গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এতে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শ্রমিকেরা ভোগড়া বাইপাস ও চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কোথাও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।বেলা পৌনে ১২টার দিকে ভোগড়া বাইপাস ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকেরা অবরোধ করেছিলেন। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয়। পরে মৌচাকের তেলিরচালা এলাকায়ও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এসব এলাকায় পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে মঙ্গলবারও গাজীপুরের ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।