‘সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হতে হবে প্রমাণের ভিত্তিতে’-পাকিস্তান

প্রতিবেদন:

·

, ,

পাকিস্তান ও ভারতের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে যেকোনো আলোচনা অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। দুই দেশের পক্ষ থেকে প্রমাণ উপস্থাপন ও তা যাচাইয়ের জন্য দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় ফোরাম ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামের ফাঁকে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুসাদ্দিক মালিক।

তিনি বলেন, উসকানিমূলক পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধান চায় পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। তিনি বলেন, যখনই এ বিষয়ে আলোচনা হবে, তা প্রমাণের ভিত্তিতেই হবে এবং অবশ্যই আলোচনা হবে। এ সময় তিনি জানান, দ্বিপক্ষীয় আলোচনা কিংবা বহুপক্ষীয় কোনো ফোরামের মাধ্যমে প্রমাণ উপস্থাপনের প্রস্তাব পাকিস্তান বারবার দিয়ে আসছে।

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, দুই দেশেরই উচিত নিজেদের কাছে থাকা প্রমাণ সামনে আনা এবং স্বচ্ছতার সঙ্গে সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসা। তিনি বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানে হাজার হাজার মানুষ উগ্রবাদ ও সন্ত্রাসবাদের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মুসাদ্দিক মালিক বলেন, আমাদের দেশে প্রতিদিনই মানুষ শহীদ হচ্ছেন। তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হামলার পেছনে থাকা নেটওয়ার্কগুলোর সন্ধান বের করাই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য। তিনি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে কারও যদি সবচেয়ে বেশি স্বার্থ জড়িত থাকে, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বার্থ আমাদেরই। সন্ত্রাসবাদ মোকাবিলা ও এর অবসানে আঞ্চলিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।

মুসাদ্দিক মালিক আরও বলেন, অনেক সময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও পরে সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয় না। ফলে এ ধরনের আলোচনা থেকে কার্যকর কোনো ফল পাওয়া যায় না। তাই সন্ত্রাসবাদ নিয়ে আলোচনাকে ফলপ্রসূ করতে হলে অভিযোগের পাশাপাশি প্রমাণও সামনে আনতে হবে।