আর্ন্তজাতিক

  • বিশ্বকাপ প্রস্তুতি সেরে ঐক্যের ডাক দিলেন মেসি

    বিশ্বকাপ প্রস্তুতি সেরে ঐক্যের ডাক দিলেন মেসি

    বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতিটা দারুণ হলো আর্জেন্টিনা। হন্ডুরাসের পর এবার আইসল্যান্ডকে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। প্রস্তুতি ম্যাচে শতভাগ জয় তুলে নেওয়ার পর বিশ্বকাপের মূল পর্বেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান লিওনেল মেসি। এ জন্য সতীর্থদের দল হিসেবে খেলার আহ্বান জানালেন দশ নম্বর জার্সিধারী।

    হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। চোটজনিত ঝুঁকি এড়াতে সে ম্যাচে মাঠে নামেননি মেসি। তবে আজ ভোরে আইসল্যান্ড ম্যাচে ৬৯ তম মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ড পরই গোলের দেখা পান তিনি। আলাবামার অবার্ন ইউনিভার্সিটির জর্ডান-হেয়ার স্টেডিয়ামে পেনাল্টি থেকে নিখুঁত ফিনিশিংয়ে জালের দেখা পান আটবারের ব্যালন ডি’অর জয়ী। আর্জেন্টিনা ম্যাচটা জিতে নেয় ৩-০ গোলে। দলের জয়ে অবদান রাখার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব দেখা গেল মেসিকে।

    ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৭ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আইসল্যান্ডের বিপক্ষে এই জয়টা ছিল গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে দলের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছেন মেসি।

    ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খেলার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মেসি। সেই পোস্টের শেষেই বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রতি ঐক্যের বার্তা দেন তিনি। মেসি লিখেছেন, ‘চলো এগিয়ে যাই, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’

    আইসল্যান্ডের বিপক্ষে করা গোলটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ১১৭ তম। একই সঙ্গে তিনি গড়েছেন নতুন এক রেকর্ডও। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতা ফুটবলার হয়ে গেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল আঙ্গেল লাবরুনার দখলে। ‘এল ফেও’ নামে পরিচিত কিংবদন্তি এই ফরোয়ার্ড ১৯৫৭ সালে রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন। আইসল্যান্ডের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মেসি।

  • গুছিয়ে উঠতে আরও দু-এক দিন সময় লাগবে আর্জেন্টিনার

    গুছিয়ে উঠতে আরও দু-এক দিন সময় লাগবে আর্জেন্টিনার

    ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলল বলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে প্রস্তুতিও সেরেছে দারুণভাবে। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার চাপ যে কেমন হয়, সেটা তো তারা বুঝতেই পারছে। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে যে ঝামেলায় তারা পড়েছে, তা ঠিক করতে এখনো দু-এক দিন সময় লাগবে।

    বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনা দল ছোটখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে আছেন গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা ও লেয়ান্দ্রো পারেদেস। যাঁদের মধ্যে মন্তিয়েল ও মলিনা দুজনই ভুগছেন পেশির সমস্যায়। আর লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর বিকল্প এখনো ঠিক করা হয়নি।

    বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে যখন কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর কাছে বালের্দির বিকল্প খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করা হয়। উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি কি বলেছিলাম আগামীকাল? আরও এক দিন সময় লাগতে পারে। যেমনটা গতকাল বলেছিলাম, আমাদের একটা ধারণা আছে। কিন্তু আলোচনা করেছি। তাতে হয়তো আরও এক বা দুই দিন সময় লাগতে পারে।’

    আগামীকাল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দির বিকল্প কে হতে পারেন, তা নিয়ে আরও কয়েক দিন আলাপ-আলোচনা চলবে। বিস্তারিত কিছু না বলে স্কালোনি শুধুই ইঙ্গিত দিয়েছেন যে, বালের্দির বিকল্প হিসেবে তাঁর (স্কালোনি) কাছে দুই ফুটবলার রয়েছেন। টিওয়াইসির প্রতিবেদন থেকে জানা গেছে, বিকল্পদের মধ্যে গুইদো রদ্রিগেস এগিয়ে আছেন।

    আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার তিন ফুটবলার গোল পেয়েছেন। ৮, ৭১ ও ৮৬ মিনিটে গোল করেছেন ভ্যালেন্তিন বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। যার মধ্যে মেসি ৭০ মিনিটে মাঠে নামার ২ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেছেন। তবে নিকো পাজের খেলা স্কালোনির নজর কেড়েছে। শুরুর একাদশে থাকা পাজ খেলেছেন ৫৭ মিনিট। ৩-০ গোলে জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেন, ‘নিকোকে বেশ স্বচ্ছন্দে দেখেছি। আগেই দেখেছিলাম যে সে দলে ফিরে আসতে উদ্‌গ্রীব ছিল। আজ স্পষ্ট হয়েছে যে, সে খুব ভালো অবস্থায় আছে এবং কোমোর হয়ে যেভাবে প্রতিটি ম্যাচে খেলে, ঠিক সেভাবেই খেলেছে। আমরা খুব খুশি। কারণ, সে দারুণ একটি ম্যাচ খেলেছে। আজকের পরীক্ষাটা আমাকে সন্তুষ্ট করেছে এবং দলটির কী অভাব থাকতে পারে, সে সম্পর্কে সন্দেহ দূর হয়েছে।’

    ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

  • বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ

    বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ

    সবকিছু ঠিক থাকলে আগামীকাল উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন পর আবার ফুটবল বিশ্বকাপের আয়োজক মেক্সিকো।

    বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চায় না মেক্সিকো। প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সকল সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলে অনলাইন ক্লাস চালু হবে কি না তা নিয়ে কিছু জানানো হয়নি।

    রাস্তাঘাটে গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে এবং নিরাপত্তা সুষ্ঠ থাকে তার জন্যই এই ব্যবস্থা। বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।

    বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

    তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

    বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটবলার অংশ নেবেন। এবার বৃহত্তম বিশ্বকাপ হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মেক্সিকোয়।

  • পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহী নিহত

    পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহী নিহত

    পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের।
    বিবৃতিতে বলা হয়েছে, বুধবার উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে মুজাফফরাবাদের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছান। হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হয়েছেন।

    তবে হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন এবং তারা কারা ছিলেন- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি আইএসপিআর।

    আইএসপিআর জানায়, এই দুর্ঘটনাটির সঠিক কারণ জানতে তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
    বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্য এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন

  • নিঃসঙ্গ মমতা ছুটলেন সোনিয়ার কাছে

    নিঃসঙ্গ মমতা ছুটলেন সোনিয়ার কাছে

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিধানসভা এবং সংসদে ব্যাপক বিদ্রোহের মুখে পড়ে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র নেত্রী এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিঙয় মমতা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে গিয়েছেন। তবে মঙ্গলবার সংবাদ বৈঠকে বিদ্রোহীদের আক্রমণ করে মুখ খুলেছেন মমতা অনুগত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ কীর্তি আজাদ।

    দলের মধ্যে বিদ্রোহ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, “ওরা (বিদ্রোহী সাংসদরা) ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে গিয়েছিলেন, এর মানে হলো ওরা বিজেপিতে যোগ দিয়েছে। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নরেন্দ্র মোদিকে নেতা বানিয়েছে।” কল্যাণের আক্রমণের জবাব দিয়েছেন বিদ্রোহী শিবিরের অন্যতম ‘মুখ’ কাকলি ঘোষ দস্তিদারও।

    বিদ্রোহী নেতাদের এনডিএ-তে যোগ দেয়ার পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আপনাদের (বিজেপি) কাছে মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই এবং অন্যান্য ক্ষমতা আছে, কিন্তু আমার আছে ‘মা, মাটি, মানুষ’, আমার দল, আমার দলের কর্মীরা এবং পশ্চিমবঙ্গের মানুষ।” বিদ্রোহী হওয়া তারকা সাংসদদেরও নিশানা করে তিনি বলেন, “ফিল্মস্টাররা সব ভিনদেশি তারা। এদের ধারণা হলো, যেহেতু পাবলিক আমাদের দেখে দৌড়ে আসে, সংসদে সবাই আমাদের পেছন পেছন দৌড়ে যাবে।

    এদিকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি- দুর্নীতি থেকে শুরু করে দলনেত্রীর নাগাল না পাওয়া পর্যন্ত, বছরের পর বছর ধরে অসংখ্য সমস্যা জমে উঠেছিল এবং এমন এক অসন্তোষ তৈরি করেছিল যা এখন মমতার নেতৃত্বাধীন দলটিকে তাড়া করে ফিরছে।

    চারবারের সাংসদ ও বিদ্রোহীদের অন্যতম মুখ শতাব্দী রায়, যিনি ২০০৯ সাল থেকে মমতার পাশে রয়েছেন, দাবি করেছেন, সাবেক মুখ্যমন্ত্রী- যিনি ‘দিদি’ নামে জনপ্রিয়-সমপ্রতি “বদলে গেছেন”, এই পরিবর্তনটি তিনি ভালোভাবে নেননি। রায় আরও বলেন যে, মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে কেন তারা আগে এই বিষয়গুলোতে চুপ ছিলেন এবং কেবল যখন দল সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, তখনই কেন বিষয়টি উত্থাপন করছেন। তিনি বলেন, “এর কারণ হলো, এখন সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন কী হয়েছিল তা আমরা দেখেছি। আমি এখনকার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু আমাকে এটা আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য করতে হবে।”

    এ.জেড

  • ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

    ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে গতকাল সোমবার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রিখটার স্কেলে তীব্র মাত্রার এই ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।

    বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ‘জলিবি’র একটি রেস্তোরাঁ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ভিডিও সামনে এসেছে।

    স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদরাত, সারাঙ্গানি প্রদেশ এবং জেনারেল সান্তোস শহরে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন।

    ভূমিকম্পের উৎপত্তিস্থল বা উপকেন্দ্রের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস শহরটি ফিলিপাইনের ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত এবং এটি বিশ্বখ্যাত বক্সার ও রাজনীতিবিদ ম্যানি প্যাকিয়াও-এর দেশের বাড়ি। ভূমিকম্পের পর উপকূলীয় সারাঙ্গানি প্রদেশে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যা পরবর্তীতে সচল করা হয়। মূল ভূমিকম্পের পর ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ মাত্রার ১৩০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

    ফিলিপাইনের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাভাও অক্সিডেন্টাল প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সকালের প্রাত্যহিক সমাবেশের (পিটি) সময় তীব্র কম্পনে আতঙ্কিত শিক্ষার্থীরা মাটিতে বসে চিৎকার করছে।

    ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছিল। জাপানের কর্তৃপক্ষও তাদের উপকূলে এক মিটার উঁচু ঢেউয়ের আঘাতের সতর্কতা জারি করে।

  • বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

    বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

    বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ভক্তদের জন্য একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

    নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, বিশ্বকাপ শিরোপা জিততে পারলে তিনি এই প্রতিশ্রুতি পূরণ করবেন। বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ।

    বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ২০২৪ ইউরো জয়ের স্মৃতি তুলে ধরেন। ইয়ামালের মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক। তবে তিনি শিখেছেন, শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ রাখতে হয়, কারণ একটি বড় আসর দীর্ঘ সময়ের লড়াই।

    ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইয়ামাল। তিনি স্বীকার করেন, একসময় মনে হয়েছিল পুরস্কারটি তার হাতেও উঠতে পারে। কিন্তু পরে উপলব্ধি করেন, তখনো তিনি যথেষ্ট পরিণত ছিলেন না এবং পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারতেন না। তাই উসমান দেম্বেলের জয়কে তিনি ইতিবাচকভাবেই দেখেন।

    দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, ফরাসি এই তারকা তাকে নিয়মিত পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়গুলোতে মানসিক সমর্থন জুগিয়েছেন। তার ব্যক্তিগত ও পেশাদার উন্নতিতে দেম্বেলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

    বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। এরপর মূল আসরে গ্রুপ এইচে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে দলটি।

  • বিএসএফ’র পুশইন চেষ্টা ১১ জনের মানবতার জীবনযাপন

    বিএসএফ’র পুশইন চেষ্টা ১১ জনের মানবতার জীবনযাপন

    ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’-এর শিকার ১১ জনের প্রায় ৪০ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
    শনিবার ভোরে নারী, পুরুষ ও শিশুসহ ওই ১১ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করলে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেয়। এরপর থেকেই তারা সীমান্ত এলাকায় আটকে রয়েছেন।

    আটকে পড়াদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু। তাদের মধ্যে একজন ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী এবং একজন প্রতিবন্ধী শিশু রয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুই দফা পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।

    ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজিনা আক্তার জানান, তিনি বাবা-মায়ের সঙ্গে ভারতের কলকাতায় বসবাস করছিলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরানোর পর ঠাকুরগাঁও সীমান্তে এনে ছেড়ে দেওয়া হয়।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খোলা মাঠে পড়ে থাকা নারী ও শিশুদের অবস্থা অত্যন্ত করুণ। মানবিক কারণে গ্রামবাসীরা খাবার ও পানি দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

    ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে অবৈধ পুশইনের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। আইন ও নিয়ম অনুযায়ী যাচাই–বাছাই শেষে বাংলাদেশি নাগরিকদের গ্রহণ করা হবে, তবে অবৈধভাবে ঠেলে দেওয়া কাউকে গ্রহণ করা হবে না।

    এদিকে দীর্ঘ সময় ধরে শূন্যরেখায় আটকে থাকা নারী, শিশু ও অসহায় মানুষের মানবিক সংকট নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • “ইনকিলাব জিন্দাবাদ ”শ্লোগানে মুখরিত

    “ইনকিলাব জিন্দাবাদ ”শ্লোগানে মুখরিত

    ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিক্ষোভস্থলে পৌঁছালে উপস্থিত জনতা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে তাকে স্বাগত জানায়।

    ককরোচ জনতা পার্টি অভিযোগ করে জানায়, দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধান ‘সরাসরি দায়ী’। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    যুক্তরাষ্ট্র থেকে শনিবার ভোরে দিল্লিতে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দিল্লি পুলিশ তাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।

    বিক্ষোভকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ধর্মেন্দ্র প্রধানের নাম উল্লেখ করা হয়।

    উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যের পর অনলাইনে ব্যঙ্গধর্মী আন্দোলন হিসেবে ‘ককরোচ জনতা পার্টির’ যাত্রা শুরু হয়। এক শুনানিতে প্রধান বিচারপতি এক শ্রেণির তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। সেই মন্তব্যকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন।

    সময়ের সঙ্গে আন্দোলনটি বিভিন্ন পরিচিত ব্যক্তির সমর্থন পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশটির শিক্ষা সংস্কারক ও জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী সোনাক্ষি সিনহা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ সহ অনেকেই।

  • সব বাধা পেরিয়ে মার্কিন ভিসা পেলেন ইরানি ফুটবলাররা

    সব বাধা পেরিয়ে মার্কিন ভিসা পেলেন ইরানি ফুটবলাররা

    চলমান যুদ্ধ ও চরম কূটনৈতিক উত্তেজনার মধ্যেই আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার মাত্র ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

    হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ জানিয়েছিলেন, স্কোয়াডের খেলোয়াড়রা তখনও মার্কিন ভিসা পাননি। তবে হোয়াইট হাউসের কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৪ জুন) রাতেই এই ভিসা মঞ্জুর করা হয়।

    তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় এই খবর নিশ্চিত করে আঙ্কারার মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানান।

    তবে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, খেলোয়াড়দের ভিসা দেওয়া হলেও দলটির কারিগরি ও প্রশাসনিক কর্মীদের কিছু সদস্যের ভিসা এখনও মার্কিন প্রশাসন ইস্যু করেনি। এই বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

    যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি এইবারের ফুটবল বিশ্বকাপকে একটি ভূ-রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে পরিণত করেছে। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি রাষ্ট্রকে স্বাগত জানাতে যাচ্ছে যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত। ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে দলের অবস্থান যথাসম্ভব সীমিত রাখার উদ্দেশ্যে তেহরান শেষ মুহূর্তে তাদের ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তরিত করেছে।

    রোববার (৭ জুন) ভোরে দলটির টিজুয়ানাতে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ পর্বের খেলা শুরু করবে। একই গ্রুপে তাদের পরবর্তী প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর।

    মেক্সিকোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত পাসান্দিদেহ জানান, যুক্তরাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা ইরানি দলকে তাদের মাটিতে চায় না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে বিশ্বকাপের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দেবে না ওয়াশিংটন। এই কড়াকড়ির কারণে সাবেক আইআরজিসি কমান্ডার ও ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি পাননি।

    যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও বিশ্বকাপে অংশ নেওয়ার এই সিদ্ধান্তকে শান্তির বার্তা হিসেবে দেখছে তেহরান। রাষ্ট্রদূত পাসান্দিদেহ মন্তব্য করেছেন, শত্রুর মাটিতে গিয়েও বিশ্বকাপে ইরানের এই অংশগ্রহণ প্রমাণ করে যে তারা শান্তি চায়। বর্তমানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে এবং সামরিক হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকা সত্ত্বেও উভয় পক্ষই একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।