শিক্ষা ডেস্ক:
বগুড়ার সারিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা জমা দেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থী। এ সংক্রান্ত অভিযোগ মন্ত্রীর কাছে পৌঁছালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে বলেন। একইসঙ্গে মন্ত্রী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে বলেন। এরইমধ্যে সুমাইয়ার ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামীকাল থেকে তিনি নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শুক্রবার (৩ জুলাই) শিক্ষামন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রের সামনে ওই শিক্ষার্থীকে কান্নারত অবস্থায় দেখা যায়। আগের দিন বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র না পাওয়ায় তার পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
সুমাইয়া আক্তার উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত ওবাইদুল হক বাবুর মেয়ে। তিনি চন্দনবাইশা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অভিযোগ উঠেছে, কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমার বাবা নেই। ভাই অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করাচ্ছেন। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন ভেঙে গেল। আমি কী করব বুঝতে পারছি না।
তিনি আরও বলেন, আমার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নেওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণের সময় রেজিস্ট্রেশন নম্বর ভুল করেছে। এ কারণে প্রবেশপত্র পাইনি।
পরীক্ষাকেন্দ্র সারিয়াকান্দি ডিগ্রি কলেজে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। এ বিষয়ে জানতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের অধ্যক্ষের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
