গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামে এক হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের বাগানের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিহাব ওই গ্রামের সৈয়দ ও জেসমিন দম্পতির ছেলে। তিনি হাফেজ ছিলেন। তার ঘাড়ে ব্যাগ, পরনে পাঞ্জাবি-পায়জামা এবং গলায় লাল ওড়না পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিহাব মিয়া নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
