ফ্রান্সে বিক্ষোভের ঘটনায় ৭ হাজারের বেশি গ্রেফতার

প্রতিবেদন:

·

, ,

ফ্রান্সে বিক্ষোভের ঘটনায় ৭ হাজারের বেশি গ্রেফতার

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবা ব্যবস্থায় কাটছাঁটের প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় ৭ হাজার ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৪৬৬ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভের ঘটনায় এসব তথ্য জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার (১৮ নভেম্বর) এ খবর জানায়। দারমানাঁ বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরো ১ হাজার ২১৭ জনের ক্ষেত্রে প্রচলিত বিচারিক ব্যবস্থার বাইরে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৫২৩ জন প্রাপ্তবয়স্ক এবং ২ হাজার ৬৬১ জন অপ্রাপ্তবয়স্ক। মামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৩০১ জনকে বিচারকের সামনে হাজির করা হয়েছে। দারমানাঁ জানান, এসব আইনি প্রক্রিয়ার প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে বিচারকের সামনে হাজির করা হয়।

কারাদণ্ড পাওয়া ৪৬৬ জনের মধ্যে ১৯৫ জনের সাজা স্থগিত নয়। অর্থাৎ, তাদের কারাভোগ করতে হবে। আর ১১১ জনের ক্ষেত্রে অবিলম্বে আটকের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া ২০৯ জন প্রাপ্তবয়স্ক ও পাঁচজন অপ্রাপ্ত বয়স্ককে বিচার শুরুর আগে আটক রাখা হয়েছে।

দারমানাঁ জানান, ১৬ নভেম্বর পর্যন্ত মোট ৩৫৬ জন কারাগারে অথবা বিচার শুরুর আগে আটক ছিলেন। তাঁদের মধ্যে ১৮৬ জন কারাগারে ছিলেন। বাকিরা বিচার শুরুর অপেক্ষায় আটক ছিলেন।

তবে বিক্ষোভের সব দিনের চিত্র এক রকম ছিল না। বিচারমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ও বিচারিক ব্যবস্থার প্রায় দুই-তৃতীয়াংশই ঘটেছে ১৭ অক্টোবর। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া হিসাবের দুই-তৃতীয়াংশই শুধু ১৭ অক্টোবরের ঘটনা।’

পরবর্তী সপ্তাহান্তের বিক্ষোভগুলোর চিত্র ছিল একেবারেই আলাদা। দারমানাঁর ধারণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশল পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবা ব্যবস্থায় কাটছাঁটের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের অংশ ছিল এসব বিক্ষোভ। ১৭ অক্টোবরের কর্মসূচিতে ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ