তার কাজ সম্পন্ন করবে- এমন হুঁশিয়ারি বার্তা দিয়ে নেতানিয়াহু বলেছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চলবে এবং গাজায় হামাস তার কার্যকলাপ চালাতে পারবে না।
Read this report in English · ইংরেজি সংস্করণ
