সরকারি দলের সংসদ সদস্যদের আসনে বিশেষ বরাদ্দ দেওয়ায় বৈষম্যের অভিযোগ করেছে বিরোধী দল। এর জবাবে সরকারি দল জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের চিঠি পৌঁছে দেওয়া হবে। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের প্রশ্নের পর এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত ১২ অক্টোবর সরকারি দলের ২০৩ এমপির আসনে বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে এমপিদের অভিপ্রায়ের প্রকল্প গ্রহণে ৫১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। ইউনিয়ন পরিষদ পরিবহন সহায়তা থেকে আরও ৩২৯ কোটি টাকা দেওয়া হয় সরকারির দলের এমপিদের আসনভুক্ত ইউনিয়ন পরিষদগুলোতে।
এ সংবাদ প্রকাশের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামী এবং এনসিপির এমপিরা সরকারের সমালোচনা করেন। সোমবার সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, শুধু সরকারি দলের এমপিদের আসনে বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের এমপিদের ইউনিয়ন পরিষদগুলোতে কি উন্নয়নের প্রয়োজন নেই?
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার উন্নয়নে বৈষম্য করছে না। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (আজ) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।
চতুর্থ অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার।
প্রথম দিনের বৈঠকে সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী, মুহম্মদ শফিকুর রহমান, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, আব্দুল হাই এবং সাবেক গণপরিষদ সদস্য আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনায় সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন– মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
