ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান—এমন দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। তবে তেহরান এই অভিযোগকে সরাসরি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানিদের এমন কিছু ‘কথাবার্তা’ বা সংকেত শনাক্ত করেছে, যা থেকে ধারণা করা হচ্ছে—প্রয়োজনে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বোমা তৈরির উপকরণ লুকিয়ে রাখা হতে পারে। তবে এই দাবির পক্ষে প্রতিবেদনে কোনো অকাট্য প্রমাণ তুলে ধরা হয়নি।
এ বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, তারা সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর কড়া নজর রাখছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডে হামলার কোনো ‘বিশ্বাসযোগ্য হুমকি’ নেই বলেও প্রশাসন আশ্বস্ত করেছে। অন্যদিকে, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এই গোয়েন্দা তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করেছে।
মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে এই খবর সামনে এল। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, যুদ্ধ বন্ধের জন্য তেহরানের সঙ্গে কোনো চুক্তির ‘প্রয়োজন নেই’। তাঁর এই বক্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর ফলে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে, যা নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
কী এই ‘ডার্টি বোমা’?
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘ডার্টি বোমা’ কোনো প্রথাগত পারমাণবিক অস্ত্র নয়। এর কারিগরি নাম ‘রেডিওলজিক্যাল ডিসপারসাল ডিভাইস’ (RDD)। এতে ডিনামাইটের মতো সাধারণ বিস্ফোরকের সঙ্গে হাসপাতাল বা শিল্পকারখানায় ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে দেওয়া হয়।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষক তালহা আবদুলরাজ্জাক আল-জাজিরাকে জানান, এই বোমায় পারমাণবিক বোমার মতো বিশাল মাশরুম মেঘ তৈরি হয় না বা শহর ধ্বংস হয় না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের তথ্যমতে, এর বিস্ফোরণে শহরের এক বা দুটি ব্লক দূষিত হতে পারে এবং বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয় কণা কয়েক বর্গমাইল ছড়িয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ডার্টি বোমায় ব্যাপক প্রাণহানির চেয়েও বড় বিপদ হলো তীব্র জনআতঙ্ক এবং তেজস্ক্রিয় দূষণের কারণে নির্দিষ্ট এলাকা দীর্ঘদিনের জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়া। এ কারণেই একে ‘গণবিধ্বংসী অস্ত্র’ না বলে ‘ব্যাপক বিপর্যয় সৃষ্টিকারী অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
