মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, শিশুর দায়িত্বে সমাজসেবা

প্রতিবেদন:

·

, , , , ,

ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী ছেলে সন্তান প্রসব করেছেন। মা ও নবজাতকের অসুস্থতার খবর পেয়ে তাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও পুলিশ। বর্তমানে নবজাতক শিশুটিকে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। অন্যদিকে, প্রসূতি মাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা মা ও নবজাতকের অসুস্থতার বিষয়টি ইউএনও প্রতীক কুমার কুন্ডুকে জানান। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় ঘটনাস্থলে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানার কয়েকজন পুলিশ সদস্য।

স্থানীয়দের সহযোগিতায় নবজাতক শিশুটিকে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেয়া হয়। পাশাপাশি প্রসূতি মাকে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করা হয়।

নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তান প্রসবের খবর পেয়ে ইউএনওর নির্দেশনায় আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় নবজাতক শিশুটিকে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেয়া হয়েছে। একই সাথে প্রসূতি মায়ের চিকিৎসা নিশ্চিত করতে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নবজাতককে বরিশালের আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে পাঠানো হবে। কেউ শিশুটির আইনগত অভিভাবক হতে আগ্রহী হলে তাকে ঝালকাঠি শিশু আদালতে আবেদন করতে হবে। আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী অভিভাবকত্ব নেয়ার সুযোগ রয়েছে।’