জাতীয়

  • গোপালগঞ্জে এসপিকে বদলির পর ডিসি প্রত্যাহার

    গোপালগঞ্জে এসপিকে বদলির পর ডিসি প্রত্যাহার

    গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলির পর এবার জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

    এরআগে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

    আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

    বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জের বিভিন্ন সড়কে মিছিল, বিএনপির অফিসে অগ্নিসংযোগ, প্রধান

  • ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে’ বলা এসপি রিমান্ডে, রাষ্ট্রদ্রোহ মামলা

    ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে’ বলা এসপি রিমান্ডে, রাষ্ট্রদ্রোহ মামলা

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    আজ রোববার (১৫নভেম্বর) বিকেলের দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

    মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (সিআরইউ)। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

    চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পাঁচলাইশ থানায় মামলাটি হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

    পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    আজ সকালে এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি) জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে।

    সেগুলো হলো- ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।

    এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

    উল্লেখ্য, জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

  • লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, ভাঙচুর

    লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, ভাঙচুর

    লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন তারা।

    রোববার (১৫ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

    অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

    এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করেন। মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে সমবেত হয়। সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের কারণে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

    পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে নেতাকর্মীরা দলীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে দেন তারা।

    এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে দিয়ে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার সেখানে টাঙিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলকও ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।

    পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের এপিসিতেও স্লোগান লিখে দেন।

    বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। অন্যদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি।

    এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

  • শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই।

    তিনি বলেছেন, আইন অনুযায়ীই বিচার সম্পন্ন হয়েছে; কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার সুযোগ নেই।

    রবিবার (১৫নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

    জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে ফেরত দিতে সম্প্রতি বিবিসি বাংলাকে দুটি শর্তের কথা জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া শর্ত দুটির মধ্যে রয়েছে–মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করা।

    ভারতের এমন শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।

    চিফ প্রসিকিউটর আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানি করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল। আগামী বুধবার যশোর জেলা থেকে এই গণশুনানি কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমে জুলাই শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

    এদিকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই বিচারকাজ শুরু হলো। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।

    এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পেছায়।

    সাক্ষ্যগ্রহণ উপলক্ষে আজ সকালে এ মামলায় গ্রেফতার থাকা এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলামসহ পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর ১৭ আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন রয়েছেন।

    প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

  • গোপালগঞ্জের এসপিকে ফেনী, ফেনীর এসপিকে গোপালগঞ্জে বদলি

    গোপালগঞ্জের এসপিকে ফেনী, ফেনীর এসপিকে গোপালগঞ্জে বদলি

    গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

    রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ভয় ও আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

    তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি।

    এর আগে, গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

  • যশোরে খেজুর গুড়ের মৌসুম শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

    যশোরে খেজুর গুড়ের মৌসুম শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

    যশোরের ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলাটিতে অন্তত ১০০ কোটি টাকার খেজুরের রস ও গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে গাছ থেকে রস সংগ্রহ, গুড় তৈরি ও বিপণন ঘিরে প্রায় ৩০ হাজার নারী-পুরুষের মৌসুমি কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরে খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো।

    তবে বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদন এবং তা থেকে চিনি তৈরির প্রচলন শুরু হয় ১৭৯০ সালের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে খেজুর গুড় থেকে উৎপাদিত চিনি ইউরোপে রপ্তানি শুরু করে।

    সে সময় ব্রিটিশ ব্যবসায়ী মিস্টার নিউ হাউজ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুরে ভৈরব ও কপোতাক্ষ নদের সংযোগস্থলে একটি বড় চিনিকল স্থাপন করেন। এখনো সেখানে নদীর পাড়ে চিনিকলের ধ্বংসাবশেষ রয়েছে।

    ১৮৬০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত খেজুর গুড় থেকে চিনি উৎপাদন ও রপ্তানির স্বর্ণযুগ ছিল। এ সময় চৌগাছার চিনিকলে উৎপাদিত চিনি কলকাতা বন্দর দিয়ে ইউরোপে রপ্তানি করা হতো।

    তবে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি তৈরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে হারিয়ে যেতে থাকে এ অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প। বর্তমানে আখের উৎপাদন কমে যাওয়া এবং খেজুর গুড়ের চাহিদা বাড়ায় আবারও এ পণ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে খেজুর গুড়ের চাহিদা বাড়ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    খেজুর গুড়ের উৎপাদন বাড়াতে গাছিদের গাছ কাটার সরঞ্জাম দেওয়া, বিনামূল্যে প্রশিক্ষণ, খেজুরের চারা বিতরণ এবং অনলাইনে গুড় বিক্রির জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।

    যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রধানমন্ত্রী যশোরের খেজুর গুড় উৎপাদনের বিষয়ে খোঁজখবর রাখছেন। কৃষিমন্ত্রী চৌগাছা উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। চলতি মৌসুম থেকে খেজুর গুড় বিদেশে রপ্তানির বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে।

    তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।

    কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, খেজুর গুড় যশোর জেলার একটি জিআই পণ্য। শীত মৌসুমে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। মধ্যপ্রাচ্যে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সরকার গুড় রপ্তানির উদ্যোগ নিচ্ছে। বিদেশে রপ্তানি করা সম্ভব হলে গাছিরা আরও বেশি লাভবান হবেন।

    চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের গুড় উৎপাদনকারী গাছি মিজানুর রহমান বলেন, শীতকাল তার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে। এ সময় রস ও গুড় বিক্রি করে সংসারের খরচ মেটানোর পাশাপাশি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন।

    তিনি জানান, বিশেষ পদ্ধতিতে পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করেন তিনি। বাজারে প্রতি কেজি এ গুড় ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। এই গুড় বিদেশে রপ্তানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

    চলতি মৌসুমে নতুন গাছি হিসেবে কাজ শুরু করেছেন জামলতা গ্রামের শিমুর সরদার। তিনি বলেন, এ বছর প্রায় ৮০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন। মৌসুমের শুরুতেই গুড় ও পাটালির ভালো অর্ডার পাচ্ছেন। এতে ভালো আয়ের আশা করছেন তিনি।

    সিংহঝুলি গ্রামের গাছি রবিউল ইসলাম খান বলেন, খেজুরগাছ একটি লাভজনক কৃষিসম্পদ। এ গাছের পরিচর্যায় তেমন খরচ হয় না। অথচ একটি গাছ থেকে প্রতি মৌসুমে অন্তত ৩ হাজার টাকার রস ও গুড় পাওয়া সম্ভব।

    স্নাতক পাস করা এই গাছি আরও বলেন, সরকার বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে শিল্প হিসেবে বিবেচনা করে সঠিক পরিকল্পনা নিলে চিনি আমদানিতে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব।

    চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা আতাউর রহমান বলেন, তিনি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। কয়েক বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো শীত মৌসুমে এ ব্যবসা থেকে ভালো আয় হয়।

    চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ-বিদেশে এ পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে প্রতি বছর গুড় মেলার আয়োজন করা হয়।

    চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। একটি গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। এই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব।

    তিনি বলেন, এ হিসাবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হয়। আর পুরো যশোর জেলায় চলতি মৌসুমে অন্তত ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

    খেজুর গুড়কে যশোরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনের সঙ্গে যুক্ত ছিলেন চৌগাছা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং বর্তমানে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা। তিনি বলেন, খেজুর গুড় যশোরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ পণ্যের জিআই স্বীকৃতি অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

    তিনি আরও বলেন, এ স্বীকৃতি যশোরের ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি খেজুরগাছি ও গুড় উৎপাদনকারীদের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াবে। এই ঐতিহ্য সংরক্ষণ, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানো এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত।

    খেজুর গুড়ের চাহিদা বাড়ার বিষয়ে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, চিনির তুলনায় খেজুর গুড়ে বিভিন্ন খনিজ উপাদান ও আয়রন রয়েছে। এতে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরিতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে খেজুর গুড়েও শর্করা থাকে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

  • নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

    নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

    কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

    আজ বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

    পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

    মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। এদিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা।

    নুসরাতের বাড়িতেএজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

    স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

  • বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব

    বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন- আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবুও, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। “সবার আগে বাংলাদেশ” এই দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে।

    আমাদের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

    জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর ২০২৬ এসব কথা বলেন। এসময় তিনি কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়াকেও ধন্যবাদ জানান।

    তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিশেষ কর প্রণোদনার সহায়তায় আমরা ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।

    তিনি বলেন, বাংলাদেশ সরকার সবুজ শিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০টি লিড -সার্টিফাইড তৈরি পোশাক কারখানা। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। আমরা পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটাচ্ছি। এছাড়া, আমরা কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করছি।

    সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য, আমরা পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন করছি, যার উদ্দেশ্য হলো জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। এছাড়াও, আমরা উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করছি, যাতে জনগোষ্ঠীকে রক্ষা করা যায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সাথে, ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয় যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।

    ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’- এই নীতির পথ ধরে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে:

    প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেইসাথে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

    দ্বিতীয়ত, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

    তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।

    চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।

    পঞ্চমত, কপ ৩১ -এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

    আমাদের অবশ্যই এটিও নিশ্চিত করতে হবে যে, নারী ও তরুনরা যেন জলবায়ু কার্যক্রমে অংশ নেয়। আমাদের অবশ্যই মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১.৫ ডিগ্রী সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে। আমরা আশা করি এই সম্মেলন অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাভিলাষী ফলাফল দেবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য। আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসাথে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

  • হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

    হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের জন্য আবেদন করার খবর প্রকাশের পরের দিন তিনি এ কথা বলেন তিনি।

    আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল আইনে বলা আছে, রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।

    গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে আইনে। রায়ে বলা আছে, ৩০ দিন পর আপিল গ্রহণযোগ্য হবে না।

    এই মামলায় শুরু থেকে পলাতক আছেন ২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। সর্বশেষ তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদনের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা চলছে।

    আজকের ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশে আসলে আইনি লড়াইয়ের সুযোগ পাবেন কি না? এর জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘উনি আইনগত সুযোগ পাবেন কি পাবেন না; কী প্রক্রিয়ায় তিনি আইনগত সুযোগ নেবেন কি নেবেন না;… যদি বাংলাদেশে তাঁকে পাওয়া যায় তখন সেটি ফয়সালা হবে।’

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

    তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শুনানি ছাড়া ফাঁসি কার্যকর হবে কি না, সে প্রশ্ন অনেকে তোলেন উল্লেখ করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন আমিনুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন তিনজন। এই তিনজন বিচারকের যোগ্যতা হচ্ছে—তাঁরা হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতাসম্পন্ন অথবা হাইকোর্টের বিচারপতি অথবা হাইকোর্টের বিচারপতি ছিলেন। দেশে যদি কোনো হত্যা মামলার বিচার হয়, সেখানে কিন্তু দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ সে মামলার বিচার করে মৃত্যুদণ্ডের রায় দিতে পারেন। সেখানে আইনের বিধান হচ্ছে, সেই রায় হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়। এটার অর্থ হচ্ছে যে হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করা হয়। তাঁদের কনফরমেশন সাপেক্ষে সেই রায় কার্যকর হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই দণ্ড কার্যকরের ক্ষেত্রে কিন্তু ওই শর্ত নেই।

    শেখ হাসিনাফাইল ছবি

    চিফ প্রসিকিউটর বলেন, এই শর্ত না থাকার কারণ হলো ট্রাইব্যুনাল হাইকোর্টের সমমর্যাদা সম্পন্ন। শুধু সমমর্যাদা সম্পন্ন নয়, হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করা হয়, ট্রাইব্যুনালে তিনজন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ। হাইকোর্টের চেয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ বড়। সেই ট্রাইব্যুনালে যখন বিচার হয়, তখন কিন্তু হাইকোর্টে আপিল হয় না। সেই আপিল সরাসরি দায়ের হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। শুধু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একমাত্র ট্রাইব্যুনালের কোনো রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করতে হয়।

    এ প্রসঙ্গে আমিনুল ইসলাম আরও বলেন, যাঁরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেন যে মৃত্যুদণ্ড হলেই কার্যকর করা যাবে না, সেটির ওপর শুনানি লাগবে, এটা-সেটা; ট্রাইব্যুনাল আইনটা হচ্ছে বিশেষ আইন। বিশেষ আইনের বেলায় ‘দ্য লিমিটেশন অ্যাক্ট’ প্রযোজ্য নয়। তা যদি না হয়, ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, ৩০ দিন পরে আর আপিল হবে না। মানে শেখ হাসিনার আপিলই অ্যাডমিট (গ্রহণ) হবে না। অতএব, ট্রাইব্যুনাল আইন বিশ্লেষণ করে বলতে চান, বর্তমানে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।

    তাহলে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আযাদ কীভাবে আপিল করলেন, সে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আবুল কালাম আযাদ আউট অব টাইম (নির্ধারিত সময়ের পর) আপিল করেছেন। সেটি যেহেতু আদালতে বিচারধীন, এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছেন না আপাতত।

  • সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

    সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

    দেশজুড়ে অব্যাহত নাশকতা, বোমাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে কঠোর বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিরোধী দল হিসেবে তারা কোনো ব্যর্থতার দায় নেবে না; সরকার দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না।

    মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশকালে তিনি এসব কথা বলেন।

    বক্তব্যের শুরুতে দেশের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, মারতে মারতে এখন আর্মি গল্ফ ক্লাবেও ককটেল বিস্ফোরণ ঘটছে। এসবির সদর দপ্তরের সামনে, থানার গেটে বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল ফুটেছে এবং আজকেও সেখানে দুজন আহত হয়েছে।

    এছাড়াও পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে তরুণ সেনাসদস্যের শাহাদাত, সাজেক ভ্যালিতে অস্থিতিশীলতা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি-বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার চিত্র তুলে ধরেন তিনি।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ স্তরে স্তরে বাহিনী থাকা সত্ত্বেও এতগুলো নাশকতার পর অপরাধীদের গ্রেপ্তারের কোনো হদিস মিলছে না। কয়েকজনকে জনগণ ধরে দিলেও বাহিনীগুলো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। তিনি অভিযোগ করেন, স্পষ্টত আইন শৃঙ্খলার দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজ থেকে কোনো বিবৃতি দেননি। দেশের এই পরিস্থিতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে এ বিষয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপনের জোর দাবি জানান তিনি।

    সরকারি দলের একজন অনির্বাচিত প্রতিমন্ত্রীর আচরণ তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর সুরে কথা বলা হয়েছে। অন্যদিকে একটি গোয়েন্দা সংস্থা থেকে বিরোধী দলের সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যের কি এই অধিকার আছে? আমরা কি আবার সাড়ে ১৫ বছরের সেই পুরোনো অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?

    ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সন্তানদের রক্ত এখনো আমাদের চোখের সামনে তাজা। এই ভাসমান রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না।

    তিনি স্পষ্ট করেন, বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সরকার যদি দায়িত্ব পালন করতে না পারে, তবে দায় বিরোধী দল নেবে না। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে। তবে সংকট উত্তরণে সরকার চাইলে বিরোধী দল আন্তরিকভাবে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।