জাতীয়

  • ১৩১ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

    ১৩১ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

    সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩১ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।

    বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

    শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

    এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

    গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

  • মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

    একইসাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    বাংলাদেশ ও চীন একসাথে কাজ করতে চায় উল্লেখ করে মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব কথা জানিয়েছেন।

    এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

    আরও পড়ুন: বুড়িমারী সীমান্তে বিজিবি-স্থানীয়দের কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

    মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

    তিনি দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় এগিয়ে আসায় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • পুলিশকে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশকে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

    শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ যা হয়েছে কোথাও যদি হয়ে থাকে, এটাকে আন্দোলন নাকি রাজনৈতিক এজেন্ডা নাকি সহিংসতা, এটা নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। ’

    তিনি বলেন, পোশাকশ্রমিকদের দাবি ছিল আগের নির্ধারিত সময় অনুযায়ী নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা

    সরকার যথেষ্ট আগেই এ বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে বিলম্ব হয়েছে। শ্রমিকপক্ষ নাম দেওয়ার পরদিনই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।

    ‘মজুরি বোর্ডে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন। বোর্ডের চেয়ারম্যান সবার বক্তব্য শুনবেন। অতীতে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে হারে বৃদ্ধি হয়েছে, তা বিবেচনায় নিয়ে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতা পর্যালোচনা করে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। ’

    সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন।

    প্রধানমন্ত্রী শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। সরকারের উদ্দেশ্য রপ্তানি বৃদ্ধি, অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং কর্মসংস্থান বাড়ানো।

    চলমান সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, তার দাবি কী? কোনো দাবি তো নেই। তারা কিছু এখানে শ্রমিক নয়, সেরকম ব্যক্তি শ্রমিক আন্দোলনের নামে তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা করছে, অগ্নিসংযোগ করছে, কোথাও কোথাও সহিংসতা সৃষ্টি করছে। ’

    তিনি বলেন, এ ঘটনায় অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন এমন কিছু শিল্পমালিকের সংশ্লিষ্টতার বিষয়ও সামনে এসেছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মাফিয়া শক্তি ও প্রতিদ্বন্দ্বী শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। পার্শ্ববর্তী দেশ থেকেও কেউ কেউ ষড়যন্ত্রের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো ন্যায্য দাবির বিষয়ে সরকার কথা শুনতে প্রস্তুত। এ জন্য নির্ধারিত মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে। মালিকপক্ষ এবং শ্রমিক নেতাদের সঙ্গে সরকার বৈঠক করেছে। তারাও স্বীকার করেছেন, বর্তমান সহিংসতা শ্রমিকদের আন্দোলন নয়। বরং কেউ কেউ শ্রমিকদের ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা সৃষ্টির সুযোগ নিচ্ছেন।

    পরিস্থিতি মোকাবিলায় সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাহিনীর অনেক সদস্য হামলায় গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরও তারা যথাসম্ভব শ্রমিকদের গায়ে হাত দেননি। কারণ, শ্রমিকদের কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে বলে তারা জানেন।

    শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেটি বিবেচনায় নিতে হবে। মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং কাজ শুরু করেছে। তাই এখন আন্দোলনের প্রশ্ন আসে না।

    তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ডকে নতুন মজুরি ঘোষণা করতে বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। এর আগেই ঘোষণা করা সম্ভব হলে সেটি সবচেয়ে ভালো হবে।

    সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি আটক হয়েছেন কি না, তা তার জানা নেই। আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

  • হাসিনার ফেরার সম্ভাবনা নেই, তবু চলছে প্রোপাগান্ডা

    হাসিনার ফেরার সম্ভাবনা নেই, তবু চলছে প্রোপাগান্ডা

    মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা শূন্যের কোঠায়। তবে তার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রোপাগান্ডা। নাশকতার মাধ্যমে সারা দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টাও করা হচ্ছে।

    এরই অংশ হিসেবে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকেও শ্রমিকদের আন্দোলনের সঙ্গে ফ্যাসিস্ট গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। আন্দোলনে সরাসরি জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দলটির বেশকিছু নেতাকর্মীকে আইনের আওতায় আনা হয়েছে।

    ফ্যাসিস্ট হাসিনার কথিত ‘ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা’কে ঘিরে দেশ-বিদেশে নানা অপতৎপরতা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এর অংশ হিসেবে তারা নাশকতা আর চোরাগোপ্তা হামলা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের নামে দলের তথাকথিত ‘শক্তি প্রদর্শন’-এর চেষ্টা, ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও গুজব ছড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে গোপন লবিংয়ের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকৃতপক্ষে হাসিনা দেশে ফিরবেন না। তবে জুলাই বিপ্লবের পর ভয়ে আত্মগোপনে চলে যাওয়া নেতাকর্মীদের মনোবল ফেরানো, ঝিমিয়ে পড়াদের চাঙা রাখা এবং দেশ-বিদেশে আওয়ামী লীগের অবস্থান জানান দিতে এ ধরনের বার্তা দেওয়া হয়েছে। ডিসেম্বর পার হলে কর্মীদের মাঠে ধরে রাখতে নতুন কোনো ঘোষণা আসবে।

    বিগত দেড় দশকের নির্বিচারে গুম-হত্যা, ভোটাধিকার হরণ, আর্থিক খাতের লুটপাট, আয়নাঘরের নির্যাতন এবং জুলাই বিপ্লবের সময় ১,৪০০ মানুষকে হত্যার দায় নিয়ে হাসিনার দেশে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তীব্র ঘৃণা ও ঐতিহাসিক গণধিক্কারের কারণে রাজনৈতিকভাবে তার ফেরার পথ চিরতরে অবরুদ্ধ হয়ে গেছে।

    সংশ্লিষ্টদের মতে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে তৈরি হওয়া বিভাজনকে সুযোগ হিসেবে নিতে চায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা নাশকতা করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

    ছাত্র-জনতার বিপ্লবে চব্বিশের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। পলাতক অবস্থাতেই জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালতের আদেশের পর গত বছরের ২১ নভেম্বর প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি (কূটনৈতিক পত্র) দেয় বাংলাদেশ। পরে ভারতের তরফ থেকে বিষয়টিকে আইনি উল্লেখ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

    দুই দেশের চিঠি চালাচালির মধ্যেই প্রথমে ভারতের একটি গণমাধ্যমে এবং পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে টেলিফোন সাক্ষাতে হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে ঘোষণা দেন। তার ওই ঘোষণার পরপরই দেশ-বিদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অপতৎপরতা শুরু হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নগণ্যসংখ্যক নেতাকর্মী দিয়ে ঝটিকা মিছিল শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির বিদেশে পলাতক নেতারাও প্রস্তুতি সভাসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

    ভারতীয় একাধিক গণমাধ্যমসহ আওয়ামী বয়ান তৈরির সঙ্গে সম্পৃক্ত একাধিক ইউটিউব চ্যানেলে টকশো, পডকাস্টসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ হাসিনার সাক্ষাৎকারও নিচ্ছেন। বিদেশে পলাতক নেতারা হাসিনার সঙ্গে ৪০টি বিমান নিয়ে ঢাকায় আসার ঘোষণাও দেন। কেউ কেউ হেলিকপ্টারে আসার কথাও বলেন। দলীয় নেতাকর্মীসহ আওয়ামী লীগের কট্টর সমর্থকরা এও বলতে শুরু করেছেন, হাসিনা দেশে ফিরে সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। ব্যাপক হারে গুজব ছড়ানো ও ফেক নিউজ প্রচারের ঘটনাও ঘটছে। নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে তারা জনগণের মাঝে বিশ্বাস তৈরি করাতে চাচ্ছেন, হাসিনা ফিরবেনই।

    বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার ও বিরোধী দলের মধ্যকার দূরত্ব বৃদ্ধির সুযোগে ফায়দা লোটার চেষ্টা করছে আওয়ামী লীগ। দলটিকে ঘিরে সরকার ও বিরোধী দলের ঠেলাঠেলির ফাঁকে ওই দলই সুবিধা পাচ্ছে। এ সময় দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা। চলমান শ্রমিক আন্দোলনের সঙ্গেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে দেশের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকে দেওয়া, শিল্পাঞ্চলগুলোয় কৃত্রিম শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে অর্থনীতিকে পঙ্গু করার পাঁয়তারা এবং গোপনে ঝটিকা মিছিলের ভিডিও তৈরি করে বিদেশে অবস্থানরত নেতৃত্বকে নিজেদের সক্রিয়তা দেখানোর অপপ্রয়াস নিয়মিত চালিয়ে যাওয়া হচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত সোমবার তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে বলেন, তৈরি পোশাকশিল্পে চলমান সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত পোশাক শ্রমিকদের কিংবা ট্রেড ইউনিয়ন নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক ফায়দা লুটতে এবং শিল্প খাত ধ্বংস করতে সুযোগ সন্ধানী ও ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনস্থলে অনুপ্রবেশ করেছেন। তারা ভুয়া স্লোগান দিয়ে সহিংসতা ছড়াচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এর সঙ্গে জড়িত বলেও তিনি অভিযোগ করেন।

    এদিকে, হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে তার দলের একটি অংশকে সক্রিয় করতে পারলেও বড় অংশকে ঝুঁকির মধ্যে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় ধরপাকড়ের মধ্যে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় অংশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় সক্রিয় হতে শুরু করে। পাশাপাশি দীর্ঘ আত্মগোপনে থাকা একটি অংশও আত্মপ্রকাশ করে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য পরিচালনাসহ স্বাভাবিক কাজকর্ম করার সুযোগ পায়। তবে হাসিনার দেশে ফেরার ঘোষণায় এসব নেতাকর্মী আবার চাপে পড়েছেন। ডিসেম্বর সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনও শুরু করেছেন তল্লাশি কার্যক্রম। এতে অনেকটা স্বাভাবিক জীবনে ফেরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার গ্রেপ্তারের মুখোমুখি হতে হচ্ছে। বাড়িঘর ছেড়ে পলাতক জীবনযাপন করতে হচ্ছে।

    একদিকে হাসিনার দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে আইনি বাস্তবতা এবং ভিসা বা ট্রাভেল পাসজনিত বাস্তবতার পাশাপাশি সরকারের শক্ত অবস্থানের কারণে তার এই প্রত্যাবর্তনের সম্ভাবনাকে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

    দেশে ফেরার প্রস্তুতি প্রশ্নে সম্প্রতি প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিকের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার প্রস্তুতি তেমন কিছু না। কারণ, তার পাসপোর্ট ও আইডি কার্ড বন্ধ। টিকিট করতে গেলে করা যায় না। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে জানান, যেভাবে হোক তিনি যাওয়ার একটি ব্যবস্থা করবেন। দেশে ফেরার বিষয়ে সবকিছু গুছিয়ে ফেলেছেন বলেও জানান তিনি।

    এদিকে, বাংলাদেশের কাছে ট্রাভেল পাস চাওয়ার জন্য পাঁচ সদস্যের বিদেশি আইনজীবী প্যানেল প্রস্তুত করার খবর প্রচার হলেও বিষয়টি সত্য নয় বলে হাসিনা নিজেই উল্লেখ করেন। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। আমাকে ট্রাভেল পাসের জন্য বলতে হবে—হয় আমার পাসপোর্ট অ্যাক্টিভেট করে দিতে হবে, না হয় আমাকে ট্রাভেল পাস দিতে হবে, যাতে আমি দেশে ফিরতে পারি। ট্রাভেল পাস বা পাসপোর্ট না পেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান। তবে ব্যবস্থাটা কী, তা জানাতে রাজি হননি।

    তার দেশে ফেরার ইস্যুতে ভূমিকা রাখার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন হাসিনা নিজেই। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্প্রতি অনলাইনে যুক্ত হয়ে হাসিনা সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং আঘাত এলে পাল্টা আঘাতের নির্দেশ দেন। এ সময় সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা থেকে তিন-চার লাখ লোক নিয়ে ঢাকায় জড়ো হবেন বলে প্রতিশ্রুতি দেন। জবাবে হাসিনা কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এত লম্বা লম্বা কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারোনি। এক-দেড়শ লোক নিয়ে গেলে কি তোমাদের মেরেকেটে শেষে করে দেবে? আবার বলছ লাখ লাখ লোক আনবে। বাস্তবসম্মত কথা বলবা।’

    হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সেনাবাহিনী ও পুলিশকে প্রকারান্তরে সরকারের বিরুদ্ধে উসকে দিয়েছেন। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের পাশে আছি। এই অপমানের প্রতিশোধ নেওয়া হবে। বাংলাদেশে শেখ হাসিনার কর্মীদের খেলা দেখানো হবে।’

    আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি একটি টকশোতে যুক্ত হয়ে বলেন, হাসিনার সঙ্গে তার মাঝেমধ্যে কথা হয়। তিনি দেশে ফেরার কথা তাকে একাধিকবার বলেছেন। যেভাবে হোক, যে করেই হোক, তিনি ফিরবেন। উনি একটি সময়সীমা ঘোষণা করেছেন। কিন্তু কবে ফিরবেন, তা সুনির্দিষ্ট করে বলেননি। হয়তোবা ওনার সময় চূড়ান্ত হয়নি। আর হলেও তা প্রকাশ করার সময় হয়নি বলেই বলেননি।

    সরকারের মন্ত্রী-উপদেষ্টারাও হাসিনার দেশে আসার ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে হাসিনার দেশে আসার হুমকিতে তারা বিচলিত নন। বরং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশ তাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এ বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিসেম্বরে হাসিনা বাংলাদেশে ফিরলে তার গলায় মালা যাওয়ার আগেই আইনের হ্যান্ডকাফ হাতে পৌঁছে যাবে।

    প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফেরত পেতে প্রতিবেশী দেশের কাছে বারবার আবেদন করার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কে কখন আসতে চায় বা না চায়, এটা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক, তাদের আইনানুযায়ী হেফাজতে নেওয়া হবে। এ দেশের জনগণ তাদের রাজনীতি করার সুযোগ দেবে বলে মনে করি না। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

    তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, ‘উনি ঘোষণা দিয়েছেন, উনি আসবেন কি আসবেন না, এটা সময় বলে দেবে। তবে আমি মনে করি, ওই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়নি। কারণ, চব্বিশের হত্যা ও অত্যাচারের ট্রমা থেকে দেশের মানুষ এখনো বেরিয়ে আসতে পারেনি।’

    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মবের মুখোমুখি হতে হবে না। তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে।

    হাসিনা স্বেচ্ছায় এলে সরকার খুশি হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরেবেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ন্যায়বিচার দিয়ে আমরা প্রতিশোধ নেব।

    হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই—এমনটি জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এই ছয় মাস আলোচনায় থাকলেন। নিশ্চিত থাকুন—এরপর বলবেন ডিসেম্বরে না, জুনে আসব। এতে নতুন করে আরো ছয় মাস আলোচনায় থাকবেন। পরে বলবেন ডিসেম্বর। এভাবে চলতে থাকবে।

    এক ডাকাত পালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদ সাহেব পতনের পর পালিয়ে যাননি। উনি কী এমন করেছেন যে, বায়তুল মোকাররমের ইমাম নিয়ে পালিয়ে যেতে হলো? সেই মানুষ আবার দেশে আসবেন! অসম্ভব।’

    হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক। আমার দেশকে তিনি বলেন, জুলাইয়ের রক্তপাত এবং হাসিনার শাসনামল নিয়ে জনমনে জমে থাকা ক্ষোভ ও আদালতের দণ্ডের বিষয়টি বিবেচনায় নিলে দেশে ফিরে স্বাভাবিক রাজনৈতিক জীবনে অংশ নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন। দেশে ফিরলে তাকে প্রথমেই আইনি প্রক্রিয়া এবং আদালতের মুখোমুখি হতে হবে। বয়স ও বর্তমান রাজনৈতিক বাস্তবতাও তার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে আরো জটিল করে তুলেছে। তার দেশে ফেরার এ ঘোষণা মূলত রাজনৈতিকভাবে আলোচনায় থাকা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ধরে রাখার একটি কৌশল বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

    হাসিনাকে ঘিরে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমরা জেনেছি, নির্বাচনের আগে উভয় দলই আওয়ামী লীগের ভোট ও সমর্থন পাওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। পরে তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিষিদ্ধ ঘোষিত দলটিকে আবার আলোচনায় নিয়ে এসেছে। তবে হাসিনা যদি সত্যিই দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পান, তাহলে বিএনপি কিংবা জামায়াত—কোনো দলের জন্যই তা স্বস্তিদায়ক হবে না। হাসিনার দেশে ফেরার ঘোষণা দেশ-বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের দলকে সংগঠিত ও সক্রিয় করার অংশ বলে অভিমত অধ্যাপক সাহাবুলের।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল আমার দেশকে বলেন, হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে ফেরার ঘোষণাকে শুধু ‘ঘোষণা’ হিসেবেই মনে করার সুযোগ রয়েছে। যদিও তার চেহারা দেখা যায়নি, কণ্ঠ শোনা গেছে। ওই কণ্ঠকে আপাতত অস্বীকার করা যাচ্ছে না। অপরদিকে তার ঘোষণার পরবর্তী ধাপ হিসেবে দেশ-বিদেশে যেসব পদক্ষেপ দেখছি, সেটাও বিবেচনায় নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

    এর আগেও হাসিনা চট করে চলে আসবেন বলে ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, পার্থক্যের জায়গা হলো, এবার তিনি অনেকটা টাইমফ্রেম ঘোষণা করেছেন। কাজেই বিষয়টি আমলে নেওয়ার সুযোগ রয়েছে। আবার দেশে এলে যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সেটাও ভাবনার বিষয়। তবে তার দেশে ফেরাকে যারা হুমকি মনে করেন, সেটা বর্তমান সরকার হোক বা বিরোধী দল হোক, সবারই বিষয়টি আমলে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

    তিনি বলেন, হাসিনার দেশে ফেরার ঘোষণা থাকলেও আইন মোকাবিলার বিষয়ে প্রকাশ্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। ভেতরে ভেতরে থাকলে সেটা ভিন্ন কথা।

    ফ্যাসিস্ট গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির সর্বাত্মক চেষ্টা করবে বলে মনে করেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। আমার দেশকে দেওয়া প্রতিক্রিয়ায় এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, চলমান শ্রমিক আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা বলা মুশকিল। এগুলো রাজনৈতিক হিসাব-নিকাশের বিষয়। তবে তারা নাশকতার চেষ্টা করতে পারে, তা অস্বীকার করার সুযোগ নেই।

    জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহবুব উল্লাহ বলেন, এই মুহূর্তে সরকার ও বিরোধী দলসহ ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রবল জনমত তৈরি করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা দেশে খুন-গুম, লুটতরাজ, অর্থপাচারসহ যেসব অরাজকতা সৃষ্টি করেছিলেন, সে বিষয়ে দেশবাসীকে সদা জাগ্রত করতে হবে।

    ( সুত্র: দৈনিক আমার দেশ )

  • একনেক সভায় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

    একনেক সভায় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা।

    বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি ও সংশোধিত প্রকল্প ২টি।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম; জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; সড়ক পরিবহণ, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

    সভায় অনুমোদিত ১৩টি প্রকল্প হলো

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প। ১. ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প। ২. ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ’ (১ম পর্ব) প্রকল্প। ৩. ‘ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প। ৪. ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন (SIDP)’ প্রকল্প। ৫. ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)’।

    এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি প্রকল্প— ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়’ এবং ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়’ প্রকল্প।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘জিগাতলাস্থ গাবতলা কলোনীতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন’ প্রকল্প।

    শিক্ষা মন্ত্রণালয়ের ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্প।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প’।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত)’ অনুমোদন করা হয়েছে।

    এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত ৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডশেন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসা সেবার আধুনিকীরণ। ২. দেশের শিশু কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ। ৩. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়সহ সড়ক নিরাপত্তা প্রকল্প (১ম সংশোধিত)। ৪. ঢাকা কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ (১ম সংশোধিত)। ৫. গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।

  • ৫৮ হাজার কোটি টাকা ব্যয়ে একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

    ৫৮ হাজার কোটি টাকা ব্যয়ে একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

    ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা।

    বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি ও সংশোধিত প্রকল্প ২টি।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম; জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; সড়ক পরিবহণ, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

    সভায় অনুমোদিত ১৩টি প্রকল্প হলো

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প। ১. ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প। ২. ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ’ (১ম পর্ব) প্রকল্প।

    ৩. ‘ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প। ৪. ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন (SIDP)’ প্রকল্প। ৫. ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)’।

    এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি প্রকল্প— ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়’ এবং ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়’ প্রকল্প।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘জিগাতলাস্থ গাবতলা কলোনীতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন’ প্রকল্প।

    শিক্ষা মন্ত্রণালয়ের ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫) প্রকল্প।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প’।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত)’ অনুমোদন করা হয়েছে।

    এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত ৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডশেন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসা সেবার আধুনিকীরণ। ২. দেশের শিশু কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ। ৩. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়সহ সড়ক নিরাপত্তা প্রকল্প (১ম সংশোধিত)। ৪. ঢাকা কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ (১ম সংশোধিত)। ৫. গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।

  • শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

    শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে

    বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, শিল্প খাতের ক্ষতি ততই বৃদ্ধি পাবে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় জামায়াত আমির এসব কথা বলেন।

    ভিডিও বার্তায় জামায়াতের আমির বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের কারণে বহু কারখানা বন্ধ রয়েছে এবং দু-এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

    গাজীপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গতকাল গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

    তৈরি পোশাক খাতকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এই খাতে বড় কোনো বিপর্যয় ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সরকার দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করেছিলেন।

    জামায়াত আমির বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে জীবনধারণ করা শ্রমিকদের জন্য অসম্ভব। তাদের দাবি বিবেচনা করে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল, যা সরকার এখনো করতে পারেনি। শিল্প বাঁচলে দেশ বাঁচবে কথাটি যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে—এই বাস্তবতাও মনে রাখতে হবে।

    জামায়াতের আমির বলেন, এই শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার ক্ষেত্রে সরকার যেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই খাতের ক্ষতি ততই বৃদ্ধি পাবে। এই ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের অপব্যবহার করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে।

    আন্দোলনরত শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে জামায়াতের আমির বলেন, আপনারা নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলেই আপনারা বেঁচে থাকবেন।

    একই সঙ্গে মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন। তাহলে সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়ে যাবে।

    বক্তব্যের শেষে নিহত শ্রমিক তৌফিকের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শফিকুর রহমান। তিনি বলেন, সবাই ভালো থাকবেন। তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরও কথা হবে, আরও দেখা হবে।

  • ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

    ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

    ২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় কার্যকর সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।

    গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

    পরে সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

    মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে।

    সাধারণ ছুটি ১৫ দিন

    জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট ৪ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

    নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন

    বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট ৩ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

    ঐচ্ছিক ছুটি

    ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির তালিকা

    শবে বরাত: ২৪ জানুয়ারি (রোববার)

    একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস): ২১ ফেব্রুয়ারি (রোববার)

    জুমাতুল বিদা: ৫ মার্চ (শুক্রবার)

    শবে কদর: ৭ মার্চ (রোববার)

    ঈদুল ফিতর: ১০ মার্চ (বুধবার)

    ঈদুল ফিতর (দ্বিতীয় দিন): ১১ মার্চ (বৃহস্পতিবার)

    ঈদুল ফিতর (তৃতীয় দিন): ১২ মার্চ (শুক্রবার)

    স্বাধীনতা দিবস: ২৬ মার্চ (শুক্রবার)

    বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ): ১৪ এপ্রিল (বুধবার)

    মে দিবস: ১ মে (শনিবার)

    ঈদুল আজহা: ১৭ মে (সোমবার)

    ঈদুল আজহা (দ্বিতীয় দিন): ১৮ মে (মঙ্গলবার)

    ঈদুল আজহা (তৃতীয় দিন): ১৯ মে (বুধবার)

    বুদ্ধ পূর্ণিমা: ২০ মে (বৃহস্পতিবার)

    আশুরা: ১৬ জুন (বুধবার)

    জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (বৃহস্পতিবার)

    ঈদে মিলাদুন্নবী: ১৫ আগস্ট (রোববার)

    জন্মাষ্টমী: ২৫ আগস্ট (বুধবার)

    দুর্গাপূজা: ৮ অক্টোবর (শুক্রবার)

    দুর্গাপূজা (দ্বিতীয় দিন): ৯ অক্টোবর (শনিবার)

    বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)

    বড়দিন: ২৫ ডিসেম্বর (শনিবার)

    ( সুত্র: দৈনিক যুগান্তর )

  • হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

    হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

    তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে কোন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে কিংবা আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে—তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি। ফলে আটকের সঙ্গে কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগের সম্পর্ক রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    সাংবাদিকতা ও রাজনৈতিক পরিচয়

    ইকবাল সোবহান চৌধুরী দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের একজন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালে দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু হয়। পরে তিনি পত্রিকাটির সম্পাদক হন। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

    তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি অংশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গণমাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

    শেখ হাসিনা সরকারের তথ্য উপদেষ্টা

    আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। ২০১৩ সালে তাকে শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২০ নভেম্বর তাকে প্রধানমন্ত্রীর সম্মানী ও খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।

    সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি।

    সাগর-রুনি হত্যা তদন্তে জিজ্ঞাসাবাদ

    সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তেও একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলাটির তদন্তে গঠিত টাস্কফোর্স পিবিআই কার্যালয়ে ডেকে তার বক্তব্য নেয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে তার বক্তব্য রেকর্ড করা হয়।

    ওই সময় টাস্কফোর্সের প্রধান ও পিবিআইপ্রধান মোস্তফা কামাল জানিয়েছিলেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সময়ে যেসব বক্তব্য দিয়েছিলেন, সেসব বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। তবে ওই জিজ্ঞাসাবাদকে বর্তমান আটকের কারণ হিসেবে দেখানোর মতো কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

  • কুইক রেন্টালের নামে লুটপাট নয়, প্রধানমন্ত্রী চান সাশ্রয়ী বিদ্যুৎ

    কুইক রেন্টালের নামে লুটপাট নয়, প্রধানমন্ত্রী চান সাশ্রয়ী বিদ্যুৎ

    কুইক রেন্টালের নামে লুটপাট না করে সাশ্রয়ী পন্থায় দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তির বিষয়ে সরকার সচেতন। এ সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও জ্বালানিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে।

    মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং দ্রুত সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মতো বিষয়গুলো নিয়ে সরকার একযোগে কাজ করছে।

    তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

    নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

    তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষের এ উদ্যোগ বাস্তবায়নে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

    উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারাই এ উদ্যোগের মূল চালিকাশক্তি। সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।’

    তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়েন, তা নিশ্চিত করতে চায় সরকার। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনাময় খাত নয়, বরং অনিবার্য বাস্তবতা।

    দেশে উদ্ভাবনী ধারণা ও জ্ঞানের প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে কয়েকজন তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে পুরস্কৃত হয়েছেন। আগামীর বাংলাদেশে এ ধরনের জ্ঞান ও উদ্ভাবনের প্রতিযোগিতা চলতে থাকবে। একটি উদ্ভাবনী ধারণা দেশের জন্য যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

    তারেক রহমান বলেন, ‘অর্থের অভাবে যাতে তারুণ্যের কোনো উদ্ভাবনী ধারণা হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করতে চলতি বাজেটে স্টার্টআপের জন্য বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

    আমদানিনির্ভরতার কারণে জ্বালানি সংকট

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সংকট মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।

    তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি যথাসম্ভব স্বাভাবিক রাখতে ২০২৫-২৬ অর্থবছরে সরকার বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

    তারেক রহমান বলেন, চলতি অর্থবছরেও বিদ্যুতের প্রায় সমপরিমাণ চাহিদা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ডিজেলের মজুত বাড়িয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লার সরবরাহ ও মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

    বিগত সরকারগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থতা বা ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা করে সময়ক্ষেপণের পরিবর্তে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা পূরণ ও বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    গ্রীষ্মের আগে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা

    তারেক রহমান বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে সরকার ইতিমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ প্রণয়ন করেছে। এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন নীতিসহায়তা, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

    সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে চায় সরকার।

    তিনি জানান, নেট মিটারিং ব্যবস্থার আওতায় স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে নিজস্ব ব্যবহার শেষে যারা বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন, তাদের কাছ থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার। এর সঙ্গে প্রণোদনাও দেওয়া হবে।

    তারেক রহমান বলেন, ইতিমধ্যে অনেক সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ এগিয়ে চলছে। নিজের বাসায়ও সৌর প্যানেল স্থাপন করেছেন তিনি। সেখান থেকে ব্যবহারের পর অতিরিক্ত কিছু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পেরেছেন।

    তিনি বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের পাশাপাশি যন্ত্রপাতির দাম কমানো হচ্ছে। জনগণের বিদ্যুৎ ব্যবহারের খরচ কমানোও সরকারের অগ্রাধিকার।

    সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণে গুরুত্ব

    সৌরবিদ্যুৎ খাতের সেবাদাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পর সেটি ঠিকমতো কাজ করছে কি না, নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং গ্রাহকেরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সেদিকে নজর রাখতে হবে।

    বিদ্যুৎ বিতরণ সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

    কৃষিতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষকদের সেচের জন্য সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচ পাম্পকে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে, পরিবেশ সুরক্ষিত থাকবে এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সাশ্রয় হবে।

    প্রধানমন্ত্রী বলেন, জনগণের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সরকারের দায়িত্ব। অন্যদিকে বিদ্যুতের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার জনগণের দায়িত্ব। এ জন্য দিনের বেলায় যথাসম্ভব প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহারের পাশাপাশি বাসাবাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনে বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

    সৌরবিদ্যুতে বিনিয়োগে প্রবাসীদেরও সুযোগ

    বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নয়ন সহযোগীদের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু বড় প্রকল্প নয়, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে। এ খাতে প্রবাসী বাংলাদেশিদেরও সহজে বিনিয়োগের সুযোগ রয়েছে।

    তিনি বলেন, সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সূর্যের আলোকে দেশের সম্পদে পরিণত করি। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।’

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি। এর আগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

    এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

    এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।