বিডি গ্লোবাল ডেস্ক,
এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে কুষ্টিয়ায় ৫৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা। জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. ইমরান বিশ্বাস, জুলাই যোদ্ধা হাফেজ সেলিম রেজা ও শহর শাখার সেক্রেটারি পারভেজ মোশাররফ। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ, নীতি-নৈতিকতা ও জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস—এ কথা মনে রেখে মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; জ্ঞানের গভীরে যেতে হবে এবং জ্ঞান অন্বেষণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা, উৎসাহিত করা এবং নৈতিক ও আদর্শিক বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করে।’
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পবিত্র কোরআনসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবির সম্পর্কে আগে তাঁদের যে ধারণা ছিল, অনুষ্ঠানে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। বিশেষ করে সম্মাননা স্মারক ও উপহারের পাশাপাশি পবিত্র কোরআন উপহার পেয়ে তাঁরা আনন্দিত। ভবিষ্যৎ জীবনে আদর্শিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
