ফিলিস্তিনিদের গ্রামে বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

প্রতিবেদন:

·

, ,

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে হামলা চালিয়েছে উগ্রপন্থি ইসরাইলি বসতিস্থাপনকারীরা। রোববার ভোরে কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ ও বর্ণবাদী স্লোগান লিখে রাখে তারা। এ ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে গাজা থেকে হামাসের ইসরাইলে হামলার পর থেকে পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন প্রায় এক মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হলেও তার সামনে রয়েছে নানা রাজনৈতিক জটিলতা।

রয়টার্সের সাংবাদিকরা রামাল্লার কাছাকাছি কয়েকটি গ্রামে পুড়ে যাওয়া ফিলিস্তিনিদের গাড়ি দেখতে পেয়েছেন। দেয়ালে স্প্রে করে লেখা ‘প্রতিশোধ’ ও ‘আরবদের মৃত্যু’- এমন বর্ণবাদী স্লোগান। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আইজেনকোট হামলাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেন, যেসব উগ্রপন্থি গোষ্ঠী গাড়ি ও বাড়িঘরে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবন বিপন্ন করছে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার অতিজাতীয়তাবাদী দুই মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচের নীতির সমালোচনা করে তিনি বলেন, তাদের নীতি এ অঞ্চলকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। অথচ কর্তৃপক্ষ এখনো এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু।

তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী গিদিওন সার হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের ‘মুষ্টিমেয় উগ্রপন্থি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তাদের কর্মকাণ্ড ইসরাইলের মূল্যবোধের পরিপন্থি। এ ধরনের লোকজন জুডিয়া ও সামারিয়ার আইন মেনে চলা নাগরিকদের প্রতিনিধিত্ব করে না। বাইবেলে পশ্চিম তীরকে জুডিয়া ও সামারিয়া নামে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে অনুষ্ঠিত এলনেট সম্মেলনে সার বলেন, উগ্রপন্থিদের সহিংসতার বিরুদ্ধে আইন প্রয়োগে ইসরাইলি কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে মনে করে। এসব বসতি সম্প্রসারণের ফলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্রমেই সংকুচিত হচ্ছে। তবে ইসরাইল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির সামরিক বাহিনীও সহিংসতার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক ও আত-তাওয়ানি এলাকায় গাড়িতে আগুন দেয়া এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখার খবর ও ভিডিও পাওয়ার পর সেনা ও পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।

আইজেনকোটের বক্তব্যের জবাবে এক্সে দেয়া পোস্টে বেন গভির অভিযোগ করেন, তার এই নিন্দা আসলে আরব দলগুলোর কাছে আত্মসমর্পণের শামিল। সম্ভাব্য নতুন সরকার গঠনে এসব দলের সমর্থন প্রয়োজন হতে পারে। অন্যদিকে স্মোট্রিচ পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পক্ষে এবং অঞ্চলটি ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছেন।

ইসরাইলের পার্লামেন্টে বৃহত্তম আরব রাজনৈতিক দল জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন বলেন, এই হামলাগুলো দখলদারিত্ব আরও গভীর হওয়ার এবং এমন সরকারি নীতির সরাসরি ফল, যার অধীনে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এখন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। এ জন্য বেন গভির ও স্মোট্রিচের উৎসাহ ও সমর্থনকেও দায়ী করেন তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে অন্য কোনো পক্ষও সরকার গঠনের জন্য সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় ১০ই নভেম্বর নতুন সরকার ছাড়াই ইসরাইলের পার্লামেন্টের শপথ অনুষ্ঠিত হয়। ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ মধ্য-ডানপন্থি দল ইয়াশারের প্রধান আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

তবে এ সময়ে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে না পারলে আইজেনকোটকে পার্লামেন্টের ১২০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। কেউ সরকার গঠনে সক্ষম না হলে আগামী বছর ইসরাইলে আবারও নির্বাচন হবে।