ফেনীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ; সবার জন্য বাংলাদেশ, সঙ্ঘাত নয়; শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) ফেনীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দেশের ছয়টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়করা যোগ দেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।
অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপপরিচালক মো: জাকির হোসেন।
দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।
বক্তারা বলেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্র ভালো থাকতে হয়। তাই সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে। এই আয়োজনটা করার জন্য তরুণদের দায়িত্ব নিতে হবে। প্রস্তুতি নিতে হবে।
তারা বলেন, যাদের কথা আমার সাথে মেলে তার কথা আমাদের ভালো লাগে, আর যাদের কথা আমাদের সাথে মেলে না, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই হওয়া যাবে না। দেশের সকল মত ও পথের সকল মানুষের কথা শুনতে হবে। সবার কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর হয়ে যাবে।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান, ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ।
অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
