লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ইমন হোসেন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরগঞ্জ-মণ্ডলতলী সড়কের পাশে গ্রামীণ ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইমনের সাথে থাকা দু’জন পালিয়ে যান।
আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।
গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো: আব্দুর রহমান বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।’
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
