৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করলেন সূর্যবংশী

প্রতিবেদন:

·

, , ,

মাত্র ২৮ বলে অবিশ্বাস্য সেঞ্চুরি। ৪০ বলে ১৫০। ৫২ বলে ২০০। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ম্যাচেই সব রেকর্ড নিজের করে নিলেন ভারত ওপেনার বৈভব সূর্যবংশী।

আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এত দিন দ্রুততম সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

এর আগে দ্রুততম দেড় শ রানের ইনিংস সূর্যবংশীই খেলেছিলেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ১৫০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৫৯ বলে। আজ নিজের সেই রেকর্ড ভেঙেছেন ৪০ বলে ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে।

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন চ্যাড বোয়েসের। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। সূর্যবংশী ডাবল সেঞ্চুরি করলেন ৫২ বলে। ভাবা যায়!

সূর্যবংশী আজ প্রথম ফিফটি করতে খেলেছেন ১৬ বল। এমনিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫০ রানের রেকর্ডও তাঁর। চলতি বছরেই করেছিলেন ১১ বলে ফিফটি।

এক ইনিংসে ২৮টি ছক্কা মেরেছেন সূর্যবংশী বিসিসিআই

ছক্কারও বিশ্ব রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসে সূ্র্যবংশী ছক্কা মেরেছেন ২৮টি। স্বীকৃত ক্রিকেটেই এক ইনিংসে এটি সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২৬টি ছক্কা মেরে এই রেকর্ড ছিল তন্ময় আগারওয়ালের। সেটি ছিল রঞ্জি ট্রফিতে, চার দিনের ম্যাচে। সেই ম্যাচে তিনি করেছিলেন ৩৬৬ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা ২৩টি, মেরেছিলেন ডার্সি শট ও কলিন মানরো।

স্ট্রাইকরেটের রেকর্ডটার কথাই তো বলা হয়নি! আজকের ইনিংসে সূর্যবংশীর স্ট্রাইকরেট ছিল ৩৮৪.৯০। লিস্ট এ ক্রিকেটে এটাই সর্বোচ্চ।

এমন ইনিংসে ভারত ২৫০ রান তাড়া করেছে ১৪.২ ওভারে। যা ২০০ রানের বেশি রান তাড়ায় বিশ্ব রেকর্ড।