ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ট্রেনটি অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল। ১২৫০৮ নম্বরের ট্রেনটিতে দুপুর ১টার দিকে পাতিয়ালা জেলার রাজপুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সরাই বানজারা ও বসন্তপুরা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় আগুন লাগে।
আগুন লাগার পর ট্রেনটি থামিয়ে যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে আম্বালা-রাজপুরা রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অন্য একটি ট্রেনে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বগিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
