বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদন:

·

,

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে এসব দেশের ওপর নতুন আমদানি শুল্ক বসানো হতে পারে। নতুন শুল্ক আগের আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে। ফলে বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ আরো ব্যয়বহুল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বুধবার (২৫ নভেম্বর) জানায়, বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাদের ভাষ্য, তদন্তের ফল মঙ্গলবার বিকেলেই প্রকাশ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর নতুন শুল্কের প্রস্তাব দেবে। এর সাথে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কও যুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কয়েকটি শুল্ক বাতিল করে দেন। নতুন শুল্কের মাধ্যমে সেগুলোর কিছু অংশ প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। আগের শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।

নতুন শুল্কের হার এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, দেশভেদে শুল্কের হার আলাদা হবে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর দেশটির অধিকাংশ বড় বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্ত করছে। নতুন শুল্ক নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কহার বজায় রাখা হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে এই সীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ।

চীনের পণ্যের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের ২০ শতাংশ সীমাও বহাল রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি বাড়ানো হলেই কেবল তা কার্যকর থাকবে। বাণিজ্যবিরতি শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য শুল্কের হার আরো বাড়তে পারে।

তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্যিক অংশীদার হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের ফলাফলে দীর্ঘ একটি প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি অংশীদারের জন্য আলাদা শুল্কের প্রস্তাব থাকতে পারে। তার মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব আসতে পারে। এর সাথে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হবে।

তবে দেশগুলোকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমানোর পদক্ষেপ নিতে সময় দিয়ে তুলনামূলক কম শুল্ক আরোপের প্রস্তাবও আসতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন কমানো না হলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্ত রাখা হতে পারে।

গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বলভাবে প্রয়োগের অভিযোগেও পৃথক তদন্ত শুরু হয়। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠনই এসব উদ্যোগের লক্ষ্য।