সারাদেশ

  • সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

    সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

    যশোরের চৌগাছায় সিংহঝুলি আলিম মাদ্রাসার প্রধান গেটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি সাবিরা সুলতানা মুন্নীর প্রতিনিধি আফিল উদ্দিন দফাদার, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম বকুল, মাওলানা মুখতার হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, সহকারী শিক্ষক ওয়াজেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন দেওয়ান, শফিউদ্দিন দেওয়ান, আজিম উদ্দিন দেওয়ান,সামছুল হুদা দফাদার প্রমুখ।

    মাদ্রাসার এই প্রধান গেটটির নির্মাণ কাজ শেষ করতে প্রায় তিন লাখ টাকা ব্যয় হবে। সিংহঝুলি গ্রামের দুই জন বিশিষ্ট ব্যাক্তি শফিউদ্দিন দেওয়ান ও আনোয়ার হোসেন দেওয়ান এই নির্মাণ কাজের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন । উল্লেখ্য তাদের পূর্বপুরুষরা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠা করতে ভুমিকা রেখেছিলেন।

  • ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত গরুর খামারে বিপ্লব

    ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত গরুর খামারে বিপ্লব

    পড়াশোনা করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। নিয়ম অনুযায়ী তার ব্যস্ত থাকার কথা ছিল ফাইবার, সুতা, কাপড় কিংবা তৈরি পোশাক প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু প্রথাগত চাকুরির পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী পথ। কাজ করছেন গরু, দুধ, ঘাস, গোবর, বায়ুগ্যাস, দই ও ঘি নিয়ে। আর এই ভিন্নধর্মী পেশায় গিয়ে অর্জনে যোগ করেছেন অভূতপূর্ব সাফল্য। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের তরুণ উদ্যোক্তা ও সফল খামারি মো. ইয়াছিন আরাফাত। বর্তমানে তিনি বসবাস করছেন বন্দরনগরী ভৈরব বাজারের শহীদ আশুরঞ্জন সড়ক এলাকায়।

    তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার পিতা, এলাকার প্রখ্যাত শিল্পপতি, বিশিষ্ট দানবীর ও জনহিতৈষী ব্যক্তিত্ব মো. ফজলুর রহমানের মেধা, শ্রম ও অনুপ্রেরণা। যাকে সবাই ভালোবেসে এবং শ্রদ্ধা করে ডাকেন ‘বস্ ফজলু ভাই’ নামে। পিতা ও পুত্রের এই যুগলবন্দী উদ্যোগে কুলিয়ারচর ও ভৈরব অঞ্চলে সূচিত হয়েছে এক নতুন কৃষি-শিল্প বিপ্লব।জাতীয় বস্ত্রপ্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (এনআইটিইআর) থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর নিজ জন্মভূমি কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামে পিতা ফজলুর রহমানের অনুপ্রেরণায় নিজেদের ৩ একর জমির ওপর ২০১৮ সালে মাত্র ৪টি গাভী নিয়ে ‘বস্ এগ্রো ফার্ম’ নামের একটি ডেইরি খামার গড়ে তোলেন ইয়াছিন আরাফাত। তার সততা ও নিরলস পরিশ্রমে সেই ছোট্ট খামারটি আধুনিক উপায়ে ৪টি বিশাল শেডে আজ দেশি-বিদেশি জাতের দেড় শতাধিক গরুর এক বিশাল এগ্রো ফার্মে রূপ নিয়েছে।

    বর্তমানে খামারের প্রায় ৭০ শতাংশ গরুই নিজস্ব প্রজননের মাধ্যমে উৎপাদিত। এর মধ্যে ৩০-৩৫টি দুগ্ধজাত গাভী রয়েছে, যা থেকে প্রতিদিন ৫০০-৫৫০ লিটার দুধ সংগ্রহ করা হচ্ছে।শুরুতে খামারের উৎপাদিত দুধ বিভিন্ন মিষ্টির দোকানে পাইকারি দরে বিক্রি করা হতো। পরবর্তী ইয়াছিন আরাফাত ভৈরবের জগন্নাথপুর এলাকায় একটি আধুনিক দই ও ঘি তৈরির কারখানা গড়ে তোলেন। বিএসটিআইসহ সরকারি সকল প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বাজারজাত শুরু হয় “বস” দই ও ঘি। গুণগত মানের কারণে খুব অল্প সময়েই ভৈরবসহ পার্শ্ববর্তী জেলা-উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনপ্রিয়তা ও সাড়া ফেলেছে এই ব্র্যান্ড।

    এছাড়াও প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় খাদ্যের মাধ্যমে শতাধিক পশু মোটাতাজাকরণ করা হয়। শতভাগ স্বাস্থ্যসম্মত হওয়ায় স্থানীয় ক্রেতারা খামার থেকেই পছন্দমতো পশু কিনে নেন, যা থেকে অর্জিত হয় মোটা অঙ্কের মুনাফা।এদিকে তার এই খামার এবং কারখানায় দক্ষ-অদক্ষ প্রায় অর্ধশত নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তারা খামারের যত্ন-পরিচর্যা ছাড়াও দই, ঘি তৈরি ও প্যাকেজিং কাজ করে থাকেন।

    ইয়াছিন আরাফাতের এই সমন্বিত খামারে রয়েছে বহুমুখী আয়ের উৎস। খামারের ভিতর দেড় একর জায়গায় দৃষ্টিনন্দন দুটি পুকুরে মিশ্র মাছের চাষের পাশাপাশি হাঁস এবং আঙিনায় দেশীয় মুরগী পালন করা হচ্ছে। এসব মাছ ও মুরগিসহ খামারের চারপাশে রোপণ করা কলা, মরিচ, লেবু, আম ও জামগাছ থেকে পরিবারের চাহিদা মিটিয়ে ফলমূল, মাছ ও হাঁস-মুরগি বিক্রি করে অতিরিক্ত আয় আসছে। খামারের গোবর থেকে তৈরি জৈব সার ব্যবহার করছেন তাদের নিজস্ব ১০ একর ধান ও ঘাসের জমিতে। খামারের গোবর ব্যবহার করে গড়ে তোলা হয়েছে একটি বায়ুগ্যাস প্ল্যান্ট। বর্তমানে ৪টি চুলার পারিবারিক রান্না শেষে উদ্বৃত্ত গ্যাস ছেড়ে দিতে হচ্ছে। ভবিষ্যতে বড় জেনারেটর বসিয়ে খামারের শতভাগ বিদ্যুতের চাহিদা এই প্ল্যান্ট থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে তার।মারের পশুগুলোর প্রতি ইয়াছিন আরাফাতের ভালোবাসা এতই গভীর যে প্রতিদিন তিনি খামারে এসে প্রতিটি পশুকে নিজ হাতে আদর-যত্ন করেন। খাবার খাওয়ান। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেন। খামারকে ঘিরে গড়ে তুলা হয়েছে একটি আলিশান প্রাসাদ ও দৃষ্টিনন্দন পুকুর ঘাট।

    জানা যায়, কুলিয়ারচরের পশ্চিম ও দক্ষিণ কর্ণারের শেষ প্রান্তে ফরিদপুর গ্রামের মরহুম মো. শহিদ মিয়ার ছেলে মো. ফজলুর রহমান বেশি দূর লেখাপড়া করতে না পারলেও স্বাবলম্বী হওয়ার অদম্য ইচ্ছা নিয়ে জীবনের শুরু থেকেই একের পর এক ব্যবসা পরিচালনা করে আসছেন। বন্দরনগরী ভৈরবে ছেলে আরাফাতের নামে গড়ে তুলেছেন ‘আরাফাত কেমিক্যাল ওয়ার্কস’ (বস্ মশার কয়েল) প্রাইভেট লিমিটেড, যার চেয়ারম্যান তিনি। কেমিক্যাল, কয়েল ও বিভিন্ন ফুড প্রডাক্টের ব্যবসা সফলভাবে পরিচালনা করে ইতোমধ্যে তিনি দেশজুড়ে সুনাম কুড়িয়েছেন।তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই নন, অত্যন্ত অমায়িক ও বিনয়ী একজন মানুষ। নিজের প্রতিষ্ঠানে শ্রমিকদের সঙ্গে মিলেমিশে কাজ করতেও তার কোনো দ্বিধা নেই। এলাকার দরিদ্র, অসহায় মানুষ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও কন্যাদায়গ্রস্ত পিতাদের অকাতরে দান ও সহযোগিতা করে তিনি লাভ করেছেন সর্বজনীন শ্রদ্ধা।

    তরুণ উদ্যোক্তা মো. ইয়াছিন আরাফাত বলেন, ‘সফলতার জন্য শুধু অভিজ্ঞতা নয়, পরম দক্ষতা এবং কাজের প্রতি মায়া ও ভালোবাসা প্রয়োজন। যারা এই খাতে আসবেন, তাদের আবেগ ও মমতা নিয়ে আসতে হবে।’

    কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন বস্ এগ্রো ফার্মের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘বস্ এগ্রো ফার্ম আমাদের নিবন্ধিত একটি প্রতিষ্ঠান এবং তাদের বর্তমান উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই অর্জিত সাফল্য আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে।’

    কুলিয়ারচরসহ আশেপাশের এলাকায় পুষ্টির চাহিদা পূরণে ফার্মটির ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও জানান, কুলিয়ারচর ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দুধ, মাংস ও প্রোটিনের ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় ভ্যাকসিন ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

    এছাড়া কুলিয়ারচরের অন্যান্য ডেইরি ফার্মের তুলনায় বস্ এগ্রো ফার্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডেইরি পণ্যের পাশাপাশি মিষ্টি, দই ও ঘির মতো বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনেও প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করছে।’

    ভৈরব উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহীনুল হক জানান, একজন উচ্চশিক্ষিত টেক্সটাইল ইঞ্জিনিয়ার খামার সেক্টরে এসে যে চমৎকার সাফল্য দেখিয়েছেন, তা অনন্য। শিক্ষিত তরুণরা এভাবে এগিয়ে এলে দেশের প্রাণিসম্পদ খাতে বড় পরিবর্তন আসবে। আমাদের দপ্তর থেকে তাদের সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে।

    ভৈরব সরকারি মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক মনোয়ারা পারভীন বলেন, ‘স্বাস্থ্যের জন্য প্রয়োজন আমিষ ও পুষ্টিকর খাবার। প্রকৌশলী হয়েও ইয়াছিন আরাফাত চিরাচরিত ধারার বাইরে গিয়ে নিরাপদ দুধ, দই, ঘি ও মাছ সরবরাহ করে জাতীয় অর্থনীতি ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন।’

    পিতা ও পুত্রের এমন অনন্য উদ্যোগ কিশোরগঞ্জ জেলা ছাপিয়ে এখন সারাদেশের উদ্যোক্তাদের জন্য এক মহা অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

  • জাতিসংঘের অ্যাওয়ার্ড পেল পত্নীতলার জামালপুর গ্রাম

    জাতিসংঘের অ্যাওয়ার্ড পেল পত্নীতলার জামালপুর গ্রাম

    নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের জামালপুর গ্রামের কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ একটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

    জানা গেছে, ২৬ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে এই উদ্যোগটি ‘কালেক্টিভ হাউজিং অ্যাওয়ার্ড’ (Collective Housing Award)-এ ভূষিত হয়। ‘প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার’ (POCAA)-এর মাধ্যমে এই উদ্যোগের অভিজ্ঞতা পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এটি ‘কালেক্টিভ ইনিশিয়েটিভস অব দ্য কমিউনিটি’ (Collective Initiatives of the Community) ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

    একদল ভূমিহীন মানুষের আবাসন সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে ভূমির অধিকার প্রতিষ্ঠা, সঞ্চয়, যৌথ সম্পদের সঠিক ব্যবহার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ৪৯টি ভূমিহীন পরিবার খাস জমিতে নিজেদের ঘর নির্মাণ করে।

    পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর স্থানীয় প্রতিনিধি আসির উদ্দিন বলেন, ‘একদল ভূমিহীন মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের ফলেই আজ এই সাফল্য অর্জিত হয়েছে।’

    পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা জানান, ‘জামালপুর গ্রামের মানুষের এই অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ পুরো দেশের জন্য অত্যন্ত গর্বের। এটি প্রমাণ করে যে, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব, সম্মিলিত উদ্যোগ ও নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত গড়ে তোলা সম্ভব।’

  • সুন্দরবন লবণাক্ততায় বদলে যাচ্ছে

    সুন্দরবন লবণাক্ততায় বদলে যাচ্ছে

    সুন্দরবনের গাছপালার গঠন বদলে যাচ্ছে। মিঠাপানির প্রবাহ কমে যাওয়া ও লবণাক্ততা বৃদ্ধির কারণে একসময় প্রভাবশালী সুন্দরী গাছের বিস্তার সংকুচিত হচ্ছে। অন্যদিকে, লবণসহিষ্ণু গেওয়া ও গরানের উপস্থিতি বাড়ছে। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এ সময়ে সুন্দরবনের ৫২ দশমিক ৮৯ শতাংশ চারা মারা গেছে। তবে টিকে থাকা চারাগুলোর বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। গবেষণার এ চিত্র সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম ও পরিবেশগত ভারসাম্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

    Ecological Influences on Regeneration Dynamics in the Sundarbans, Bangladesh: Exploring Biotic and Abiotic Factors Across Time and Space শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষকেরা সুন্দরবনের বিভিন্ন লবণাক্ততা অঞ্চলে গাছের চারা, কিশলয় ও পূর্ণবয়স্ক গাছের অবস্থা বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা যায়, লবণাক্ততার মাত্রা বাড়ার সঙ্গে চারার মৃত্যুহারও বেড়েছে।

    লবণাক্ত এলাকায় চারার মৃত্যুহার ৮২ শতাংশের বেশি
    গবেষণায় সুন্দরবনের লবণাক্ততাকে চারার টিকে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কম লবণাক্ত এলাকায় চারার মৃত্যুহার ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ। মাঝারি লবণাক্ত এলাকায় তা বেড়ে ৩৫ দশমিক ৬৫ শতাংশ এবং উচ্চ লবণাক্ত এলাকায় ৮২ দশমিক ৮৪ শতাংশে পৌঁছায়।

    গবেষণায় গরান চারার মৃত্যুহার সবচেয়ে বেশি, ২২ দশমিক ৬৩ শতাংশ পাওয়া গেছে। সুন্দরীর ক্ষেত্রে এ হার ১৯ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে, কাঁকড়া ও গেওয়া চারার মৃত্যুহার ছিল যথাক্রমে ৪ দশমিক ১২ ও ১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ সব প্রজাতি একইভাবে লবণাক্ততার প্রভাব মোকাবিলা করতে পারছে না।
    তবে টিকে থাকা চারাগাছের বৃদ্ধি আশাব্যঞ্জক। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এসব চারার বৃদ্ধির হার ছিল ২৩০ দশমিক ৩১ শতাংশ। কম লবণাক্ত এলাকায় কিশলয়ের বৃদ্ধি ৩০১ দশমিক ১ শতাংশ, মাঝারি লবণাক্ত এলাকায় ৯৬ দশমিক ৩৯ শতাংশ এবং উচ্চ লবণাক্ত এলাকায় ২৩২ শতাংশ পাওয়া গেছে। গবেষকদের মতে, চারার মৃত্যু ও টিকে থাকা গাছের বৃদ্ধির তথ্য একসঙ্গে বিশ্লেষণ করেই বনের পুনর্জন্মের প্রকৃত অবস্থা বুঝতে হবে।

    চাঁদপাইয়ে সুন্দরী-গেওয়ার বিস্তার কমেছে
    সুন্দরবনের গাছের প্রজাতিগত পরিবর্তনের চিত্র উঠে এসেছে আরেকটি গবেষণায়। উবঃবপঃরড়হ ড়ভ কধহশৎধ ঞৎবব ঊীঢ়ধহংরড়হ রহ ঃযব ঘড়ৎঃযবৎহ ঝঁহফধৎনধহং শীর্ষক এ গবেষণায় স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ১৯৮৮ থেকে ২০২২ সাল পর্যন্ত খুলনা রেঞ্জের চাঁদপাই এলাকায় গাছের বিস্তারের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়।
    গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে চাঁদপাই রেঞ্জে সুন্দরী ও গেওয়াপ্রধান এলাকার আয়তন ছিল ১৭ হাজার ৩২ হেক্টর। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ১২ হাজার ২২ হেক্টরে। একই সময়ে ঘন কাঁকড়াগাছের বিস্তৃত এলাকা ১২১ হেক্টর থেকে বেড়ে ২ হাজার ১৬ হেক্টরে পৌঁছায়।

    ঘনত্বের ভিত্তিতে বিশ্লেষণেও কাঁকড়ার বিস্তার বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। উচ্চ ঘনত্বের এলাকায় কাঁকড়ার অংশ ১৯৮৮ সালের শূন্য দশমিক ৪৪ শতাংশ থেকে ২০২২ সালে ৭ দশমিক ৩৮ শতাংশে দাঁড়ায়। মাঝারি ঘনত্বের এলাকায় এ হার ১ দশমিক ৯৭ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৫ শতাংশ হয়। এ শ্রেণির কাঁকড়াপ্রধান এলাকার আয়তন ৫৩৯ হেক্টর থেকে বেড়ে ৩ হাজার ৪১৮ হেক্টরে পৌঁছায়।

    তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই পরিবর্তন পুরো সুন্দরবনের চিত্র নয়। বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনের (স্পারসো) মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত গবেষণাটি মূলত চাঁদপাই রেঞ্জের নির্দিষ্ট এলাকার পরিবর্তন তুলে ধরেছে। প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের মধ্যে চাঁদপাই রেঞ্জের আয়তন ২৭২ বর্গকিলোমিটার। ফলে একটি এলাকার তথ্য দিয়ে পুরো বনের প্রজাতিগত পরিবর্তন নির্ধারণ করা যাবে না।

    মিঠাপানির প্রবাহ কমায় বাড়ছে ঝুঁকি
    বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মোমিনুল ইসলাম নাহিদের মতে, সুন্দরবনে গেওয়া প্রায় সব এলাকাতেই কিছুটা বেড়েছে। লবণাক্ত এলাকায় গরান ও গেওয়ার উপস্থিতি বেশি হলেও সুন্দরী এখনো কম লবণাক্ত এলাকায় প্রধান প্রজাতি হিসেবে রয়েছে। তিনি বলেন, সুন্দরবনের প্রাকৃতিক বাস্তুতন্ত্র সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তবে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির গাছের টিকে থাকার পরিবেশ বদলে যাচ্ছে। উজান থেকে মিঠাপানি বনে পৌঁছাতে না পারলে লবণাক্ত পানি আরও ভেতরে প্রবেশ করে। এতে লবণসহিষ্ণু গাছ সুবিধাজনক পরিবেশ পায়, আর কম লবণাক্ত পানির ওপর নির্ভরশীল প্রজাতি সংকটে পড়ে।

    খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক কামরুজ্জামান বলেন, স্যাটেলাইটের তথ্যেও কাঁকড়ার বিস্তার বৃদ্ধি এবং সুন্দরীর দীর্ঘমেয়াদি পতনের চিত্র দেখা গেছে। সুন্দরী গাছের আগা শুকিয়ে যাওয়ার রোগও এ প্রজাতির ক্ষতির একটি কারণ। তাঁর মতে, ফারাক্কা বাঁধের পর মিঠাপানির প্রবাহ কমে যাওয়া, ছত্রাকের আক্রমণ এবং গাছের অনুপযোগী হয়ে ওঠা পরিবেশ—সবই সুন্দরীর সংকটে ভূমিকা রাখতে পারে।
    তিনি জানান, সুন্দরীর আগামরা রোগে আক্রান্ত গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৯৮-৯৯ সালের দিকে। সে সময় আক্রান্ত গাছের পাশাপাশি সুস্থ গাছও কাটা পড়েছিল। বর্তমানে সংরক্ষণনীতির কারণে গাছ কাটা নিষিদ্ধ থাকলেও সুন্দরী পুনরুদ্ধারে পুনরায় রোপণ ও আবাসস্থল পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

    প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত মানুষের চাপ
    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট—দুই ধরনের প্রক্রিয়ায় সুন্দরবনের লবণাক্ততা বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ ও বরফ গলে যাওয়া, উজানে বাঁধ ও ব্যারাজের মাধ্যমে পানি প্রত্যাহার এবং নদীর স্বাভাবিক প্রবাহে বাধা তৈরি হওয়ায় মিঠাপানির প্রবাহ কমছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়াও পরিস্থিতিকে জটিল করছে।

    তাঁর মতে, মিঠাপানির ওপর নির্ভরশীল গাছের প্রজাতি ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। এর সঙ্গে তেলবাহী ট্যাংকার ও কয়লাবাহী জাহাজডুবির মতো দুর্ঘটনা সুন্দরবনের ওপর মানুষের সৃষ্ট চাপ আরও বাড়িয়েছে।

    সুন্দরবন রক্ষায় প্রয়োজন পানির স্বাভাবিক প্রবাহ
    গবেষণা ও বিশেষজ্ঞদের বক্তব্যে স্পষ্ট, সুন্দরবনের পরিবর্তন শুধু গাছের প্রজাতি বদলে যাওয়ার বিষয় নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে পানির প্রবাহ, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ড। সুন্দরী কমে যাওয়ার বিপরীতে গেওয়া ও গরানের বিস্তার বৃদ্ধি বনের অভিযোজনের একটি দিক হলেও একে সামগ্রিক পরিবেশগত সুস্থতার প্রমাণ হিসেবে দেখা যায় না।

    স্পারসোর গবেষক মাহমুদুর রহমানের মতে, সুন্দরবনের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে নিজের মতো চলতে দেওয়া এবং আগের মতো পানির প্রবাহ বজায় রাখা জরুরি। বনকে কৃত্রিমভাবে পরিচালনার চেষ্টা না করে উজান থেকে মিঠাপানি আসছে কি না, নদীর প্রবাহে কী পরিবর্তন ঘটছে এবং অন্য কোন কোন কারণে গাছের প্রজাতিগত ভারসাম্য বদলাচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

    সুন্দরবনের বাংলাদেশ অংশ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বিস্তৃত, যার আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। সুন্দরী, গেওয়া, গরান, পশুর, ধুন্দল, বাইন, কাঁকড়া ও কেওড়াসহ নানা প্রজাতির গাছ এই বনের জীববৈচিত্র্য গড়ে তুলেছে। এসব প্রজাতির টিকে থাকা নির্ভর করছে তাদের উপযোগী পরিবেশ কতটা বজায় থাকছে, তার ওপর।

  • ৪ বছরের সাজায় ২০ বছর পলাতক, অবশেষে পুলিশের খাচায়

    ৪ বছরের সাজায় ২০ বছর পলাতক, অবশেষে পুলিশের খাচায়

    বগুড়ার ধুনট উপজেলার মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে (৫৫) দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল শনিবার (২৪ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধুনট থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িভিটা গ্রামের বুলু মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ২০০৬ সালে উক্ত মামলায় মাসুদ মিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    তবে রায় ঘোষণার আগেই মাসুদ মিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। এর পর থেকে দীর্ঘ ২০ বছর ধরে তিনি ছদ্মবেশে ঢাকা ও এর আশপাশের এলাকায় পলাতক ছিলেন।

    ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ দিন ধরে সাজা এড়িয়ে পলাতক থাকা আসামি মাসুদ মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়। আজ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সবজি-মাছে স্বস্তি, চাল-মুরগির চাপে মধ্যবিত্ত

    সবজি-মাছে স্বস্তি, চাল-মুরগির চাপে মধ্যবিত্ত

    ব্রাহ্মণবাড়িয়ায় মাসের শেষ সপ্তাহে আগাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় শাকসবজির দাম কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম ২০ থেকে ৪০ টাকা এবং মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।সবজি ও মাছের বাজারে স্বস্তি ফিরলেও চাল এবং ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির দাম বেড়েছে। ফলে একদিকে সবজি ও মাছ কিনতে কিছুটা কম টাকা খরচ করতে হলেও অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোর মাসিক খাদ্যব্যয় সামাল দিতে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

    গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার, জগত বাজার, মেড্ডা বাজার ও কাউতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা বাজারে সবজি নিয়ে আসছেন। পাশাপাশি খুচরা ক্রেতাদেরও ভিড় দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় ফুলকপি, বাঁধাকপি, মুলা, কাঁচা মরিচ, করলা, ধনেপাতা, টমেটো ও লাউয়ের দাম কমেছে।

    অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে ২৫ কেজির বস্তায় চালের দাম ৭০ থেকে ৪৫০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা।কমেছে সবজির দাম

    গত সপ্তাহে প্রতি পিস ফুলকপি ৬০ টাকায় বিক্রি হলেও এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপির দাম ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা হয়েছে। প্রতি কেজি পটল ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা থেকে ৭০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা থেকে ৬০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকা থেকে ৭০ টাকায় নেমেছে।

    এ ছাড়াও প্রতি কেজি করলা ৯০ টাকা থেকে কমে ৭০ টাকা, ধনেপাতা ১০০ টাকা থেকে ৭০ টাকা এবং টমেটো ১২০ টাকা থেকে ১০০ টাকা হয়েছে। গত সপ্তাহে প্রতিটি লাউ ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন আকারভেদে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।কমেছে মাছ ও ডিমের দাম

    শুষ্ক মৌসুমে নদীর পানি নামতে শুরু করায় এবং মাসের শেষ সপ্তাহে ক্রেতা কম আসায় মাছের দাম কমেছে। গত সপ্তাহে রুই ৩৫০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৩২০ টাকা। কাতলা ৪০০ টাকা থেকে কমে ৩৫০ টাকা, গ্রাসকার্প ৩২০ টাকা থেকে ২৯০ টাকা, কার্ফু ৩০০ টাকা থেকে ২৮০ টাকা, পাঙাশ ২২০ টাকা থেকে ২০০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা থেকে ২০০ টাকা কেজি হয়েছে।

    ডিমের দামও গত এক সপ্তাহে হালিপ্রতি ৪-৫ টাকা কমেছে। লাল ডিম ৫০ টাকা থেকে কমে ৪৬ টাকা, হাঁসের ডিম ৬৪ টাকা থেকে ৬০ টাকা এবং দেশি কক ৮৫ টাকা থেকে ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে।

    দাম কমায় সবজি ও মাছ কিনতে আসা ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। তবে পরিবারের দৈনন্দিন বাজারের মোট খরচ চাল, ডাল, তেল, মাছ, ডিম ও মাংসের মতো অন্যান্য পণ্যের দামের ওপরও নির্ভর করে।

    চাল ও মুরগিতে বাড়তি খরচ

    সবজির দাম কমলেও নিত্যপ্রয়োজনীয় অন্য কয়েকটি খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। অর্থা
    ৎ এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা।

    ২৫ কেজির বস্তায় আটাশ চালের দাম গত সপ্তাহে ছিল ১২৮০ টাকা, এখন ১৩৫০ টাকা। বিআর-২৯ চাল ১২৫০ টাকা থেকে বেড়ে ১৩৩০ টাকা, নাজিরশাইল ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকা, কাটারিভোগ ১৯৫০ টাকা থেকে ২১৫০ টাকা এবং মিনিকেট ১৬০০ টাকা থেকে ১৭৫০ টাকা হয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে মৌসুমী বোরো চালের। গতু সপ্তাহে এর দাম ছিল ২৩৫০ টাকা, এখন ২৮০০ টাকা।

    যেসব পণ্যের দাম স্থিতিশীল

    ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, মহিষের মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি পেঁয়াজ ৪৫ টাকা, দেশি রসুন ৮০ টাকা, চায়না রসুন ১৬০ টাকা, আদা ১৪০ টাকা, দেশি মসুর ডাল ১৫০ টাকা ও মোটা মসুর ডাল ১০০ টাকা। বোতলজাত সয়াবিন তেল পাঁচ লিটার ১ হাজার টাকা, খোলা সয়াবিন তেল ২০৮ টাকা, ডায়মন্ড আলু ২০ টাকা ও দেশি আলু ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ওপর চাপ

    নিত্যপণ্যের দাম বাড়লে সীমিত আয়ের মানুষের ওপর তার প্রভাব তুলনামূলক বেশি পড়ে। তাদের আয়ের বড় অংশ খাদ্যপণ্য কেনায় ব্যয় হয়। চাল, ডাল ও মাংসের মতো পণ্যের প্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। সবজির দাম কমায় কিছুটা সুবিধা হলেও চালের দাম বাড়ায় সামগ্রিক ব্যয় কমছে না। প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে আয়ের সঙ্গে ব্যয় মেলানো কঠিন হয়ে পড়ছে।

    বাজারে সবজি কিনতে আসা শিক্ষক আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বাজারের সবকিছুই নাগালের বাইরে। সবজির দাম আপাতত কম হলেও অন্য জিনিসপত্র কিনতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি।

    মাছ কিনতে আসা ক্রেতা নীহার রঞ্জন সরকার ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিনের তুলনায় মাছের দাম কিছুটা কম। তবে দাম বাড়ার সময় যে পরিমাণ বাড়ে, সে তুলনায় দাম কমে না। এ কারণে আমাদের মতো নিম্নবিত্তের সংসার চালানো কষ্টকর হয়ে যায়।

    মেড্ডা বাজারে সবজি কিনতে আসা রইস মিয়া বলেন, বর্তমানে বাজারের অবস্থা টালমাটাল। আমরা মধ্যবিত্ত পরিবার, এখন তৃপ্তি মিটিয়ে খাবার খাওয়ার দিন শেষ। সবজি কিনতে পারলে মাছ কিনতে পারি না, মাছ কিনতে পারলে মাংস কিনতে পারি না।

    আনন্দ বাজারের মাছ ব্যবসায়ী শিপলু ও ওয়াসিম মিয়া জানান, মাসের শেষ সপ্তাহে বাজারে ক্রেতা কম। এ ছাড়াও নদীতে পানি নেমে যাওয়ায় চাষের মাছের চাহিদা কম, তাই এখন মাছের দাম কম।

    মুরগির দাম বাড়ার বিষয়ে আনন্দ বাজারের আল্লাহর দান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাশেদ মিয়া বলেন, এখন শীত মৌসুম শুরু হওয়ায় মুরগিতে ভাইরাসের ক্ষতি বেশি হয়, যে কারণে দাম বাড়ছে।

    চালের দাম বাড়ার বিষয়ে আনন্দ বাজারের মেসার্স জালাল এন্টারপ্রাইজের প্রবাস উদ্দিন জানান, বর্তমান মৌসুমে পুরোনো চাল শেষ পর্যায়ে। পুরোনো চালের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।

    সবজির দাম কমার বিষয়ে সবজি বিক্রেতা মো. মাহবুব বলেন, বাজারে চাহিদার তুলনায় ক্রেতা কম, আর শীতকালীন সবজির উৎপাদন বাড়ায় দাম কমছে।

    এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    ক্রেতারা বলছেন, সবজি ও মাছের বাজারে সাময়িক স্বস্তি মিললেও চালের মতো প্রধান খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নিত্যদিনের হিসাব এলোমেলো করে দিচ্ছে। এক খাতে সামান্য সাশ্রয় হলেও অন্য খাতের বাড়তি খরচে মাসের শেষে টানাটানি থেকেই যাচ্ছে। তাই সিন্ডিকেট রোধ, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত ও জোরদার বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

    কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন ঢাকা পোস্টকে বলেন, শীতকালীন সবজি ও মাছের দাম কিছুটা কমলেও চাল ও মুরগির মতো মৌলিক খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি চরম উদ্বেগের। বিশেষ করে নতুন চাল আসার ঠিক আগমুহূর্তে পুরোনো চালের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। এটি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ওপর মারাত্মক চাপ ফেলছে।

    তিনি আরও বলেন, শুধু খুচরা বাজারে অভিযান না চালিয়ে চালের মিল পর্যায়ে ও পাইকারি আড়তগুলোতে তদারকি বাড়ানো জরুরি। অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত কঠোর মনিটরিং ও বাজার তদারকি অব্যাহত রাখার জোর দাবি জানাচ্ছি।

  • যুব উদ্যোগ সভা অনুষ্ঠিত

    যুব উদ্যোগ সভা অনুষ্ঠিত

    নীলফামারীতে যুব উদ্যোগ সৃষ্টিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৫ অক্টোবর) দুপুরে সমতায় তারুণ্য প্রকল্পের উদ্যোগে শহরের উন্নয়ন সংস্থা ইউএসএস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশন নামের যুব সংগঠন সভার আয়োজন করে।

    সভার উদ্বোধন করেন ইউএসএস-’র নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়। সভায় নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশনের সভাপতি ছবি রানী দাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, দোস্ত এইড বাংলাদেশের কর্মকর্তা আব্দুল জব্বার, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

    বক্তারা বলেন, যুবদের মাধ্যমে সমজের পরিবর্তন আনা সম্ভব। পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে যুবদের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকলে সমাজে অসঙ্গতি দূর হবে। বাল্য বিয়ে, নারী নির্যাতন প্রতিরোধ এবং জেন্ডার বৈষম্য রোধের পাশাপাশি তথ্য প্রযুক্তিতে নিজেকে বিকশিত করতে পারলে যেমন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে।

    স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সৃষ্টি, জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সচেতনতা বিষয়ক এ সভায় ৩০ জন যুব অংশ নেয়।

  • রক্ত তেঁতুলে বদলে যাচ্ছে সজলের ভাগ্য

    রক্ত তেঁতুলে বদলে যাচ্ছে সজলের ভাগ্য

    চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরে প্রচলিত কৃষির বাইরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন কৃষি উদ্যোক্তা সজল। মহারাষ্ট্র থেকে আনা থাইল্যান্ডের লাল রক্ত তেঁতুলেই বদলে যাচ্ছে সজলের ভাগ্য। বাণিজ্যিকভাবে চাষ করছেন নজরকাড়া থ্যাইল্যান্ডের রক্ত তেঁতুল। গাছে থোকায় থোকায় ঝুলছে ফল। একই গাছে দেখা মিলছে ফুল, কাঁচা ও পাকা ফলের। বারোমাসি ফলন হওয়ায় এর চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। সার্বিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

    সরেজমিনে কৃষি উদ্যোগক্তা সজলের বাগান ঘুরে দেখা যায়, গাছের ডালে ডালে থোকায় থোকায় ধরে আছে রক্ত তেঁতুল। তেঁতুলের কথা শুনলেই জিহবায় জল আসে। তবে যদি হয় লাল রক্তের মতো তেঁতুল তাহলে কথায় নেই। ফলের আকর্ষণীয় রঙ সকলেরই নজর কাড়ছে। প্রচলিত তেঁতুলের তুলনায় এর ভেতরের শাঁসের রঙ একেবারেই আলাদা—পাকলে তা গাঢ় লাল বা টকটকে রক্তবর্ণ ধারণ করে।কৃষি উদ্যোক্তা সজল জানান, রক্ত তেঁতুল একটি লাভজনক জাত হিসেবে পরিচিত। এর বিশেষ বৈশিষ্ট্য হলো বারোমাসি ফলন। অর্থাৎ নির্দিষ্ট কোনো মৌসুমের ওপর নির্ভরশীল নয়। তিনি ভারতের মহারাষ্ট্রে ঘুরতে যেয়ে ছাদে লাগানোর জন্য গাছ নিয়ে আসেন। পরবর্তী বাবার কথা শুনে লাল রক্ত তেঁতুলের মাঠে বাগান করেন।

    তিনি জানান, লাল রক্ত তেঁতুল মিষ্টি হওয়ায় সকলের নিকট চাহিদা রয়েছে। একই গাছে বছরের বিভিন্ন সময়ে ফুল, কাঁচা ও পাকা ফল পাওয়া যায়। গাছ লাগানোর দুই বছর পরই তেঁতুল ধরা শুরু হয়। গাছও ছোট হয়। ছাদ বাগানেও লাগানো যায়। স্বাদ সাধারণত মিষ্টি কিংবা হালকা টক-মিষ্টি। রক্ত তেঁতুলের আরেকটি আকর্ষণীয় দিক এর ভেতরের পাল্প। কাঁচা অবস্থায় শাঁস হালকা গোলাপি বা লালচে থাকলেও পরিপক্ব হলে তা গাঢ় লাল রঙ ধারণ করে। এ কারণে বাজারে প্রচলিত তেঁতুলের তুলনায় এটি দেখতে বেশ আকর্ষণীয়। বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা।পরিপক্ব হলে গাঢ় লাল রঙ ধারণ করে। ছবি : প্রতিনিধি

    উদ্যোক্তারা বলছেন, গ্রাফটিং বা কলমের চারা রোপণের পর মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই ফলন শুরু হতে পারে। গাছ খুব বেশি বড় বা ঘন ঝোপালো না হওয়ায় বাড়ির আঙিনা কিংবা ছাদবাগানেও এটি চাষ করা সম্ভব। এমনকি ড্রাম বা বড় টবেও রক্ত তেঁতুলের গাছ লাগানো যায়।

    কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ও উচ্চমূল্যের ফলের জাত চাষ কৃষকদের আয় বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে বারোমাসি ফলন হওয়ায় রক্ত তেঁতুলের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। তবে বাজারজাতকরণ, চারা ও ফলের প্রকৃত বাজারদর এবং দীর্ঘমেয়াদি ফলন নিয়ে স্থানীয়ভাবে আরও তথ্য সংগ্রহ ও কৃষি বিভাগের পরামর্শ নেওয়া প্রয়োজন।

    আরও দেখুনজীবননগরের মাটিতে নতুন এ ফলের চাষ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। কৃষি উদ্যোক্তার প্রত্যাশা, সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে রক্ত তেঁতুল ভবিষ্যতে জীবননগরের কৃষিতে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠতে পারে।।

    এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘জীবননগর কৃষিতে সমৃদ্ধ এবং সম্ভবনাময় উপজেলা। এখানে কৃষি উদ্যোক্তার হাত ধরে অনেক দেশি বিদেশি প্রজাতির ফল চাষ হচ্ছে। নতুন করে লাল তেঁতুল চাষ হচ্ছে। বাজারেও এর চাহিদা রয়েছে। অল্প সময়ে লাভজনক চাষ হওয়ায় সবাই আগ্রহী হচ্ছে। আশা করি লাল তেঁতুল চাষ করে একদিকে যেমন বেকার সমস্যা লাঘব হবে, অন্যদিকে বেকার যুবক উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হবে।

  • মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত

    মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত

    যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জয় (১৮) এবং যশোর শহরের ১৭ বছর বয়সী এক কিশোর।

    আহত ব্যক্তিরা হলেন—যশোর শহরের বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) এবং যশোর সদর উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোর।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুনহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে গভীর রাতে মোটরসাইকেল আরোহীরা কী কারণে মহাসড়কে চলাচল করছিলেন, তা স্থানীয়রা বা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

    যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন তরুণের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • চ্যাটজিপিটি ও ইউটিউবে প্রশিক্ষণ, মাশরুম চাষে সাড়া

    চ্যাটজিপিটি ও ইউটিউবে প্রশিক্ষণ, মাশরুম চাষে সাড়া

    পড়ালেখা শেষ করে চাকরির পেছনে ছুটবেন, নাকি হাজারো তরুণের মতো বেকারত্বের অভিশাপ বইবেন?—এই চিন্তাকে পেছনে ফেলে নিজেদের পথ নিজেরাই বেছে নিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তিন তরুণ। চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষায় দিন না গুনে, মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে ২৭০ বর্গফুটের ছোট্ট ঘরে তারা শুরু করেছেন অয়েস্টার মাশরুমের চাষ।

    শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের তিন বন্ধু—সাখাওয়াত হোসেন (২৫), এমদাদুল হক মিলন (২৪) ও মো. তানিম মিয়া (২৪) নিজেদের শ্রম ও সীমিত পুঁজিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এই স্বপ্নের ডেরা।

    জানা যায়, এমদাদুল হক মিলন মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্য দুই সহযোদ্ধার মধ্যে মো. সাখাওয়াত হোসেন শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন এবং মো. তানিম মিয়া অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর প্রতিকূলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

    গরু-ছাগলের খামার থেকে মাশরুমের পথে :

    উদ্যোক্তারা জানান, শুরুতে তাদের পরিকল্পনা ছিল একটি গবাদিপশুর খামার গড়ে তোলার। কিন্তু বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারেন, তেমন খামার করতে অন্তত ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন—যা জোগাড় করা তাঁদের পক্ষে অসম্ভব ছিল।

    পরবর্তী তাদের এক শিক্ষকের পরামর্শে কম খরচে ও সীমিত জায়গায় শুরু করার মতো উদ্যোগ হিসেবে তারা মাশরুম চাষ বেছে নেন। মাশরুম চাষের কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তারা দমে যাননি। কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব, চ্যাটজিপিটি ও গুগলে গবেষণা করে চাষাবাদের আদ্যোপান্ত শিখে নেন তারা।

    প্রযুক্তি ও উদ্ভাবন :

    চলতি বছরের এপ্রিল মাস থেকে টিনের ঘরে মাশরুম চাষ শুরু করেন তারা। শ্রীমঙ্গলের উষ্ণ আবহাওয়ায় মাশরুমের সঠিক পরিবেশ ধরে রাখা এক বড় চ্যালেঞ্জ।

    স্মার্ট নিয়ন্ত্রণ :

    তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে ঘরে বসানো হয়েছে বায়ু নিষ্কাশন পাখা (এডজাস্ট ফ্যান) এবং স্বয়ংক্রিয় ওয়াটার স্প্রিংকলার (পানি ছিটানোর ব্যবস্থা)।

    অ্যাপসের ব্যবহার : পুরো ঘরের লাইটিং, ফ্যান ও ওয়াটার স্প্রিংকলার মোবাইল অ্যাপসের মাধ্যমে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যায়।

    সফলতা ও বাজারজাতকরণ :

    মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পশ্চিম ভাড়াউড়া গ্রামের সেই টিনের ঘরে গিয়ে দেখা যায়, দুই প্রান্তে দুই সারিতে ঝুলে রয়েছে সারি সারি মাশরুমের পলিব্যাগ। ইতোমধ্যেই প্রকল্প থেকে মাশরুম বিক্রি শুরু হয়েছে। বাজারে প্রতি কেজি মাশরুম পাইকারি বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে এবং গ্রাহকদের কাছ থেকে মিলছে ব্যাপক সাড়াও।

    খামারের সার্বিক পরিকল্পনা নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের প্রথমে মাশরুম চাষের কোনো পরিকল্পনা ছিল না। ইচ্ছা ছিল গরু-ছাগলের খামার করার। কিন্তু মোটা অঙ্কের বাজেট না থাকায় সেই পথে এগোতে পারিনি। পরে এক স্যারের পরামর্শে স্বল্প বাজেটে মাশরুম চাষের কথা ভাবি। এরপর ইউটিউব, চ্যাটজিপিটি ও গুগলে অনুসন্ধান করে দেখি এটি বেশ লাভজনক এবং কম পুঁজিতেই সম্ভব। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে। বাজারে চাহিদা ভালো থাকায় আমাদের মাশরুম বিক্রিও বেশ ভালো হচ্ছে। অল্প পুঁজি দিয়ে শুরু হলেও ভবিষ্যতে খামারটি বড় করে অন্যান্য বেকার তরুণদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বপ্ন আছে আমাদের।’

    মো. তানিম মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে আমাদের উৎপাদন একটু কম হচ্ছে। সরকারিভাবে যদি কুলিং সিস্টেমের সহযোগিতা পাই, তবে আমরা আরও বড় পরিসরে উৎপাদন বাড়াতে পারব এবং বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে পারব।’

    এলাকায় ব্যাপক সাড়া :

    তিন তরুণের এই নতুন উদ্যোগ দেখতে ও চাষের পদ্ধতি জানতে প্রতিদিনই স্থানীয় বাসিন্দারা খামারে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা জমির আলী বলেন–চাকরির অপেক্ষায় না থেকে তরুণদের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। এরা সফল হলে এলাকার আরও অনেকে উদ্বুদ্ধ হবে। এলাকার তরুণ হাসান বলেন–আমার জীবনে প্রথমবার মাশরুম চাষ দেখলাম। খুবই ভালো লেগেছে, আমিও এমন কিছু করার চেষ্টা করব।

    কৃষিবিদদের মতে, মাশরুম একটি ভোজ্য ছত্রাক যা সূর্যের আলো ছাড়াই ঘরের ভেতরের আবদ্ধ জায়গায় চাষ করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সঠিক স্পন (বীজ), পরিচ্ছন্ন পরিবেশ এবং তাপমাত্রা ও আর্দ্রতার সঠিক নিয়ন্ত্রণ।

    শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন দৈনিক খোলা কাগজকে বলেন, ‘তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। সঠিক কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণ থাকলে মাশরুম চাষে ভালো সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহায়তার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।’