তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমান ১২ হাজার ৫০০ টাকা মজুরির তুলনায় এই হার ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি।
মঙ্গলবার গভীর রাতে বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গ্রেডভিত্তিক নতুন মজুরিকাঠামো
মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের চারটি গ্রেডে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে:
গ্রেড ৪ (ন্যূনতম মজুরি): ১৭,০০০ টাকা
গ্রেড ৩: ১৯,২০০ টাকা
গ্রেড ২: ২০,০০০ টাকা
গ্রেড ১: ২১,৫০০ টাকা
ভোটাভুটিতে যেভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হলো
মঙ্গলবার বেলা সোয়া তিনটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা শুরু হয়। দীর্ঘ দর-কষাকষির একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে।
এমন পরিস্থিতিতে রাত একটার পর বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয়জন সদস্যের মধ্যে শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্যদিকে, বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিলে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।
রাত দেড়টার দিকে সভা শেষ হওয়ার পর রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেন। তবে বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তা করেননি।
দর-কষাকষি ও আগের বৈঠকগুলোর প্রেক্ষাপট
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিল। এরপর গত সোমবার তৃতীয় সভায় মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা এবং পরে দুই দফায় বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে। বিপরীতে শ্রমিকপক্ষ ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা দাবি করলে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
মঙ্গলবারের চতুর্থ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বাড়িয়ে ১৭ হাজার টাকায় উন্নীত করে। আর শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার, পরে ১৮ হাজার ৫০০ এবং সর্বশেষ ১৮ হাজার টাকা দাবি করে।
সভার মাঝে বিকেল পৌনে ৫টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘আলোচনায় আমি কখনো মালিকপক্ষ আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এমনও হয়েছে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যেও আলাদা কথা বলার সুযোগ করে দিয়েছি।’
চেয়ারম্যান আরো জানান, সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেড ১-এ ৩৫ হাজার, গ্রেড ২-এ ৩০ হাজার, গ্রেড ৩-এ ২৭ হাজার এবং গ্রেড ৪-এ ২২ হাজার টাকা দাবি করেছিল। বিপরীতে মালিকপক্ষ গ্রেড ১-এ ১৮ হাজার ৮২৮, গ্রেড ২-এ ১৭ হাজার ৮৮৭, গ্রেড ৩-এ ১৬ হাজার ৯৯৬ এবং গ্রেড ৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল।
এদিকে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় অংশগ্রহণকারী ও সরকারের প্রত্যাশা
চতুর্থ দিনের এই সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন।
এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত এই মজুরি শ্রমিকের জীবনযাত্রার ন্যূনতম চাহিদার পাশাপাশি শিল্পের সক্ষমতাও রক্ষা করবে।
গতকাল রাতে সভা শেষ হওয়ার আগে জানতে চাইলে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রত্যাশা করি, মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও তাঁদের জীবনযাত্রার প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ একটি মজুরি নির্ধারিত হবে।
মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো—সবকিছু বিবেচনায় নিয়েই একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা হবে।’
মাহদী আমিন আরো বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাতের সুরক্ষা, শিল্পের স্থিতিশীলতা এবং শ্রমিক-মালিকের সুসম্পর্ক নিশ্চিত করা জরুরি। সব পক্ষের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে এমন একটি মজুরিকাঠামো নির্ধারিত হোক, যা শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ করবে, শিল্পের সক্ষমতা বজায় রাখবে এবং দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধিকে সুরক্ষা দেবে।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির সংক্ষিপ্ত ইতিহাস
পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকায় দাঁড়ায়। পরবর্তী প্রায় ৩০ বছরে নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে ৫৬ শতাংশ বৃদ্ধির পর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
