ভারতের সঙ্গে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। সময় আছে মাত্র কয়েক সপ্তাহ, অথচ চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনার সূচি চূড়ান্ত হয়নি। এমন অনিশ্চয়তার মধ্যেই আসন্ন চুক্তিতে যেকোনো পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম পানি পাওয়ার আইনি নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবি জোরালোভাবে সামনে এনেছে বাংলাদেশ।
কূটনৈতিক তৎপরতা ও বর্তমান অবস্থা
পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তি নবায়নের প্রস্তুতি নিতে গত জুন মাসেই উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করে ঢাকা। এরপর আগস্ট ও সর্বশেষ চলতি নভেম্বর মাসে ভারতের কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, ১২ ডিসেম্বরের আগেই চুক্তি নবায়নের কাজ সম্পন্ন করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা।’
যৌথ নদী কমিশন (জেআরসি) সূত্র জানায়, নিয়মিত কারিগরি পর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকলেও চুক্তি নবায়নের মতো বড় সিদ্ধান্ত নিতে হলে দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের সম্মতি প্রয়োজন। দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আলোচনার দিনক্ষণ না জানানোয় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
কী চাইছে বাংলাদেশ
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত বর্তমান চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিন পরপর চক্রাকারে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি ভাগ হয়। কিন্তু গত ৩০ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, উজানে পানিপ্রবাহ কমে গেলে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়। তাই পুরোনো চুক্তি হুবহু নবায়নের বদলে বাংলাদেশ বেশ কিছু মৌলিক পরিবর্তন চাইছে।
গ্যারান্টি ক্লজ বা ন্যূনতম পানির নিশ্চয়তা: ১৯৭৭ সালের পাঁচ বছর মেয়াদি চুক্তিতে একটি শর্ত ছিল—উজানে পানিপ্রবাহ অস্বাভাবিক কমে গেলেও বাংলাদেশ তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি পাবে। ১৯৯৬ সালের চুক্তিতে সেই রক্ষাকবচ বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশ এবার সেই ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনতে চায়।
উজানে পানি প্রত্যাহারের হিসাব: নদী বিশেষজ্ঞদের মতে, গঙ্গার উজানে ভারত প্রায় ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করায় ফারাক্কা পয়েন্টেই পানির প্রবাহ কমে গেছে। এর প্রভাব পড়ছে ভাটির বাংলাদেশে।
সারা বছরের ও অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা: শুধু শুষ্ক মৌসুমের পাঁচ মাসের পানি ভাগাভাগির বদলে সারা বছরের প্রবাহ, পলি ব্যবস্থাপনা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং নেপালকে যুক্ত করে অববাহিকাভিত্তিক (বেসিন-ওয়াইজ) সহযোগিতার কাঠামো গড়ার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা: অতীতের কোনো চুক্তিতেই পানি বণ্টন নিয়ে মতবিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য স্বাধীন কোনো সালিসি (আর্বিট্রেশন) ব্যবস্থা রাখা হয়নি। নতুন চুক্তিতে সেই সুযোগ রাখার দাবি উঠেছে।
বিশেষজ্ঞদের পরামর্শ: অন্তর্বর্তী নবায়ন
দুই দেশের বর্তমান কূটনৈতিক শীতলতা ও পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণে স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ একটি নতুন চুক্তি সই হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ও পরিবেশবিদ মনজুর আহমেদ চৌধুরী এ বিষয়ে একটি গণমাধ্যমকে বলেন, ‘বর্তমান চুক্তি অপরিবর্তিতভাবে আরও ৩০ বছরের জন্য নবায়ন করলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ক্ষতি হতে পারে। তবে চুক্তিহীন অবস্থায় যাওয়া আরও বিপজ্জনক। তাই ১২ ডিসেম্বরের আগেই অন্তত তিন থেকে পাঁচ বছরের জন্য চুক্তিটি অন্তর্বর্তীকালীনভাবে নবায়ন করে নেওয়া উচিত, যাতে এই সময়ের মধ্যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে একটি পূর্ণাঙ্গ নতুন চুক্তির প্রস্তুতি নেওয়া যায়।’
সংশ্লিষ্টদের মতে, ১২ ডিসেম্বরের মধ্যে কোনো চুক্তি বা অন্তর্বর্তী সমঝোতা না হলে শুষ্ক মৌসুমে ফারাক্কা থেকে পানি ছাড়ার বিষয়ে ভারতের আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ এলাকার পাঁচ কোটির বেশি মানুষের কৃষি, সেচ ও পরিবেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে।
Read this report in English · ইংরেজি সংস্করণ