সারাদেশ

  • নকল সার-কীটনাশকের কারাখানায় অভিযান

    নকল সার-কীটনাশকের কারাখানায় অভিযান

    নওগাঁর মহাদেবপুরের নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও দুটি কারখানাকে এক লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি।

    শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

    জানা গেছে, উপজেলার শিবগঞ্জ গ্রামের মরহুম মোতার হোসেনের মৃত্যুর পর এসডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা তার দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন পরিচালনা করেন। নকল সার ও কীটনাশক উৎপাদনের অভিযোগে এসডি এগ্রোভেটের মালিক শাহিনুরের অনুপস্থিতিতে তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই নামে আরেকটি কারখানা চালানোয় তার ভাই দেলোয়ারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, ‘তাদের বরুণ, জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক বানানোর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের অনুমোদন প্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।’

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, ‘প্রতিষ্ঠান দুটি মালিককে দুই লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।’

  • কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে  করপোরেট প্রতিষ্ঠানগুলোকেএগিয়ে আসার আহ্বান

    কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে করপোরেট প্রতিষ্ঠানগুলোকেএগিয়ে আসার আহ্বান

    নীলফামারীর ডিমলা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও অবহেলিত অঞ্চলের বৈষম্য দূরীকরণে কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে ব্যাংকসহ দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল বোরো ধানের (ব্রী-ধান ১০৩) উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

    সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংক পিএলসি এই কৃষি সহায়তা বিতরণের আয়োজন করে।

    প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, ‘উত্তরাঞ্চল বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগের মানুষ দীর্ঘকাল ধরে অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে বৈষম্যের শিকার। আমাদের অঞ্চলকে মঙ্গাপীড়িত বা পিছিয়ে পড়া হিসেবে দেখার দিন শেষ করতে হবে। আমাদের সন্তানেরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য এনসিসি ব্যাংকের মতো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকেও মেধাভিত্তিক বৃত্তির সুযোগ তৈরি করে ও শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে আসতে হবে।’

    কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের এলাকা কৃষিনির্ভর। কৃষকের মুখে হাসি না ফুটলে জাতীয় অর্থনীতি কখনোই টেকসই হবে না। এনসিসি ব্যাংক নিরলস চেষ্টা করে যেভাবে দেড়-দুই মাস ধরে প্রস্তুতি নিয়ে কৃষকদের হাতে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে উন্নত জাতের বীজ ও উপকরণ পৌঁছে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। দেশের সবগুলো ব্যাংক যদি এভাবে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে এবং মেহনতি মানুষের সুবিধায় এগিয়ে আসতো, তবে দেশে কোনো অভাবই থাকতো না।’

    এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে বর্তমান সরকারের গৃহীত কৃষি নীতিমালার আলোকে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সারা বাংলাদেশের ২০ থেকে ৩০টি উপজেলায় সরাসরি কৃষি সহায়তার কাজ করছে। প্রান্তিক কৃষকদের শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।

    অনুষ্ঠানে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৫০০ কৃষকের হাতে বোরো চাষের বিভিন্ন উপকরণ তুলে দেন।

  • ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের

    ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের

    সুপারি উৎপাদন ও বাণিজ্য ঘিরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবছরই তৈরি হয় বড় অর্থনৈতিক কর্মযজ্ঞ। উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন চলছে সুপারির জমজমাট কেনাবেচা। এ বছর ফলন কিছুটা কম হওয়ায় গত বছরের তুলনায় প্রতি পোন সুপারির দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। বর্তমানে আকার ও মানভেদে প্রতি পোন (৮০টি) সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। উপজেলা কৃষি বিভাগের প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।

    উপজেলার মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট ও হায়দরগঞ্জ হাটে সুপারির বড় বাজার রয়েছে। এর মধ্যে মীরগঞ্জ ও হায়দরগঞ্জ অন্যতম প্রধান বাজার। মৌসুমে এসব বাজারে কৃষক, পাইকার, মজুতদার ও খুচরা ব্যবসায়ীদের পদচারণে মুখর হয়ে ওঠে।

    রায়পুরে উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাইকার ও ব্যবসায়ীদের মাধ্যমে এসব সুপারি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পৌঁছে যাচ্ছে। ফলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় পর্যায়েও সুপারি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রায়পুর।স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাগানের সুপারি পেকে ওঠে। নভেম্বরে পুরোপুরি পেকে যায়। এ সময় কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। পাইকার ও মজুতদারেরা এসব সুপারি কিনে একাংশ পানিতে ভিজিয়ে রাখেন, অন্য অংশ শুকিয়ে সংরক্ষণ করেন। পরবর্তী সময়ে বাজারের চাহিদা ও দাম অনুযায়ী সেগুলো বিক্রি করা হয়।

    উপজেলার বামনী ইউনিয়নের সুপারি পাইকার জামাল হোসেন বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে সুপারি কেনাবেচার মূল মৌসুম। এ সময় ভেজানো সুপারির মজুতদারেরা বিভিন্ন বাজার থেকে দলবদ্ধভাবে সুপারি কেনেন। জানুয়ারি থেকে মার্চ মাসে বাজারে সুপারির দাম বাড়তে থাকে। তখন ভেজানো সুপারির চাহিদা ও বিক্রি বেশি থাকে।’

    এ বছর ফলন কম হলেও দাম বাড়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি, সুপারি সংগ্রহ ও পরিবহন ব্যয় বাদ দিলে তাদের প্রকৃত লাভের পরিমাণ বাগানভেদে ভিন্ন হচ্ছে।

    কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। তবে আবাদি জমির বাইরে বাড়ির আঙিনা, উঁচু জমি ও বসতভিটাসহ বিভিন্ন স্থানে রয়েছে সুপারির বাগান। এসব বাগান উপজেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    শুধু সুপারি নয়, নারিকেল ও ডাব উৎপাদনেও রায়পুরের রয়েছে উল্লেখযোগ্য সম্ভাবনা। এসব কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, ‘লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি আসে রায়পুর উপজেলা থেকে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার সুপারি বিক্রির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নারিকেল ও ডাব বিক্রি থেকেও বড়ো অংকের আয়ের সম্ভাবনা রয়েছে।’

    তিনি বলেন, ‘সুপারি, নারিকেল ও ডাবের মতো কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থা আরও উন্নত করা গেলে রায়পুরের অর্থনীতিতে এর অবদান বাড়বে। বিশেষ করে আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা গেলে এ খাতের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে।’

  • ধান-চালে আর্সেনিকের ঝুঁকি থাকায় নিরাপদ চাল উৎপাদনে উদ্যোগ

    ধান-চালে আর্সেনিকের ঝুঁকি থাকায় নিরাপদ চাল উৎপাদনে উদ্যোগ

    যশোরের চৌগাছা উপজেলায় গড়ে ২০ মিলিগ্রাম আর্সেনিকের উপস্থিতি বিদ্যমান। পানির ক্ষেত্রে আর্সেনিকের ভয়াবহতার জন্য প্রতিনিয়ত চলছে গবেষণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানব দেহের জন্য আর্সেনিকের সর্ব্বোচ্চ সহনীয় মাত্রা ০.০১ মিলিগ্রাম প্রতি লিটার পানিতে। বাংলাদেশে পানিতে সরকারি মানদন্ডে ০.০৫ মিলিগ্রাম সহনীয় মাত্রা ধরা হয়। কিন্তু একটি উপজেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন।

    এই পরিস্থিতির মধ্যে ধানে সহনশীল মাত্রার চেয়ে অধিক মাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এ থেকে পরিত্রণের জন্য জাপানের জাইকা ও জেএসটির কারিগরি ও আর্থিক সহায়তায় বে-সরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক সেচ পদ্ধতি নিয়ন্ত্রনের মাধ্যমে আর্সেনিক মুক্ত ধান উৎপাদনে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে।

    তথ্য সূত্রে প্রকাশ, আন্তর্জাতিক সংস্থা সিএসি (কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন) কর্তৃক ঘোষণা অনুযায়ী ধানের ক্ষেত্রে আর্সেনিকের সহনশীল মাত্রা ধরা হয় ০.৩৫ পিপিএম। যা মানব দেহের জন্য ক্ষতিকর না। অথচ এ উপজেলাতে এই মাত্রার চেয়ে অধিক পরিমান আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। ৫৬ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ধানে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে।

    এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক জানিয়েছে, ধান ও ভাতে আর্সেনিকের উপস্থিতি সহনশীল রাখতে সেচ নিয়ন্ত্রণের বিকল্প নেই। তারা থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহারে কৃষকদের সচেতন করছেন। এই পদ্ধতি উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

    নিরাপদ ও পুষ্টিকর ধান (সানরাইজ) প্রকল্পের অধীনে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের জাইকা ও জেএসটি (জাপান সাইন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় অত্র উপজেলায় আর্সেনিক সহনশীল মাত্রায় নিরাপদ ধান উৎপাদনে কাজ করছে সংস্থাটি।

    উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন গ্রামে ১২টি মডেল প্লট তৈরি করা হয়েছে। পৌরসভার হুদোপাড়া, চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া, সিংহঝুলী ইউনিয়নের মাজালি, ফুলসারা ইউনিয়নের আড়ারদহ, জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া, পাতিবিলা ইউনিয়নের সাদিপুর, হাকিমপুর ইউনিয়নের বকশিপুর, নারায়ণপুর ইউনিয়নের নারায়নপুর, স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ, সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর, ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর ও পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠে ধানে আর্সেনিক প্রতিরোধে প্লট তৈরি করা হয়েছে।

    এ সমস্ত প্লটে ১৪৪ জন কৃষক এই কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬০ জন সেচপাম্প মালিকদের অধীনে তাদের নিজ উদোগে আর্সেনিক মুক্ত ধান উৎপাদনে থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি আগামী ইরি-বোরো মৌসুমে ব্যবহার করবেন। ইতোমধ্যে তাদের সচেতন করার লক্ষ্যে সভা, সেমিনার ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

    সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর আমিরুল ইসলাম জানান, আমাদের নিরাপদ ও পুষ্টিকর চাল দিয়ে ভাত খেতে হবে। সে কারনে আর্সেনিক মুক্ত বা সহনশীল মাত্রায় ধান উৎপাদন করা জরুরি। তিনি বলেন, ‘দু’টি পদ্ধতির মাধ্যমে আমরা কাজ করছি। তবে মূল বিষয় হচ্ছে ধানের আবাদি জমিতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা। এটা করতে কৃষক পদ্ধতি ও ত্রিএফফোরডি চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে ২০ শতাংশ পানি সাশ্রয় হচ্ছে।’

    এই পদ্ধতি ব্যবহার করে ৮ শতাংশ বেশী ফলন পাওয়া সম্ভব বলে তিনি জানান। সংস্থার পক্ষ থেকে আরো বলা হয়, ইরি-বোরো মৌসুমে উপরিভাগে সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হয়। ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে গেলে আর্সেনিকের ঘনোত্ব বেড়ে যায়। ফলে ধানে অধিক পরিমান আর্সেনিক থাকার ঝুঁকি থাকে।

    আড়ারহদ গ্রামের প্লটের কৃষক ইমদাদুল হক ও মাজালি গ্রামের কৃষক হাফিজুর রহমান তপন জানায়, ধানে আর্সেনিক থাকতে পারে তা আগে কখনো ধারনা ছিল না। আমরা ধানের জমিতে যেভাবে পানি দিতাম এখন সেভাবে দিইনা। আমরা থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, ‘থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহার করলে ভালো ফল পাবেন কৃষক। এই পদ্ধতির মূল কাজ হলো প্রচলিত জলাবদ্ধতার পরিবর্তে তিন দিন জমিতে পানি ধরে রেখে চার দিন শুকানো। এতে মাটির রেডক্স পটেনশিয়াল বেড়ে অক্সিডেটিভ পরিবেশ তৈরি হয়। সেকারণে ধান গাছের আর্সেনিক শোষণ কমে যায়। একই সাথে চালে অজৈব আর্সেনিক মাত্রা উল্লেখযোগভাবে হ্রাস পায়।

    উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রকৌশলী ফেরদৌসী খাতুন জানান, ধান বা চালে আর্সেনিকের বিষয়ে সরকারি কোনো উদ্যোগ নেই। তবে পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ আছে। আমরা বর্তমানে ১১টি ইউনিয়নে ৯০ টি অগভীর নলকুপ দিয়েছি। নলকুপ থেকে পানি সংগ্রহ করে আঞ্চলিক পানি পরীক্ষাগারে পাঠাচ্ছি। যেখনে আর্সেনিকের মাত্রা বেশী পাচ্ছি, সেখানে পানি পরিশোধনের ভ্যাসেল দিচ্ছি। তিনি বলেন, ‘অত্র উপজেলা আর্সেনিকের আধিক্য রয়েছে। বিগত রিপোর্টে গড়ে ২০ মিলিগ্রাম আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ে।’

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসানুল মিজান রুমী বলেন, ‘আর্সেনিকের রোগীর সংখ্যা বিষয়ে আপডেট তথ্য নেই। তবে ইতোপূর্বে বিভিন্ন জরিপে আমরা জানতে পারি উপজেলায় আর্সেনিক রোগী রয়েছে প্রায় এক হাজার ৫০০ জন। উপজেলা হাসপাতালে এখনো রোগীরা আসছেন। তাদেরকে নিয়মিত চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে এই রোগ ধরা পড়লে চিকিৎসার পাশাপাশি আর্সেনিকমুক্ত পানি পান করলে রোগ ভাল হওয়া সম্ভব। এই রোগ অবহেলা করলে জীবন ঝুঁকি হতে পারে।’

    উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, ‘ধানে আর্সেনিকের বিষয়ে একটি সংস্থা কাজ করছে বলে জেনেছি। এ বিষয়ে সরকারি পর্যায়ে এখনো কোনো উদ্যোগ শুরু হয়নি। পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণের জন্য অগভীর নলকূপ দেয়া হচ্ছে। নলকূপে আর্সেনিক ধরা পড়লে পানি শোধনে সরকারিভাবে ভ্যাসেল দেয়া হচ্ছে। তিনি আরো বলেন আর্সেনিক সমস্যা এ অঞ্চলে অনেক দিনের। আমরা যে টিউবওয়েলের পানি ব্যবহার করছি, তার অধিকাংশই এখন নিরাপদ নয়। পানি ব্যবহারে আমাদের সতর্ক হতে হবে।’

  • ফটিকছড়িতে মরুর দেশের ফলের আবাদ

    ফটিকছড়িতে মরুর দেশের ফলের আবাদ

    চট্টগ্রামের ফটিকছড়িতে শাকসবজির বিপরীতে এখন চাষাবাদ হচ্ছে মরুর দেশের ফল। খালের পাড়ে বিস্তৃত চরের জমিতেই এবার ফলেছে মরুভূমির ফল সাম্মাম। ইউটিউবে ভিডিও দেখে ৪০ শতক জমিতে এ ফলের চাষ করেন ৪২ বছর বয়সী কৃষক মো. এখলাস। প্রথমবারেই ভালো ফলন পেয়েছেন।

    ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বাইন্যাচোলা ব্রিজ সংলগ্ন ধুরুং খালের চরে এ চাষাবাদ করেন তিনি। ওই গ্রমের মৃত আবুল কাশেমেরে ছেলে এখলাস।

    কৃষিকাজে আগে থেকেই যুক্ত ছিলেন। সাম্মাম চাষের আগে কলা, বরইসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য চাষ করতেন। এর আগে গাছের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। নতুন কিছু করার আগ্রহ এবং বেশি লাভের আশায় এবার প্রচলিত ফসলের বাইরে গিয়ে সাম্মাম চাষের সিদ্ধান্ত নেন তিনি। গত ২২ আগস্ট ৪০ শতক জমিতে মালচিং পেপার ব্যবহার করে ২ হাজার ৪০০টি চারা রোপণ করেন। প্রথমবারের এই চাষে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। চারা রোপণের দেড় মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে। প্রায় সব গাছেই ফল এসেছে। সাম্মামের বাইরের অংশ হালকা সবুজ। ভেতরের শাঁস হলুদ রঙের। ফলটি খেতে মিষ্টি, তবে বিশেষ কোনো গন্ধ নেই। পাইকারি বাজারে প্রতি কেজি সাম্মাম ৬৫ টাকা দরে বিক্রি করছেন এখলাস। পাইকাররা সরাসরি তার ক্ষেত থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন। ফটিকছড়ি সদর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। এ পর্যন্ত ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করেছেন তিনি। এতে আয় হয়েছে ১ লাখ ৮ হাজার টাকা। আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল বিক্রির আশা করছেন। সেগুলো বিক্রি হলে আরও প্রায় ১ লাখ টাকা আয় হতে পারে। সব মিলিয়ে প্রথমবারের এই চাষে প্রায় ২ লাখ ৮ হাজার টাকার ফল বিক্রির প্রত্যাশা করছেন তি

    সাম্মাম চাষি মো. এখলাস কালবেলাকে বলেন, আমাকে সহযোগিতা করছেন চার শ্রমিক। তারা সাম্মাম চাষের পাশাপাশি তার অন্যান্য কৃষিকাজেও সহযোগিতা করেন।

    ভালো ফলন পেতে জৈব সার, সালফারসহ পোকামাকড় দমনে প্রয়োজীয় কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান এ কৃষক।

    ফটিকছড়িতে সাম্মাম চাষে এখলাস একা নন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচ কৃষক এ ফল চাষ করেছেন। তবে কাঞ্চননগর ইউনিয়নে প্রথমবারের মতো ধুরুং খালের চরে সাম্মাম চাষ করেছেন এখলাস। তার উৎপাদিত ফলের সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যেও এ ফল চাষে আগ্রহ তৈরি হয়েছে।

    কৃষি উপসহকারী কর্মকর্তা শিবুরাম কৃষ্ণ দে কালবোলকে বলেন, ইউটিউব দেখে এখলাস সাম্মাম চাষের পরিকল্পনা করেন। চাষের শুরু থেকেই তার উদ্যোগের খোঁজ-খবর রাখতাম। মাঝে মধ্যে ক্ষেতে গিয়ে ফসলের অবস্থা দেখেছি। তাকে প্রয়োজনীয় সময় ও পরামর্শ দিয়েছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক কালবেলাকে বলেন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরে চাষ হচ্ছে। এবার কাঞ্চননগরের কৃষি উদ্যোক্তা এখলাসের হাত ধরে ধুরুং খালের চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফলটির চাষ হয়েছে।

  • খাগড়াছড়িতে নতুন জাতের ধানে সাফল্য

    খাগড়াছড়িতে নতুন জাতের ধানে সাফল্য

    খাগড়াছড়িতে প্রথমবারের মতো চাষ করেই আশানুরূপ ফলন দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জাত ব্রি ধান-১০৩। পরীক্ষামূলক প্রদর্শনী প্লটে প্রতি হেক্টরে ৬ দশমিক ৫৭ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আমন মৌসুমে এটি একটি উল্লেখযোগ্য ফলন। এ সাফল্যের ফলে পাহাড়ি কৃষি অঞ্চলে জাতটির সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে ব্রি ধান-১০৩-এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও গবেষকেরা অংশ নেন।

    স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে স্থানীয় কৃষক অমর মোহন চাকমার এক একর জমিতে চলতি আমন মৌসুমে ব্রি ধান-১০৩ চাষ করা হয়। ফসল কর্তনের পর ফলন পরিমাপ করে প্রতি হেক্টরে ৬ দশমিক ৫৭ টন ধান উৎপাদনের তথ্য পাওয়া যায়।

    মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন।মীর ওবায়দুর রহমান শাওন বলেন, এ বছর প্রথমবারের মতো খাগড়াছড়িতে কৃষক পর্যায়ে প্রদর্শনী হিসেবে ব্রি ধান-১০৩ চাষ করা হয়েছে। প্রথম পরীক্ষাতেই ফলন আশানুরূপ হয়েছে। এ জাতের ধান সরু এবং গাছ তুলনামূলক লম্বা। তবে গাছ লম্বা হলেও সহজে নুয়ে পড়ে না। উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশ পেলে প্রতি হেক্টরে ৬ দশমিক ৫৭ মেট্রিক টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আমন মৌসুমে এ ফলন অত্যন্ত আশাব্যঞ্জক।

    তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের কৃষকদের কাছে উচ্চফলনশীল এ জাতটি জনপ্রিয় করে তুলতে মাঠপর্যায়ে প্রদর্শনী ও ফলন মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মুক্তা চাকমা বলেন, এ বছর খাগড়াছড়িতে আবহাওয়া অনুকূলে থাকায় আমন মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। প্রদর্শনী প্লটে ব্রি ধান-১০৩-এর ভালো ফলন পাওয়া গেছে। পাশাপাশি এ জাতের ধানে তুলনামূলকভাবে রোগবালাইয়ের আক্রমণও কম দেখা গেছে। এসব ইতিবাচক দিক বিবেচনায় আগামীতে খাগড়াছড়িতে জাতটির ব্যাপক সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, এ জাতের ধানগাছ তুলনামূলক লম্বা হওয়ায় ধানের পাশাপাশি কৃষকেরা খড় থেকেও বাড়তি সুবিধা পাবেন। ফলে ধান ও খড়—দুই দিক থেকেই কৃষকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয় প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষকের প্রায় ৫০ একর জমিতে আধুনিক উচ্চফলনশীল বিভিন্ন ধানের জাত ও প্রযুক্তির প্রায়োগিক পরীক্ষণ, মূল্যায়ন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

    এসব কার্যক্রমের আওতায় কৃষকদের বিনামূল্যে ধানের বীজ, সার, কীটনাশক, বালাইনাশক, বীজ সংরক্ষণের ড্রামসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পরিবেশ ও মাটির উপযোগী ধানের জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    কৃষি সংশ্লিষ্টদের আশা, ব্রি ধান-১০৩-এর এ সাফল্য খাগড়াছড়ির কৃষকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে। জাতটির ফলন ও কৃষি-পরিবেশগত উপযোগিতা আরও যাচাই করে বৃহত্তর পরিসরে চাষাবাদ করা গেলে পাহাড়ি অঞ্চলে আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সমন্বিত চাষে সফল জোৎস্না

    সমন্বিত চাষে সফল জোৎস্না

    বিয়ের পর স্বামীর সংসারে এসে অভাব-অনটনে দিন কাটছিল জোৎস্না রায়ের। স্বামী উত্তম রায় অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন। বাড়তি আয়ের জন্য জোৎস্না অন্যের বাড়িতে কাজ করতে থাকেন। তবুও সংসারে অভাব যাচ্ছিল না। বছর সাতেক আগে বাড়ির পাশে পুকুরে মাছ ও পাড়ঘেঁষে সবজি চাষ শুরু করেন। পরিবারের প্রয়োজন মিটিয়ে এসব মাছ-সবজি বিক্রি করে বাড়তি আয়ও করেন তিনি। এর মাধ্যমে তার সংসারে সচ্ছলতা এসেছে।

    সাতবিঘা জমির ওপর গড়ে তোলা আটটি পুকুরে মাছ চাষের সঙ্গে করা হয়েছে মৌসুমভিত্তিক শাকসবজির চাষ। সমন্বিত-এই পদ্ধতিতে সারা বছর মাছ-সবজি চাষ করে জোৎস্না রায়ের ভাগ্য ফিরেছে। এখন তিনি এই খামারে মাছ ও সবজি চাষ করেন। উত্তম রায় স্থানীয় বাজার ও আড়তে ঘেরের উৎপাদিত মাছ-সবজি বিক্রি করেন।

    খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা গ্রামের এই দম্পতি পৈতৃক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমিতে তারা মাছ ও সবজি চাষ শুরু করেছিলেন। এখন তারা ২৩১.৪ শতাংশ জমির মালিক। রয়েছে চারটি গাভী ও দুটি বাছুর। তাদের সাফল্যে অন্যরাও সমন্বিত-এই পদ্ধতিতে মাছ ও সবজি চাষে আগ্রহী হয়েছেন। ওই গ্রামের অন্তত ৮-১০ জন এই পদ্ধতিতে সবজি চাষ করে পরিবারে সচ্ছলতা এনেছে। উপজেলা মৎস্য দপ্তর থেকে তাদের মাছের পোনা-খাদ্য ও সবজি চাষের সার-বীজ প্রণোদনাসহ চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে।জোৎস্না রায় জানান, ১৪ বছর বয়সে বিয়ে হওয়ার পর স্বামীর সংসারে এসে অভাব-অনটনে দিন কাটছিল। পারিবারিক কাজের ফাঁকে হঠাৎ একদিন বাড়ির পাশে অনুষ্ঠিত একই জমিতে মাছের সঙ্গে সবজি চাষের ওপর প্রশিক্ষণে অংশ নেন। ওই প্রশিক্ষণের ধারণা থেকে স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বল্প পরিসরে মাছ ও সবজি চাষ শুরু করেন। পরে প্রশিক্ষণ দেওয়া ওই বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠকর্মী একদিন তার খামার দেখতে আসেন। তাদের কাছ থেকে সবজি চাষের পরামর্শও পান। ওই সংস্থার কর্মীরাই সবজি বীজ দেন। আর নিজ উদ্যোগে পুকুরে পোনামাছ ছাড়েন।

    ঘেরের আইলে সবজির ক্ষেত পরিচর্যার ফাঁকে ফাঁকে জোৎস্না জানান, প্রথমে অল্প জমিতে মাছের সঙ্গে লাউ ও মিষ্টিকুমড়া চাষ করেন। পরে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, ঝিঙে, মরিচ, পেঁপে, ঢ্যাঁড়সসহ নানা শাকসবজি চাষ করতে থাকেন। গত বছর ঘেরের আইলে তরমুজের আবাদও করছেন তিনি। এখান থেকে প্রতিবছর তার প্রায় ১০-১২ লাখ টাকা আয় হচ্ছে। ঘেরে সংরক্ষণ করা মিঠা পানিতে কার্প জাতীয় মাছ ও জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি ফলাচ্ছেন তিনি।

    উত্তম রায় জানান, সবজির ক্ষেত পরিচর্যা এবং ঘেরে মাছের খাবার দেওয়ায় স্ত্রীকে সহায়তা করেন তিনি। প্রতিদিন সকালে ঘেরের টাটকা শাকসবজি বাজারে বিক্রি করতে যান। বাড়তি আয়ে সংসারে সচ্ছলতা এসেছে। তারা এই কাজ করে জমিও কিনেছেন। পরিবারের দৈনন্দিন খরচসহ সন্তানদের পড়াশোনা করাচ্ছেন।

    জানতে চাইলে দাকোপ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক কালবেলাকে বলেন, লবণাক্ততার কারণে এক সময় এ অঞ্চলে কার্প জাতীয় মাছসহ সবজি চাষ করা ছিল অনেকটাই প্রতিকূলতা। নিরলস শ্রমের মধ্যদিয়ে সেই প্রতিকূলতাকে অতিক্রম করে দাকোপের চাষিরা একই সঙ্গে মাছ ও সবজি চাষ করে সফল।

    তিনি আরও জানান, পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলার ১০ চাষিকে এই প্রদর্শনী দেওয়া হয়। এর মধ্যে সাতজন নারীর অন্যতম জোৎস্না একজন সফলচাষি। মূলত এই প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের চাষিদের মাঝে আগ্রহ সৃষ্টি করে পারিবারিক সচ্ছলতা ফিরে আনাই হলো লক্ষ্য।

  • কীটনাশক ছাড়াই সবজি চাষে সাফল্য

    কীটনাশক ছাড়াই সবজি চাষে সাফল্য

    রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক ছাড়াই উপকারী এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া ব্যবহার করে বর্ষাকালে বেগুন ও ঢ্যাঁড়শ চাষে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষকেরা। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুল হকের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়, যেখানে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রকল্প।

    এর আগে এ পদ্ধতিতে আলু চাষেও সফলতা এসেছিল। গবেষক দলের তথ্য অনুযায়ী, একই কৃষিজমিতে প্রায় চার বছর ধরে ধারাবাহিকভাবে এ ব্যাকটেরিয়া প্রয়োগের ফলে মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের পুষ্টিগত অবস্থার উন্নতি হয়েছে। ফলে প্রচলিত চাষাবাদের তুলনায় ইউরিয়া ও টিএসপি সারের ব্যবহার কমানোর উজ্জ্বল সম্ভাবনা দেখা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, অতিরিক্ত বৃষ্টিপাত ও মাটির উচ্চ আর্দ্রতার মধ্যেও নিচু জমিতে চাষ করা বেগুন ও ঢ্যাঁড়শ গাছে কোনো ভাইরাসজনিত রোগ, ঢলে পড়া বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি।এ গবেষণার অংশ হিসেবে দেশে তরল জৈবসার উৎপাদনের জন্য একটি বিশেষায়িত যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।

    গবেষকেরা জানান, ‘সয়েল মাইক্রোবায়োম ইঞ্জিনিয়ারিং’ ধারণার এই প্রযুক্তি আমদানিনির্ভরতা ও রাসায়নিকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে। তবে দেশব্যাপী এর কার্যকারিতা ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয়, বারি, বার্ক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে একটি জাতীয় পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেছেন তারা।

  • ফেসবুকে ধর্মীয় কটূক্তির করায় একজন গ্রেপ্তার

    ফেসবুকে ধর্মীয় কটূক্তির করায় একজন গ্রেপ্তার

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বাসাইল উপজেলার ভবানী বাড়ি দক্ষিণপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানীর আগমন উপলক্ষে ‘বাসাইল সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে সুজন সাহার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

    বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বল্লা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    খবর পেয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়।

    পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সকালে সাটুরিয়ার বালিয়াটি এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি সুজন সাহাকে গ্রেপ্তার করা হয়।

    কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তার সুজন সাহা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

  • সাম্মাম চাষ, ৪০ শতক জমিতে

    সাম্মাম চাষ, ৪০ শতক জমিতে

    চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালের চরে একসময় চাষ হতো মূলা, বেগুনসহ প্রচলিত নানা সবজি। সেই জমিতেই এবার ফলেছে মরুভূমির ফল সাম্মাম। ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে প্রথমবারের মতো ৪০ শতক জমিতে সাম্মাম চাষ করেছেন কৃষক মো. এখলাস (৪২)। পরীক্ষামূলক এ চাষে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন তিনি। বাকি ফল বিক্রি করে মোট আয় ২ লাখ ৮ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন এ কৃষক।

    ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বাইন্যাচোলা ব্রিজসংলগ্ন ধুরুং খালের চরে এখলাসের সাম্মামখেত। নুরুল আলম সরদার বাড়ির বাসিন্দা তিনি। তার বাবার নাম মৃত আবুল কাশেম। আগে থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত এখলাস কলা, বড়ইসহ বিভিন্ন ফল ও কৃষিপণ্য চাষ করতেন। একসময় গাছের ব্যবসাও করেছেন। তবে এবার নতুন কিছু করার পাশাপাশি লাভের আশায় প্রচলিত ফসলের বাইরে গিয়ে সাম্মাম চাষের উদ্যোগ নেন।

    এখলাস জানান, ইউটিউবে সাম্মাম চাষের ভিডিও দেখে প্রথমে আগ্রহ তৈরি হয় তার। পরে অনলাইনে বীজ সংগ্রহ করে গত ২২ আগস্ট ৪০ শতক জমিতে মালচিং পেপার ব্যবহার করে ২ হাজার ৪০০টি চারা রোপণ করেন। প্রথমবারের এ চাষে তাঁর খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। চারা রোপণের দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। প্রায় প্রতিটি গাছেই ফল ধরেছে।

    সাম্মামের বাইরের অংশ হালকা সবুজ এবং ভেতরের শাঁস হলুদ রঙের। ফলটি খেতে মিষ্টি, তবে বিশেষ কোনো সুগন্ধ নেই। এখলাস বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ৬৫ টাকা দরে ফল বিক্রি করছেন। পাইকাররা সরাসরি খেত থেকে ফল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ফটিকছড়ি সদরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা আসছেন।

    এ পর্যন্ত ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা পেয়েছেন এখলাস। খেতে আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল রয়েছে। সেগুলো বিক্রি হলে আরও প্রায় ১ লাখ টাকা আয় হতে পারে বলে আশা করছেন তিনি। সব মিলিয়ে প্রথম মৌসুমে প্রায় ২ লাখ ৮ হাজার টাকার ফল বিক্রির প্রত্যাশা করছেন এ কৃষক।

    সাম্মাম চাষ ও অন্যান্য কৃষিকাজে তাঁকে সহযোগিতা করছেন চারজন শ্রমিক। ফসল উৎপাদনে জৈব সার ও সালফার ব্যবহার করেছেন তিনি। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে প্রয়োজন অনুযায়ী কয়েক ধরনের কীটনাশক প্রয়োগ করেছেন।

    ফটিকছড়িতে সাম্মাম চাষে এখলাস অবশ্য একমাত্র কৃষক নন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচজন কৃষক এ ফলের চাষ করেছেন। তবে কাঞ্চননগর ইউনিয়নে ধুরুং খালের চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সাম্মাম চাষ করেছেন এখলাস। তাঁর খেতে ভালো ফলন হওয়ায় আশপাশের কৃষকদের মধ্যেও এ ফল চাষে আগ্রহ বাড়ছে।

    প্রথমবারের সাফল্যে আগামী মৌসুমে আরও বড় পরিসরে সাম্মাম চাষের পরিকল্পনা করছেন এখলাস। শীতকাল পার হলে নতুন করে চাষ শুরু করতে চান তিনি। তাঁর আশা, এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী মৌসুমে আরও ভালো ফলন পাওয়া সম্ভব হবে।

    কৃষক মো. এখলাস বলেন, ইউটিউবের ভিডিও দেখে সাম্মাম চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। এবার পরীক্ষামূলকভাবে ৪০ শতক জমিতে চাষ করেছেন। এতে আর্থিক লাভের পাশাপাশি নতুন ফসল উৎপাদনের অভিজ্ঞতাও হয়েছে। প্রথমবারের সাফল্যে তিনি আশাবাদী। আগামীতে আরও বড় পরিসরে এ ফল চাষ করতে চান।

    কৃষি উপসহকারী কর্মকর্তা শিবুরাম কৃষ্ণ দে বলেন, ইউটিউব দেখে এখলাস সাম্মাম চাষের পরিকল্পনা করেন। শুরু থেকেই তার উদ্যোগের খোঁজখবর রাখা হয়েছে। মাঝেমধ্যে খেতে গিয়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

    খেতে কাজ করা শ্রমিক রমজান আলী বলেন, সাম্মাম তাদের কাছে নতুন ধরনের ফল। এ ফসল চাষ করতে গিয়ে নতুন অনেক কাজ শিখতে হয়েছে। মালিকের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করেছেন। খেতে ভালো ফলন হওয়ায় তারাও আনন্দিত।

    উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরে চাষ হচ্ছে। তবে এবার কৃষি উদ্যোক্তা এখলাসের উদ্যোগে কাঞ্চননগরের ধুরুং খালের চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফলটির চাষ হয়েছে। এতে তিনি ভালো সাফল্য পেয়েছেন। কৃষি বিভাগ শুরু থেকেই তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়েছে।

    তিনি আরও বলেন, নতুন ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা এবং সফল উদ্যোক্তাদের সহযোগিতা করা কৃষি বিভাগের নিয়মিত কার্যক্রম। এখলাসের এ সাফল্য অন্য কৃষকদেরও প্রচলিত ফসলের পাশাপাশি নতুন জাতের ফল ও কৃষিপণ্য উৎপাদনে আগ্রহী করে তুলবে বলে আশা করছেন তারা।