কুষ্টিয়া জেলা কারাগারে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ও বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের মূল ফটক ও পূর্ব পাশের বাউন্ডারি ওয়াল লক্ষ্য করে এসব ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
দু’টি বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও জেলা কারাগারের মতো স্পর্শকাতর স্থাপনায় পরপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একইসাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের পূর্ব প্রান্তের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি কারারক্ষীদের ব্যারাকের কাছাকাছি গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন কারাগারের বাউন্ডারি ওয়ালের বাইরে জড়ো হন। তারা বিস্ফোরণের পর ধোঁয়া উঠতেও দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে একইদিন ভোর ৫টার দিকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে প্রথম দফা ককটেল হামলা চালানো হয়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত কারাগারের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরিত হয় ককটেলটি।
চাঞ্চল্যকর বিষয় হলো— হামলাকারীরা নিজেরাই এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে হামলার দৃশ্য নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
পরপর দুই দফা হামলার পর কারাগারের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে দিনের আলোয় বিকেলে কারাগারের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে দ্বিতীয় দফা ককটেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, দু’টি বিস্ফোরণের ঘটনাই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
জেলা কারাগারের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি স্থাপনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই দফা ককটেল হামলার ঘটনা কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কারা কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
