সারাদেশ

  • মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

    মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

    ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী চাপাতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামে ইসমাইলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

    বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

    খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলম জানান, লাশের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।

    এদিকে সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশি তদন্তের অপেক্ষায় স্থানীয়রা।

  • উৎপাদন বেড়েছে পান বিক্রি বাজারে দাম নেই

    উৎপাদন বেড়েছে পান বিক্রি বাজারে দাম নেই

    লক্ষ্মীপুরের রায়পুরে পানের উৎপাদন বাড়লেও বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। গত বছর যে পান ১২০ টাকায় বিক্রি হতো, এ বছর তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৪০ টাকায়। উৎপাদন বৃদ্ধি এবং বাজারে বেচাকেনা জমজমাট থাকলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন তারা।

    রায়পুরের হায়দরগঞ্জ বাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার পান কেনাবেচা হয়। মধ্যরাত থেকে বিভিন্ন এলাকার চাষিরা পান নিয়ে বাজারে আসেন। ভোরে শুরু হয় বেচাকেনা, যা চলে সকালজুড়ে। এ বাজারের পান স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি হাতিয়া, চট্টগ্রাম, ফেনী ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

    বাজারে পান বিক্রি করতে এসে হতাশা প্রকাশ করেন চাষি সাহেদ মাঝী। তিনি বলেন, “এত পান নিয়ে আসছি, বিক্রি করে বলদের পয়সাও হবে না।” তার কথায়, উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় চাষিদের দুরবস্থার চিত্র উঠে এসেছে।

    চাষিরা জানান, এ বছর পানের সংক্রমণজনিত রোগের প্রকোপ তুলনামূলক কম থাকায় উৎপাদন বেড়েছে। তবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে বাজারদর না বাড়ায় তারা প্রত্যাশিত আয় পাচ্ছেন না। এতে চাষের খরচ তোলাও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

    পানচাষি বারেক উদ্দিন বলেন, শ্যামবাজার ও চাঁদপুরের মতো রায়পুরের হায়দরগঞ্জ বাজারেও ব্যাপক পরিসরে পানের বেচাকেনা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এখানে পান কিনতে আসেন।

    রায়পুরে পানের বেচাকেনার উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার পানহাটা, হায়দরগঞ্জ বাজার ও ক্যাম্পেরহাট। এসব বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে পানচাষি ও ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পান সরবরাহ করা হয়।

    সংশ্লিষ্টদের মতে, উৎপাদন বৃদ্ধি এবং বাজারে নিয়মিত বেচাকেনা সত্ত্বেও দাম কম থাকায় চাষিরা আর্থিক সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছেন। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চাষিরা উপকৃত হবেন। পাশাপাশি এ অঞ্চলের পানকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

  • দুই গাভি থেকে খামার, শাকিলের সাফল্যে

    দুই গাভি থেকে খামার, শাকিলের সাফল্যে

    সংসারে অভাব, কাঁধে পরিবারের দায়িত্ব—সব মিলিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়নি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নাজিরপুর গ্রামের শাকিল তালুকদারের (২৯)। এইচএসসি পাসের পরই নামতে হয় উপার্জনের লড়াইয়ে। তবে প্রতিকূলতার কাছে হার না মেনে প্রশিক্ষণ ও পরিশ্রমকে পুঁজি করে গড়ে তুলেছেন খামার। দুটি গাভি ও ছয়টি ছাগল নিয়ে শুরু করা তার উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে গবাদিপশু পালন, মাছ চাষ ও কৃষিতে। বর্তমানে তার খামারে কাজ করছেন ১২ জন শ্রমিক। শাকিলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই গ্রামের প্রায় ৪০ জন তরুণও কৃষি ও খামারভিত্তিক কাজে যুক্ত হয়েছেন।

    শাকিল ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। পরিবারের আর্থিক সংকটের কারণে এইচএসসি পাসের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা, সংসারের খরচ এবং ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব সামলাতে গিয়ে তাকে উপার্জনের পথ খুঁজতে হয়। তার মেজ ভাই একটি দোকানে কাজ করেন।

    পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে শাকিল উপলব্ধি করেন, স্বাবলম্বী হতে হলে নিজেকেই কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। সেই চিন্তা থেকে ২০২১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রাণিসম্পদ, মৎস্য ও গবাদিপশু পালনের প্রশিক্ষণ নেন। পরে ২০২৩ সালে একই অধিদপ্তর থেকে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণও গ্রহণ করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যুব ঋণসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে শুরু করেন গবাদিপশু পালন।

    প্রাথমিক পর্যায়ে তার খামারে ছিল দুটি গাভি ও ছয়টি ছাগল। গাভির দুধ বিক্রি করে যে অর্থ আয় হতো, তা আবার খামারের উন্নয়নে বিনিয়োগ করতেন। ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর উদ্যোগের পরিসর। বর্তমানে খামারে রয়েছে ১২টি গাভি ও ১০টি ছাগল।

    পশুপালনের পাশাপাশি কৃষি ও মাছ চাষেও যুক্ত হয়েছেন শাকিল। প্রায় তিন একর জমিতে আখ, মরিচ, টমেটো, ধান, ওলকচু, লাউ, মিষ্টিকুমড়া ও লতিরাজ কচুসহ বিভিন্ন ফসল ও শাকসবজি চাষ করছেন। এ ছাড়া দুটি পুকুরে করছেন মাছের চাষ। সব মিলিয়ে তার উদ্যোগে বর্তমানে ১২ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

    শাকিলের সাফল্য শুধু তার নিজের পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন আনেনি, গ্রামের অন্য তরুণদেরও নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তাকে দেখে কেউ সবজি চাষে, কেউ মাছ চাষে আগ্রহী হয়েছেন। আবার কেউ কৃষিকে কেন্দ্র করে নিজস্ব উদ্যোগ গড়ে তোলার চেষ্টা করছেন। এভাবে তাঁর সাফল্য অনুসরণ করে গ্রামের প্রায় ৪০ জন তরুণ কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছেন।

    নাজিরপুর গ্রামের মো. কবির হোসেন, আব্দুল গফুর ও শহীদ আলী বলেন, শাকিলের কাজ দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। তার পরিকল্পনা ও কাজের ধরন অনুসরণ করে নিজেরাও সবজি ও মাছ চাষ শুরু করেছেন। তাদের ভাষ্য, শাকিলকে দেখে তারা বুঝেছেন, চেষ্টা ও পরিশ্রম থাকলে গ্রামেও স্বাবলম্বী হওয়া সম্ভব। তিনি গ্রামের একজন সফল উদ্যোক্তা, যা তাদের গর্বিত করে।

    কৃষি ও খামার পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত শাকিল। তিনি আলমপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। আনসার সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও অংশ নেন। নিজের জীবনে পরিবর্তন আনার পাশাপাশি সমাজের মানুষের জন্য কাজ করেও আত্মতৃপ্তি পান তিনি।

    শাকিলের সাফল্যের পেছনে প্রশিক্ষণ ও পরিশ্রমের ভূমিকার কথা তুলে ধরেছেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, শাকিল অত্যন্ত পরিশ্রমী একজন যুবক। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে তিনি সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার আরও উন্নতি কামনা করেন এই কর্মকর্তা।

    শাকিলের পথচলা দেখাচ্ছে, কর্মসংস্থানের জন্য শুধু চাকরির অপেক্ষায় না থেকে দক্ষতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেও উদ্যোগ গড়ে তোলা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন পরিকল্পনা, পরিশ্রম ও ধৈর্য। সীমিত সামর্থ্য নিয়ে দুটি গাভি থেকে শুরু করা তার উদ্যোগ আজ নিজের পরিবারের জীবিকার অবলম্বন হওয়ার পাশাপাশি গ্রামের অন্য তরুণদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।

  • উৎপাদন থেকে রপ্তানি,  অর্থনৈতিক মানচিত্র

    উৎপাদন থেকে রপ্তানি, অর্থনৈতিক মানচিত্র

    উত্তরাঞ্চলের কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী শিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে একাধিক স্থানে পর্যায়ক্রমে ‘কৃষি অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগের সম্ভাবনাময় স্থান হিসেবে জয়পুরহাট ও বগুড়া জেলা উঠে এসেছে। এর মধ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের তারাপানি মৌজায় এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভায় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এর মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য সমন্বিত অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সম্প্রতি সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনামূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষসহ (বেপজা) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। সভায়, কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার পরিবর্তে ‘কৃষি অর্থনৈতিক অঞ্চল’ গঠন করাকে অধিক কার্যকর বলে মত দেন অংশগ্রহণকারীরা। কৃষি মন্ত্রণালয়ের সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে জয়পুরহাট ও বগুড়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিপণ্য উৎপাদন, কৃষিভিত্তিক ব্যবসা এবং যোগাযোগব্যবস্থার কারণে এ দুটি জেলাকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে।জয়পুরহাট দীর্ঘদিন ধরেই কৃষিপ্রধান জেলা হিসেবে পরিচিত। এ জেলার অর্থনীতির বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। ধান, আলু, ভুট্টা, সরিষা, শাকসবজি এবং বিভিন্ন মৌসুমি কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে জেলার কৃষকরা জাতীয় কৃষি অর্থনীতিতে অবদান রাখছেন। কৃষিপণ্যের উৎপাদনের পাশাপাশি এসব পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সম্প্রসারণ করা গেলে স্থানীয় কৃষি অর্থনীতিতে আরও গতিশীলতা আসতে পারে। বিশেষ করে আলু ও অন্যান্য কৃষিপণ্যকে কেন্দ্র করে আধুনিক সংরক্ষণাগার, বাছাই ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র, প্যাকেজিং কারখানা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে উৎপাদনস্থলের কাছাকাছি এসব সুবিধা তৈরি করা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা, অপচয় কমানো এবং দেশি-বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মান নিশ্চিত করার সুযোগ বাড়বে।

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের তারাপানি মৌজাকে প্রাথমিকভাবে সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। জেলা প্রশাসন ইনভেস্ট বাংলাদেশের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী প্রস্তাবিত জমির তথ্য পাঠিয়েছে। এ কারণে ওই স্থানে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিতে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    অন্যদিকে বগুড়া উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যিক কেন্দ্র। জেলাটির কৃষি উৎপাদন, বাজারব্যবস্থা, ব্যবসায়িক কার্যক্রম এবং যোগাযোগসুবিধা কৃষিভিত্তিক শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। ধান, আলু, ভুট্টা, শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনের ক্ষেত্রেও বগুড়ার ভূমিকা রয়েছে।

    বগুড়ার কৃষির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৃষির সঙ্গে ব্যবসা ও শিল্পের সংযোগ তৈরির সম্ভাবনা। কৃষিপণ্য উৎপাদনের পর সেগুলো প্রক্রিয়াজাত করে বাজারজাত করা গেলে কাঁচামালের স্থানীয় চাহিদা তৈরি হবে। একই সঙ্গে কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও শিল্পকারখানার কর্মীদের জন্য নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এ স্থান সম্পর্কে ইনভেস্ট বাংলাদেশের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসনকে পাঠাতে বলা হয়েছে। তথ্য পাওয়ার পর সেখানে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    উৎপাদন থেকে রপ্তানি-এক ছাতার নিচে কৃষির সব কার্যক্রম

    কৃষি অর্থনৈতিক অঞ্চলের মূল লক্ষ্য শুধু জমিতে শিল্পকারখানা স্থাপন নয়, বরং কৃষির সঙ্গে শিল্প, প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের সংযোগ তৈরি করা। বর্তমানে কৃষকরা বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদন করলেও অনেক ক্ষেত্রে আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সীমিত। কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। এখানে কৃষিপণ্য সংগ্রহ ও বাছাই, আধুনিক হিমাগার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, প্যাকেজিং, পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ এবং রপ্তানিসংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা যেতে পারে। এর ফলে কাঁচা কৃষিপণ্য বিক্রির পরিবর্তে কৃষকের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে অধিক মূল্য সংযোজন করা সম্ভব হবে। উদাহরণ হিসেবে আলু থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, ফল থেকে জুস ও পাল্প, শাকসবজি থেকে হিমায়িত ও প্রক্রিয়াজাত খাদ্য এবং বিভিন্ন কৃষিপণ্য থেকে রপ্তানিযোগ্য খাদ্যসামগ্রী উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।

    এ ধরনের শিল্পের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে নিয়মিত কাঁচামাল সংগ্রহ করতে হবে। ফলে কৃষকদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে। চুক্তিভিত্তিক চাষাবাদ, মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যবহারও উৎসাহিত হতে পারে। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নের জন্য কৃষকের স্বার্থ সুরক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব শিল্পব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

    ইপিজেড নয়, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত

    সভায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) প্রতিষ্ঠার পরিবর্তে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

    কৃষিসচিব মো. সেলিম খান সভায় উল্লেখ করেন, কৃষি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ৯০ শতাংশ পণ্য রপ্তানির বাধ্যবাধকতা থাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করাই অধিক যুক্তিযুক্ত। বিশেষ করে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে। সভায় উপস্থিত সদস্যরাও এ মতের সঙ্গে একমত পোষণ করেন।

    এ সিদ্ধান্তের ফলে প্রস্তাবিত অঞ্চলগুলোতে শুধু রপ্তানির জন্য পণ্য উৎপাদন নয়, বরং দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ এবং রপ্তানি-উভয় ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ বিবেচনায় আসবে।

    সভায় ইনভেস্ট বাংলাদেশের সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ বলেন, প্রাপ্ত জমির তালিকার ভিত্তিতে চূড়ান্ত স্থান নির্বাচনের আগে প্রস্তাবিত জমিগুলোর সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। এ জন্য ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) অথবা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সিঙ্গেল সোর্স পদ্ধতিতে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করার সুযোগ রয়েছে।

    সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন পাওয়ার পর প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রস্তুত করে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাবে।

    পঞ্চগড়সহ অন্য জেলাও বিবেচনায়

    কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা শুধু জয়পুরহাট ও বগুড়ায় সীমাবদ্ধ থাকছে না। উত্তরাঞ্চলের একাধিক উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে এ ধরনের অঞ্চল গড়ে তোলার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার জমিসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে কিছু জেলা থেকে ইনভেস্ট বাংলাদেশের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য পাওয়া গেছে।

    পঞ্চগড় জেলায় ইতোমধ্যে তৎকালীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ দেওয়া ২১৭ দশমিক ৭৮ একর অকৃষি খাসজমি রয়েছে। ওই জমিতে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব কি না, সে বিষয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের লিখিত সম্মতি চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, প্রাথমিকভাবে জয়পুরহাট ও বগুড়ার সম্ভাব্য স্থানগুলোর পাশাপাশি পঞ্চগড়ের জমিও বিবেচনায় রাখা হচ্ছে। ভবিষ্যতে উত্তরাঞ্চলের অন্যান্য জেলার উপযুক্ত স্থানগুলোও এ পরিকল্পনার আওতায় আসতে পারে।

    বাস্তবায়নের আগে বড় পরীক্ষা সম্ভাব্যতা যাচাই

    কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রস্তাবিত স্থানগুলোর সম্ভাব্যতা যাচাই। জমির পরিমাণ ও মালিকানা, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাসের প্রাপ্যতা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষিপণ্যের সরবরাহ, বাজারের অবস্থান এবং বিনিয়োগের সম্ভাবনা-সবকিছু বিবেচনায় নিয়ে এ যাচাই করতে হবে। এ ছাড়া কোন স্থানে কী ধরনের কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সবচেয়ে লাভজনক হবে, সে বিষয়েও গবেষণা প্রয়োজন। বিশেষ করে জয়পুরহাট ও বগুড়ার কৃষিপণ্যের ধরন, উৎপাদনের পরিমাণ, মৌসুমি সরবরাহ এবং সম্ভাব্য রপ্তানি বাজার বিশ্লেষণ করে শিল্প স্থাপনের পরিকল্পনা করা জরুরি।

    সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষ্যে টার্মস অব রেফারেন্স (টিওআর) প্রস্তুত করবে কৃষি মন্ত্রণালয়। এ কাজে ইনভেস্ট বাংলাদেশ সার্বিক সহযোগিতা করবে। বিশেষজ্ঞ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পের আর্থিক, কারিগরি ও পরিবেশগত দিক বিবেচনা করে ডিপিপি প্রস্তুত করা হবে। এরপর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উত্তরাঞ্চলের কৃষিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরিকল্পনার সফলতা নির্ভর করবে বাস্তবসম্মত স্থান নির্বাচন, পর্যাপ্ত অবকাঠামো, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং কৃষকের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির ওপর।

    জয়পুরহাটের ক্ষেতলাল ও বগুড়ার দুপচাঁচিয়ায় সম্ভাব্যতা যাচাইয়ের মধ্য দিয়ে এ উদ্যোগের প্রাথমিক অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে। পরিকল্পনা ও সম্ভাবনার উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি শুধু উৎপাদননির্ভর অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং কৃষিভিত্তিক শিল্পায়ন ও রপ্তানির নতুন অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠতে পারে।

    এ বিষয়ে কৃষিসচিব মো. সেলিম খান ঢাকা পোস্টকে বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মধ্যে একটি কার্যকর সমন্বয় তৈরি করা সম্ভব হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়ন করা হচ্ছে।

    তিনি বলেন, প্রাথমিকভাবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাপানি মৌজা এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভাকে সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ দুটি স্থানের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলার উপযুক্ত স্থানগুলোও বিবেচনায় রয়েছে। এ কারণে জমি চূড়ান্ত করার আগে সম্ভাব্যতা যাচাই, অবকাঠামোগত সুবিধা, কৃষিপণ্যের প্রাপ্যতা, বিনিয়োগের সম্ভাবনা এবং যোগাযোগব্যবস্থা বিশ্লেষণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় টার্মস অব রেফারেন্স প্রস্তুত করবে কৃষি মন্ত্রণালয় এবং ইনভেস্ট বাংলাদেশ এ কাজে সহযোগিতা করবে।

    তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য শুধু কয়েকটি শিল্পকারখানা স্থাপন করা নয়, বরং কৃষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও রপ্তানিকারকদের সমন্বয়ে একটি কার্যকর কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষির বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

  • ২১০০ কৃষক  পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে ফসল ফলাচ্ছেন

    ২১০০ কৃষক পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে ফসল ফলাচ্ছেন

    প্লাস্টিকের বোতল ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে দূষণের সমস্যা নিরসন করতে এক অভিনব উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে বাংলাদেশে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এই প্লাস্টিক ফার্মিংয়ের উদ্যোগ নিয়েছে।এর অংশ হিসেবে প্রথমে বিভিন্ন জলাশয় থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়। এরপর এই পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে ভাসমান বেড তৈরি করে মাটি ও কম্পোস্টের মাধ্যমে বীজ বপন করা হয়। প্রায় দুই বছর ধরে বিভিন্ন গবেষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও পিরোজপুরের ভূমিহীন কৃষকদের সঙ্গে নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়।

    উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কর্মকর্তারা অঞ্চলের ভূমিহীন কৃষকদের প্লাস্টিক ফার্মিং পদ্ধতি শেখান। এছাড়া, গ্রামে গ্রামে কৃষকদের প্লাস্টিক ফার্মিং শেখাতে ভিডিও টিউটোরিয়াল দেখানোর কর্মসূচি এবং একটি ওয়েবসাইট প্রস্তুত করা হয়।

    ফলে ২০টি গ্রামের ২ হাজার ১০০ জন কৃষক প্লাস্টিক ফার্মিংয়ের আওতায় আসেন এবং তারা নিজস্ব প্রচেষ্টায় শীতকালীন শাকসবজি ফলনে বেশ সফল হন। প্লাস্টিক দূষণ হ্রাসের পাশাপাশি, ফসল উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা জোরদারসহ ভূমিহীন কৃষকদের ভাগ্য পরিবর্তনে উদ্যোগটি ভবিষ্যতে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

  • চালকলের বর্জ্যে বিপন্ন কৃষিজমি

    চালকলের বর্জ্যে বিপন্ন কৃষিজমি

    চালকলের বর্জ্যে

    চালকলের ছাই, বর্জ্য, পলিথিন ও দূষিত পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার খাজানগর-কবুরহাট এলাকার কৃষিজমি ও জনবসতি। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দেশের বৃহত্তম চালের মোকাম হিসেবে পরিচিত এই এলাকায় পরিবেশ দূষণ বন্ধে মিল মালিকদের দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা পেরিয়ে গেছে দুই মাসের বেশি সময়। কিন্তু দূষণ পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

    গত ২৯ জুলাই খাজানগরের চালকলগুলোতে পরিবেশ দূষণের অভিযোগে অভিযান চালায় পরিবেশ রক্ষা কমিটি। এ সময় দূষণ নিয়ন্ত্রণে মিল মালিকদের দুই মাসের সময় দেওয়া হয়। অভিযানে মনিটরিং কমিটির সভাপতি ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান মিল মালিকদের সতর্ক করে বলেন, এভাবে পরিবেশ দূষণ করা যাবে না। মিল মালিকদের সদিচ্ছার অভাবে যেভাবে দূষণ হচ্ছে, দুই মাস পর যেন আর এমন পরিস্থিতি দেখতে না হয়।

    তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরসংলগ্ন স্বর্গপুর গ্রামের কৃষক মন্টু সাধু বলেন, চালকলের ময়লা-আবর্জনা, পলিথিন, নোংরা পানি ও ছাই এসে পড়ছে তাঁদের আবাদি জমিতে। এতে জমিতে চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে প্রতি বিঘায় ২৫ মণ ধান পাওয়া যেত, এখন ১০ মণও পাওয়া যাচ্ছে না।

    মন্টু সাধুর অভিযোগ, মিল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা বলে, ‘ময়লা পানি ও ছাই এভাবেই যাবে।’ কৃষি কর্মকর্তাদের কাছেও অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার পাননি তাঁরা। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেও মিল মালিকদের রোষানলে পড়তে হয় বলে দাবি করেন তিনি।

    খাজানগর এলাকার বাসিন্দা রাইসুল ইসলাম বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কৃষি কর্মকর্তা এসে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।’
    এলাকার গৃহবধূ শ্যামলী খাতুন বলেন, ‘ছাই ও দূষণের কারণে সন্তানদের নিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। মিল মালিকদের সময় বেঁধে দেওয়া হলেও সেই সময় পার হওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়নি, বরং ভোগান্তি বেড়েছে।’

    কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, ‘যেসব মিল মালিকের বিরুদ্ধে ছাই ছড়ানো ও বায়ুদূষণের অভিযোগ রয়েছে, তাঁদের নজরদারিতে রাখা হচ্ছে। পরিবেশদূষণ বন্ধে নিয়মিত পরামর্শও দেওয়া হচ্ছে।’

    অন্যদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণকারী চালকলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ২৭টি মিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জানানো হয়েছে।
    কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক বলেন, ‘পরিবেশ দূষণের মাত্রা বিবেচনায় নিয়ে মিলগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—অতি দূষণকারী, মধ্যম দূষণকারী, নিম্ন দূষণকারী ও গ্রহণযোগ্য। এর মধ্যে অতি দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।’

  • সারাদেশে এইচএসসির ফলে ধস, এগিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা

    সারাদেশে এইচএসসির ফলে ধস, এগিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা

    এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

    গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সার্বিকভাবে ফলাফলে বড় ধরনের অবনতি হলেও রাজধানী ঢাকার মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাশের হার তুলনামূলকভাবে অনেক বেশি। এবার ঢাকা মহানগরীতে পাশের হার প্রায় ৮০ শতাংশ।

    অন্যদিকে, ঢাকা জেলায় পাশের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩টি জেলার মধ্যে আটটিতেই পাশের হার ৫০ শতাংশের নিচে। জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার নরসিংদীতে, ৬৬ দশমিক ৬১ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

    চলতি বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন।

    তবে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল ছিল তুলনামূলক ভালো। এখানে পাশের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।

    জেলা অনুযায়ী ফলাফলে দেখা যায়, ঢাকা জেলায় পাশের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ, গাজীপুরে ৬১ দশমিক ৪৯ শতাংশ, নারায়ণগঞ্জে ৪৫ দশমিক ৭৯ শতাংশ এবং নরসিংদীতে ৬৬ দশমিক ৬১ শতাংশ।

    এ ছাড়া মুন্সিগঞ্জে পাশের হার ৫০ দশমিক ৬২ শতাংশ, মানিকগঞ্জে ৩৮ দশমিক ২৫ শতাংশ, টাঙ্গাইলে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, ফরিদপুরে ৪৯ দশমিক ৭৬ শতাংশ, মাদারীপুরে ৪১ দশমিক ৮৫ শতাংশ, শরীয়তপুরে ৪১ দশমিক ০৫ শতাংশ, রাজবাড়ীতে ৪০ দশমিক ৮২ শতাংশ, গোপালগঞ্জে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং কিশোরগঞ্জে ৫০ দশমিক ৭৪ শতাংশ।

    এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলও তুলনামূলক ভালো। এসব প্রতিষ্ঠানে এবার পাশের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।

  • চারঘাটে প্রচলিত ফসলের পাশাপাশি মাল্টা, আঙুর ও আনার চাষ বাড়ছে

    চারঘাটে প্রচলিত ফসলের পাশাপাশি মাল্টা, আঙুর ও আনার চাষ বাড়ছে

    রাজশাহীর চারঘাট উপজেলায় প্রচলিত ফসলের পাশাপাশি ফল ও উচ্চমূল্যের ফসলের আবাদ বাড়ছে। উপজেলা কৃষি অফিসের তথ্য উদ্ধৃত করে দৈনিক আমার দেশ জানিয়েছে, উপজেলার প্রায় ২৫০ হেক্টর জমিতে এখন মাল্টা, স্ট্রবেরি, আঙুর, কমলা, বারোমাসি আম, মিষ্টি আমড়া, তুলা ও উচ্চমূল্যের সবজির চাষ হচ্ছে। পলিনেটের ভেতরে চারা উৎপাদনও শুরু হয়েছে।

    প্রতিবেদনে ফতেহপুর গ্রামের হানিফ মণ্ডলের কথা এসেছে। উচ্চশিক্ষা শেষ করে চাকরির খোঁজে না গিয়ে ২০১৯ সালে তিনি প্রায় ১৬ বিঘা জমিতে ফলের বাগান করেন। তাঁর হানিফ এগ্রোফার্ম ও নার্সারিতে এখন মাল্টা, কমলা, আঙুর, আতা, আনার ও আম হয়। ফল বিক্রির পাশাপাশি নানা জাতের চারা বিক্রি করেও আয় করছেন তিনি। তাঁকে দেখে এলাকার অন্য তরুণেরাও ফল চাষে আগ্রহী হচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। উপজেলায় বাণিজ্যিকভাবে আনার চাষেও সাফল্য আসছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান আমার দেশকে বলেছেন, চারঘাটের মাটি ও আবহাওয়া এসব বিকল্প ফসলের উপযোগী। তাঁর মতে, কৃষিকে লাভজনক করতে সঠিক ফসল বাছাই, উৎপাদন খরচের হিসাব রাখা এবং বাজার সম্পর্কে জানা জরুরি। এসব ফসলের আবাদ বাড়লে কৃষকের আয় বাড়বে, স্থানীয়ভাবে কাজের সুযোগও তৈরি হবে।

    তথ্যসূত্র: দৈনিক আমার দেশ

  • ডুমুরিয়ায় অসময়ে সজিনায় ভরে গেছে গাছ

    ডুমুরিয়ায় অসময়ে সজিনায় ভরে গেছে গাছ

    খুলনা জেলার ডুমুরিয়ায় সজনে গাছের ডালগুলোতে সজিনায় ভরে গেছে। কৃষকরা সজিনার বাম্পার ফলনের আশা করছেন। অনাদরে-অবহেলায় রাস্তার ধারে, বসত-বাড়ির আঙ্গিনায়, মাঠে-ঘাটে বেড়ে উঠা হাজার হাজার সজনে গাছের ডালগুলো সজিনায় ভরে উঠেছে। এ বছর ডুমুরিয়া সুস্বাদু সবজি হিসাবে সমাদৃত আর ঔষধি গুণের কারণে ‘সুপার ফুড’ হিসাবে খ্যাত সজনের বাম্পার ফলনে খুশি সংশ্লিষ্টরা।

    খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় ২-৪টি সজনে গাছ রয়েছে। উপজেলার বিভিন্ন সড়কের পাশে বেড়ে উঠেছে অসংখ্য সজনে গাছ। তাছাড়া ইদানীং অনেকেই বাণিজ্যিকভাবে সজনের চাষ শুরু করেছেন। কোনো প্রকার বালাইনাশক প্রয়োগ এবং পরিচর্যা ছাড়া চাষ হয় বলে সজনের কোন উৎপাদন খরচ নেই। বাড়ির পাশে বা জমিতে ডাল পুঁতে রাখলেই ধীরে ধীরে শিকড় গজিয়ে উপযুক্ত গাছে পরিণত হয় এবং পরবর্তীতে সজনে দেয়।

    বাড়িতে তরকারীর চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদনকারীরা এসব সজনে বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করে থাকেন। মৌসুমজুড়ে এসব সজনে ৫০-১০০ টাকা কেজি দরে বিক্রি হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এ সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়।

    উপজেলার ডুমুরিয়া , খর্নিয়া,চুকনগর, আঠারো মাইল, টিপনা নতুন রাস্তাবাজার,সরাফপুর , বানিয়া খালি হাট থেকে এসব সজনে ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করেন।

    তরুণ উদ্যোক্তা গনি গাজী জানান, তিনি সজনের চাষ করেছেন। সজনে বিক্রির পাশাপাশি সজনের পাতা থেকে ভেষজ ওষুধ তৈরিই তার লক্ষ্য।

    তিনি জানান, সজনে গাছের বয়স ১০-১২ মাস হলেই তাতে সজনে ধরতে শুরু করে। একটি পরিণত গাছে ৮-১০ মণ পর্যন্ত সজনে ধরে। উৎপাদন খরচ একেবারেই কম বলে এ ফসল চাষ বেশ লাভজনক বলে তিনি জানান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ইউ এস আই ডাঃ কাজল মল্লিক বলেন, সজিনা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। ভিটামিন এ এর অভাব দূরীকরণে সজিনা অত্যন্ত উপযোগী একটি খাবার। এটি প্যারালাইসিস রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। সজিনার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক ও সি আছে। এটি মানব দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সজিনা উচ্চ রক্তচাপের রোগীদের অনেক উপকারী। তাছাড়া সজিনার একদিকে যেমন উপকারী, অন্যদিকে এ পাতা শাক হিসেবে খাওয়া যায়।

    ডুমুরিয়া উপজেলার এস এ পিপিও আলি হাসান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বিগত কয়েক বছরের মধ্যে এ বছর সজনের সর্বোচ্চ ফলন হয়েছে। প্রতিটি বাড়িতেই প্রায় সজনে গাছ আছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজনে ক্ষেত গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

    ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা জানান, পরিবেশবান্ধব ও অর্থকরী আঁশজাতীয় সবজি সজিনাকে বলা হয় ‘মিরাকল ট্রি’। এ গাছের পাতা, ফুল, ফল সবই খাওয়া যায়। সজিনা এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি বাড়ির পাশে অনাবাদী ও পতিত জমিতে চাষ করা যায়। তাছাড়া ঠাণ্ডা-গরম, খরা সহিষ্ণু হওয়ায় এ গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়। সজিনা গাছের তেমন কোন রোগবালাই নেই বললেই চলে।

    তিনি জানান, আবহাওয়া অনুকূল থাকলে এবার উপজেলায় কমপক্ষে দুশ মেট্রিক টন সজনে উৎপাদিত হবে, বাজার দর হিসাবে যার মূল্য সর্বনিম্ন এক কোটি টাকা।

    খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, দেশে সজনে সচারাচর দু’ধরনের হয়ে থাকে। মৌসুমী এবং বারমাসী। খুলনায় বারমাসী জাতের সজনের আবাদ কম হলেও এখন তা বেড়েছে। সজনে গাছের জন্য কোনো চাষাবাদ কিংবা রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না। তাই কৃষি বিভাগ থেকে চাষিদের মাঝে সজনের চারা বিতরণ করে সজনে চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

  • সার সিন্ডিকেটের হাতে কৃষক জিম্মি

    সার সিন্ডিকেটের হাতে কৃষক জিম্মি

    পাবনার চাটমোহর উপজেলায় সার সিন্ডিকেটের হাতে সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, কিছু অসাধু সার ব্যবসায়ী বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছেন। অনেক ডিলার সারের মূল্যতালিকা না টাঙিয়ে ইচ্ছেমতো দাম নেন। রোপা আমন মৌসুমের শুরু থেকেই কতিপয় অসাধু ডিলার সার মজুত করে বেশি দামে বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে। এতে সামনের রবিশস্য মৌসুমে সারের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    বৃহস্পতিবার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিএনপি নেতৃবৃন্দসহ অন্যরা এসব অভিযোগ করেন।

    অভিযোগে বলা হয়, সার মজুত করে কতিপয় ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সাধারণ কৃষক সার পাচ্ছেন না। এ কারণে অনেকে জমি পতিত রাখতে বাধ্য হচ্ছেন। আবার অনেকেই কালোবাজারে সার বিক্রি করে দিচ্ছেন। শুধু তা-ই নয়, কৃষকের প্রয়োজন নেই এমন সার না নিলে প্রয়োজনীয় সার দেওয়া হচ্ছে না। বক্তারা এর প্রতিকার দাবি করেন।

    সারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা রবিউল করিম তারেক, শাহাদত হোসেন, মজনুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, জামায়াতে ইসলামীর নেতা আসাদুজ্জামান মিঞা, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ।

    অভিযোগে জানা গেছে, উপজেলার নিমাইচড়ার মির্জাপুর, মূলগ্রামের রেলবাজার, ডিবিগ্রামের বামনগ্রাম বাজার ও ফৈলজানার শরৎগঞ্জ বাজারের ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং গোডাউনে সার মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। কৃষকের জন্য বরাদ্দ করা সার বাজারে না দিয়ে গুদামে মজুত রাখার অভিযোগ রয়েছে ডিলারদের বিরুদ্ধে। তবে বেশি দাম দিলেই সার মিলছে।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন চাটমোহর রেলবাজার এলাকার বিসিআইসি ডিলার আব্দুস সালাম সরকার, ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম বাজারের মাসুদ ও মোহাম্মদ আলী, শরৎগঞ্জ বাজারের ইউনুস আলী এবং মির্জাপুরের একজন ডিলার। অভিযোগ অনুযায়ী, এসব বিক্রেতা একাধিক গুদামে শত শত বস্তা ডিএপি, পটাশ, এমওপি ও ইউরিয়া সার মজুত করে এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন।

    সরকারি মূল্য অনুযায়ী ইউরিয়া সারের বস্তা ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা, টিএসপি ১ হাজার ৩৫০ টাকা ও পটাশ ১ হাজার টাকা। চাটমোহর উপজেলায় বিসিআইসির ডিলার ১২ জন, বিএডিসির ডিলার ১৭ জন এবং খুচরা সার বিক্রেতা ৬৯ জন। অভিযোগ রয়েছে, এঁদের অধিকাংশই সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। এতে কৃষকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৭৬০ হেক্টর, আবাদ হয়েছে ৭ হাজার ৭৭৫ হেক্টর। চলতি অক্টোবর মাসে উপজেলায় ইউরিয়া ৪৬৫ মেট্রিক টন, ডিএপি ৫৪০ মেট্রিক টন, টিএসপি ১৫০ মেট্রিক টন এবং পটাশ ২৮৫ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। একাধিক সূত্র জানায়, সরকারি বরাদ্দের সার ছাড়াও ডিলার ও খুচরা বিক্রেতারা পার্শ্ববর্তী উপজেলা থেকে কালোবাজারে সার কিনে গুদামজাত করছেন।

    তাঁরা কৃষকদের কাছে সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন খুচরা সার বিক্রেতা জানান, ডিলাররা সরকারি দামের চেয়ে বস্তাপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি নিচ্ছেন। ফলে বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা সার পাচ্ছেন না।

    এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, ডিলার ও খুচরা বিক্রেতাদের সার বিক্রির বিষয়টি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে মনিটরিং করা হচ্ছে।

    অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার নবাগত নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, প্রতিটি সার বিক্রেতাকে মূল্যতালিকা টাঙাতেই হবে। সারের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সুষম বণ্টনের পদক্ষেপ নেওয়া হবে। মনিটরিং জোরদার করা হবে এবং অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।